ডোন্ট ট্রাই দিজ অ্যাট হোম!
l নায়িকা মেঘলা (বর্ষা), নায়ক অনন্তের অভিজাত অফিসকক্ষে ঢুকে এমনই টাশকি খেলেন যে, ফস করে মুখ থেকে বেরিয়ে গেল ‘ওয়াও’ শব্দটি।
সতর্কতা: হঠাৎ এ ধরনের উত্তেজনায় মানুষ ভ্যাজোভ্যাগাল শকে পড়ে জ্ঞান হারাতে পারে।
l অনন্ত একবার প্রবল দুঃখে কাতর হয়ে গিটার বাজাতে লাগলেন। গিটারে আঙুল চালানোর সঙ্গে সঙ্গে বিদ্যুতের স্পার্ক হতে লাগল।
সতর্কতা: শর্টসার্কিট হয়ে যাওয়া গিটার কিংবা অন্য কোনো বস্তু নিয়ে নাড়াচাড়া করলে ইলেকট্রিক বার্নের সম্ভাবনা প্রবল।
l ছবিতে একপর্যায়ে অনন্ত জলিল এক হাতে আস্ত একটা ট্রাক থামিয়ে ফেললেন।
সতর্কতা: আবেগের আতিশয্যে রাস্তায় নেমে এক হাতে চেপে ধরে গাড়ি থামানোর চেষ্টা না করাই ভালো। তাতে হাড়গোড়ে কম্পাউন্ড ফ্র্যাকচার হয়ে যাওয়ার আশঙ্কা প্রবল। পটল তোলাও বিচিত্র কিছু নয়।
l সিনেমার শেষ দিকে, অনন্ত তাঁর হূৎপিণ্ডটা হেঁচকা টান দিয়ে বের করে আনেন।
সতর্কতা: আপনার ভালোবাসা যতই নিঃস্বার্থ হোক, গার্লফ্রেন্ডের জন্য নিজের হূৎপিণ্ডটা টেনে বের করা বুদ্ধিমানের কাজ হবে না। আর করলেও তার পরের দায়দায়িত্ব কিন্তু চিকিৎসকেরা নেবেন না।