ডোমেইনের শেষাংশ হবে ইচ্ছামতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খর্ব হতে যাচ্ছে ‘ডট কম’, ‘ডট নেট’ কিংবা ‘ডট অর্গ’-এর একচেটিয়া আধিপত্য! ভাবছেন কেন? আরে, ওয়েবপোর্টালগুলো এখন শুধু নির্দিষ্ট কটি ঠিকানায় আবদ্ধ থাকছে না যে! একসময়ের একচেটিয়া আধিপত্য করা ডট কমের পর ডট অর্গ, ডট ইনফো, ডট গভ ইত্যাদি এলেও এবার আপনি নিজের প্রতিষ্ঠান কিংবা নিজের এলাকার নামেও কিনতে পারেন ওয়েবপোর্টাল! ধরুন, আপনার বাড়ি বাজবাড়ী। সে ক্ষেত্রে আপনি চাইলেই নিজের ওয়েব ঠিকানাটি নিতে পারবেন এভাবে ‘কাঙ্ক্ষিত নাম ডট রাজবাড়ী’। নিজের প্রতিষ্ঠানের নামেও কিনতে পারবেন ওয়েবপোর্টাল যেমন; ‘ডব্লিউডব্লিউডব্লিউ.বিজ্ঞাপন. প্রথমআলো’! আর সে কারণেই শঙ্কায় আছে জনপ্রিয়তার শীর্ষে থাকা ডট কম। ডোমেইন নামের প্রথমাংশকে ‘প্রিফিক্স’ আর শেষাংশকে ‘সাফিক্স’ বলে। ডোমেইন নামের শেষাংশকে (অর্থাৎ ডটের পরের অংশ) আপনি সহজ বাংলায় বলতে পারেন ‘ডোমেইনের শেষাংশ’। সেই শেষাংশ এখন আপনি নিজের ইচ্ছামতো কিনে নিতে পারবেন! অর্থাৎ, প্রিফিক্স হিসেবে ‘ডব্লিউডব্লিউডব্লিউ’ ঠিক রেখে সাফিক্স বদলাতে পারবেন আপনি।তবে ইন্টারনেট ঠিকানার এই নতুন যুগে ঢোকাটা এত সহজ হচ্ছে না। এরই মধ্যে বিতর্কে জড়িয়ে পড়েছে নয়া এই উদ্যোগ। এরই মধ্যে যাঁরা নিজেদের কাঙ্ক্ষিত নাম পেতে আবেদন করেছেন, তাঁদের ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আপত্তি তুলেছে অনেক দেশ, সংস্থা কিংবা ব্যক্তি। এখন পর্যন্ত যতগুলো আবেদন পড়েছে, তার মধ্যে প্রায় ২৫০টি আবেদনের বিপক্ষে এসেছে আপত্তি। তার মধ্যে ডট রোমা কিংবা ডট আফ্রিকার মতো সাফিক্স নিয়ে আপত্তি এসেছে কাঙ্ক্ষিতভাবেই। তবে আপত্তি এসেছে ডট ক্যাসিনো, ডট চ্যারিটি, ডট হেলথ, ডট সার্চ কিংবা ডট ইনসিউরেন্সের মতো নামগুলো নিয়েও।ডোমেইনের শেষাংশের এই নতুন নতুন নাম নিয়ে আপত্তি থাকলেও নাম ও ডোমেইন বরাদ্দ দেওয়ার দায়িত্বপ্রাপ্ত মার্কিন সংস্থা ‘আইক্যান’ (ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস) বলছে, ঝুটঝামেলা মিটিয়ে আগামী মে মাসের মধ্যেই কিছু ডোমেইনের নাম ছাড় করা হবে। তবে সে ক্ষেত্রে আপত্তির কথাটুকুও মাথায় রাখতে হচ্ছে আইক্যানের। কারণ, ফ্রান্সের মতো শক্তিশালী দেশ এরই মধ্যে বেশ কটি নামে আপত্তি জানিয়েছে। ফ্রান্সের দাবি, ওই প্রতিষ্ঠানগুলোর দাবি তোলা ডট হোটেল নামের ডোমেইন সাফিক্স দেওয়া হলে তারা ‘একচেটিয়া ব্যবসা’ করবে কিংবা ব্যবসায় সুবিধা নিয়ে প্রভাবিত করার সুযোগ পাবে।ফ্রান্সের আপত্তি হলো, যে প্রতিষ্ঠানগুলো ডট হোটেল নাম পাবে, তারা হোটেল ব্যবসায় একচেটিয়া সুযোগ পাবে, হোটেল ব্যবসায় যা মন্দ দিক হিসেবে দেখা দিতে পারে। কাউকেই ব্যবসায় অসামঞ্জস্যপূর্ণ সুবিধা দেওয়ার বিপক্ষে গিয়ে ফ্রান্স আপত্তি তোলে, ‘ডট হোটেল ডোমেইন বেচা যাবে না।’ একই রকম আপত্তি তুলেছে অস্ট্রেলিয়াও। তারা আমাজনের চাওয়া জাপানি নামের (যার অর্থ ফ্যাশন) নামে ওয়েব ঠিকানা না দেওয়ার অনুরোধ করেছে।সৌদি আরব ডট.পোকার, ডট.ভোদকা নাম না দেওয়ার জন্য অনুরোধ করেছে নিয়ন্ত্রক সংস্থাকে। এর বাইরেও সৌদি আরব যৌনতার কারণে ডট সেক্স, পর্নোগ্রাফির কারণে ডট ভার্জিন, ডট ডেটিং, ডট বেব ইত্যাদি নামকে না দেওয়ার জন্য আপত্তি তুলেছে। তা ছাড়া দেশটি ডট ট্যাটু, ডট ওয়াইন, ডট.ম্যাজিক নিয়েও আপত্তি করেছে।আর ডট রাগবি নিয়ে আপত্তি তুলেছে যুক্তরাজ্য। গত বছরের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আপত্তি জানানোর সুযোগ ছিল। সেই সুযোগ নিয়ে অনেকেই জানিয়ে দিয়েছেন তাঁদের আপত্তি। আর তাতে আপত্তি উঠেছে ডট বুক, ডট মুভি, ডট ওয়েদারের মতো ডোমেইন নাম নিয়েও। তবে মনে রাখতে হবে, ওই ডোমেইন নাম পেতে শুধু আবেদন করলেই চলছে না। এর জন্য আপনাকে খরচাও করতে হবে। প্রতিটি ডোমেইন নামের আবেদন করতে দিতে হবে এক লাখ ৮৫ হাজার মার্কিন ডলার। শুধু তা-ই নয়, প্রতিবছর নবায়ন করতে দিতে হবে ২৫ হাজার মার্কিন ডলার। আইক্যান কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছরের এপ্রিলে চীনের রাজধানী বেইজিংয়ে ‘গভর্নমেন্ট অ্যাডভাইজরি কমিটি’ বা ‘গ্যাক’-এর নেওয়া সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে আবেদনগুলো গৃহীত হয়েছে কিনা। তবে এর মধ্যে আবেদনকারীদের কেউ নিজের নাম প্রত্যাহার করতে চাইলে ৮০ শতাংশ টাকা ফেরত নিয়ে সরে যেতে পারবে। আর নইলে আপত্তির বিপরীতে তাদের ব্যাখ্যা দিতে হবে। যদি সেই ব্যাখ্যা ধোপে না টেকে, তাহলেই গচ্চা। আর টিকে গেলে পেয়ে যাবে সেই ডোমেইন নাম।একাধিক ওয়েবসাইট অবলম্বনে