ড্যান মজীনার এক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্লীকবি জসীমউদ্‌দীনের জন্মভিটেয়: ‘কবর’ কবিতা পাঠ করছেন ড্যান মজীনা। পাশে স্ত্রী গ্রেস মজীনা
পল্লীকবি জসীমউদ্‌দীনের জন্মভিটেয়: ‘কবর’ কবিতা পাঠ করছেন ড্যান মজীনা। পাশে স্ত্রী গ্রেস মজীনা

সামনে ফরিদপুরের সুবিখ্যাত রসগোল্লা। ড্যান মজীনা একবার সাগ্রহে তাকালেন রসগোল্লার বাটির দিকে। ‘ডায়েট’, ‘উচ্চ ক্যালরি’ এসব ভাবনা ভাবলেন হয়তো। তারপর ‘তোমরা কি আমাকে মেরেই ফেলবে নাকি?’ বলে একগাল হেসে ঝট করে নিজের দিকে টেনে নিলেন রসগোল্লার বাটি। 

ফরিদপুর সার্কিট হাউসে সকালবেলায় নাশতার টেবিলে ড্যান মজীনা ও গ্রেস মজীনা
ফরিদপুর সার্কিট হাউসে সকালবেলায় নাশতার টেবিলে ড্যান মজীনা ও গ্রেস মজীনা

‘আমার আবার রসগোল্লা-সন্দেশ খুব পছন্দ। ফরিদপুরের রসগোল্লার কোনো তুলনা হয় না।’ বলতে বলতে রসের মধ্যে হাবুডুবু খেতে থাকা একটা রসগোল্লা মুখে পুরলেন ড্যান মজীনা।
ফরিদপুর সার্কিট হাউসে ৬ আগস্ট সকাল। একটানা বৃষ্টির উৎপাতে খানিক আগে ভেস্তে গেছে তাঁর নিয়মমাফিক পাখি দেখে দিন শুরু করার পরিকল্পনা। সকালবেলা জোর বৃষ্টি দেখে ‘তোমরা দেখছি ঢাকা থেকে বৃষ্টি নিয়ে এসেছ’ বলে মন বেজার করে ছিলেন খানিক। নাশতার টেবিলে বসতেই আবারও সেই সত্যিকার ড্যান মজীনা। স্ত্রী গ্রেসকে পাশে নিয়ে প্রাণ খুলে হাসছেন, রসিকতা করছেন। অথচ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সামনে তখন কর্মমুখর এক দিন।

গ্রামীণ নারীদের মৎস্য চাষবিষয়ক বৈঠকে
গ্রামীণ নারীদের মৎস্য চাষবিষয়ক বৈঠকে

পয়লা গন্তব্য ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট। সেখানে গিয়েই মজীনা অন্য মানুষ। নদীবিষয়ক গবেষণা কাজকর্মের মতো শক্ত বিষয়ের পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় তিনিই সবচেয়ে মেনাযোগী শ্রোতা। শোনার ফাঁকেই নদী গবেষকদের উদ্দেশে তাঁর প্রশ্নবাণ—
‘রংপুর, গাইবান্ধার মতো এলাকার নদীভাঙন ঠেকানোর ব্যাপারে আপনারা তাত্ত্বিকভাবে কী করতে পারেন? সাশ্রয়ী কোনো কৌশল কি আছে আপনাদের কাছে?’
শুধু প্রশ্ন নয়, বাংলাদেশের গবেষকদের উত্তরও মজীনা শুনলেন সমান মনোযোগ আর ধৈর্য নিয়ে।
উপস্থাপনা শেষে গেলেন গবেষণা কেন্দ্রের অন্যতম আকর্ষণ প্রধান নদ-নদীর মডেল দেখতে। দূতাবাসের বড়সড় গাড়ি নিয়ে পুরোটা পথ যাওয়ার উপায় নেই।
মজীনা অবলীলায় গাড়ি ছেড়ে নেমে গেলেন। হনহন করে হাঁটা ধরলেন বিলের দিকে। বৃষ্টিতে পিচ্ছিল রাস্তা। জায়গায় জায়গায় পানি জমে আছে। পেছনে তাল সামলাতে হিমশিম খাচ্ছেন নিরাপত্তারক্ষী আর তাঁর দপ্তরের লোকজন। সেসবে তাঁর ভ্রুক্ষেপ নেই।
ফরিদপুর চেম্বার অব কমার্স ঘুরে সোজা অম্বিকাপুর। কবি জসীমউদ্দীনের বাড়ি। ফরিদপুর সদর থেকে মিনিট দশেকের রাস্তা। যেতে যেতে দুপুর গড়িয়েছে। গাছগাছালিতে ছায়াময় হয়ে আছে বাড়িটা। আমাদের পল্লিকবির স্মৃতিময় বাড়িতে মিলল ড্যান মজীনার আরেক রূপ। জানা ছিল না, কবি জসীমউদ্দীন মজীনার প্রিয় কবিদের একজন। কবির বসতবাড়ি থেকে শুরু করে তাঁর সমাধিক্ষেত্র—সবখানে ব্যাকুল হয়ে ঘোরাঘুরি করলেন বেশ কিছুক্ষণ। ফেরার আগে কবির বাঁধানো সমাধির কাছে গিয়ে খুললেন কবিতার বই। ঝাড়া মিনিট পাঁচেক আবৃত্তি করলেন জসীমউদ্দীনের ‘কবর’ কবিতার ইংরেজি অনুবাদ। মার্কিন রাষ্ট্রদূতের চারপাশে তখন উৎসুক মানুষের ভিড়। মানুষের ভিড় বাড়ছে। ভাপসা গরমে ঘামতে ঘামতে মজীনা উদাত্ত কণ্ঠে আবৃত্তি করে চলেছেন—‘আন্ডার দ্য পমগ্রানেট ট্রিজ...’।

ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা
ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা

জসীমউদ্দীনের ‘কবর’ তাঁর প্রিয় একটি কবিতা। কেন ভালো লাগে এই কবিতা? মজীনা বলছিলেন, ‘এটা খুব খুব শক্তিশালী একটি কবিতা। কবিতাটা একই সঙ্গে বেদনা ও মমতার কথা বলে। খুব ভালো হতো, আমি যদি কবিতাটা বাংলায় পড়তে পারতাম।’
মার্কিন রাষ্ট্রদূত প্রায়ই এত জোরে হাঁটেন যে স্ত্রী গ্রেস প্রায় সময়ই স্বামীর সঙ্গে তাল মেলাতে পারেন না। কিন্তু তাঁদের দুজনের একসঙ্গে একটা ছবি তো চাই। ভয়ে ভয়ে মজীনাকে বলে ফেললাম কথাটা। শুনেই মজীনার প্রাণখোলা হাসি, ‘অবশ্যই। কেন নয়’ বলে ভালো মানুষটির মতো দাঁড়িয়ে গেলেন স্ত্রীকে পাশে নিয়ে।
ছবির জন্য পোজ দিয়েই মজীনা আবার ছুট। যাবেন ফরিদপুরে ইউএসএইড ও ওয়ার্ল্ড ফিশের মৎস্য প্রকল্প দেখতে। এখানে বলে নেওয়া যেতে পারে, ড্যান মজীনার ইচ্ছে বাংলাদেশের সব জেলা ঘুরে দেখার। ফরিদপুর তাঁর সফর তালিকায় ৫৯ নম্বর জেলা। এই বিস্তর ঘোরাঘুরির ব্যাখ্যাটা মজীনা দিয়েছিলেন দুপুরে ফরিদপুর চেম্বার অব কমার্সের আয়োজন করা সংবর্ধনা অনুষ্ঠানে গিয়ে।
‘আমি বাংলাদেশের প্রায় সব জেলা ঘুরেছি। কারণ, আমি মনে করি প্রেসিডেন্ট বারাক ওবামা আমাকে পুরো বাংলাদেশের জন্য কাজ করতে পাঠিয়েছেন। আমি গ্রাম থেকে গ্রামে যাই। আর নতুন নতুন জিনিস শিখি।’
ফরিদপুর সার্কিট হাউসে সেদিন সন্ধ্যা। মৎস্য প্রকল্প পরিদর্শন শেষে ফিরে এসেছেন মার্কিন রাষ্ট্রদূত আর তাঁর সফরসঙ্গীরা। সারা দিনের ঘোরাঘুরিতে সবাই ক্লান্ত। শুধু ড্যান মজীনা আগের মতোই সরব। মিনিট দশেকের মধ্যে পোশাক পাল্টে আবারও নেমে এসেছেন অভ্যর্থনাকক্ষে। খানিক পরে যাবেন জেলা প্রশাসকের বাড়ির নৈশভোজের নিমন্ত্রণ রক্ষা করতে। বললাম, ঢাকায় ফিরে যাচ্ছি। মজীনা হাত মেলালেন। হাসিমুখে বললেন, ‘শুধু এক বেলা না, পরের বার পুরো সফরের জন্য আসবে। শুধু ঢাকায় বসে থেকো না।’
অতঃপর ফেরার পালা। নিঝুম রাত। চারপাশে ব্যাঙ ডাকছে। গাছগাছালি আর পানিতে ডোবা বিল-ঝিল পেরিয়ে লক্কড়ঝক্কড় গাড়ি ছুটছে। মাথায় ঘুরছে মজীনার দুপুরবেলার বক্তৃতা,—‘বাংলাদেশের মাটি সবচেয়ে উর্বর। এই দেশের পানির কোনো অভাব নেই। এই দেশে চার মৌসুমে ফসল ফলে। এই দেশের মানুষ এই দেশের সবচেয়ে বড় সম্পদ। বাংলাদেশ ভবিষ্যতে ভালো করবে না তো কারা করবে?’