হিমালয়ের উদ্ভিদরাজ্যে লেখক: ড্যালটন হুকার অনুবাদ: দ্বিজেন শর্মা প্রকাশক: সাহিত্য প্রকাশপ্রচ্ছদ: অশোক কর্মকারমোকারম হোসেন যোশেফ ড্যালটন হুকারের বৃক্ষানুসন্ধানের সঙ্গে প্রথম পরিচয় নব্বইয়ের দশকের গোড়ার দিকে। স্রেফ উৎসাহবশত সতীর্থ বলয়ে ডারউইন গ্রন্থটির পৃষ্ঠা ওল্টাতে গিয়ে, সেখানে সংক্ষিপ্ত পরিসরে হুকারের কর্মকাণ্ড বিবৃত হয়েছে। হুকারের কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। হঠাৎ করে চমক দিলেন অধ্যাপক দ্বিজেন শর্মা। তিনি হুকারের সুবিশাল দুর্লভ গ্রন্থ দ্য হিমালয়ান জার্নাল মাধুর্যমণ্ডিত ভাষায় অনুবাদ করেছেন। বইটি সংগ্রহ করে পড়তে শুরু করি। ভাষা ও বর্ণনাশৈলী জাদুমন্ত্রের মতো টানতে থাকে। পড়তে গিয়ে একাধারে অনেক ধরনের স্বাদ পেতে থাকি। প্রথমে মনে হয়েছে এটি একটি ভ্রমণবৃত্তান্ত, কিন্তু বৃক্ষপ্রেমীদের কাছে মনে হতে পারে বৃক্ষকথা আবার প্রকৃতিপ্রেমীদের কাছে মনে হতে পারে প্রকৃতির অনবদ্য বর্ণনাসমৃদ্ধ একটি গ্রন্থ। আসলে তিনটিই ঠিক। যিনি যে দৃষ্টিকোণ থেকে পড়বেন, তিনি সে ধরনের স্বাদই অনুভব করবেন। এখানে অবশ্য অনুবাদকের ভূমিকাও কম নয়। কারণ, দীর্ঘ পটভূমিতে রচিত একটি উদ্ভিদতত্ত্বীয় গ্রন্থকে তিনি সুখপাঠ্য করে তুলেছেন। পড়তে গিয়ে আরেকটি কথাও মনে হয়েছে, গ্রন্থের প্রায় প্রতিটি কথাই অত্যন্ত দরকারি। আদতেও তা-ই। হুকারের হিমালয়ান জার্নাল উদ্ভিদবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ দলিল। যে কজন ব্রিটিশ অরণ্যতরু সন্ধানী আমাদের উদ্ভিদবিদ্যার ভিত রচনা করেছিলেন, হুকার তাঁদের অন্যতম।হুকার শুধু হিমালয় অঞ্চলের উদ্ভিদরাজির নমুনাই সংগ্রহ করেননি; তিনি দার্জিলিং, সিকিম, নেপাল ঘুরে ঢাকা ও সিলেট হয়ে গিয়েছিলেন শিলং, নোয়াখালী, চট্টগ্রাম ও সুন্দরবন। এ কারণে হুকারের প্রস্তুতকৃত প্রজাতি তালিকায় এ অঞ্চলের বৃক্ষরাজিও ব্যাপকভাবে স্থান পেয়েছে। সাড়ে তিন বছরের দীর্ঘ হিমালয় অভিযানে ভারতীয় উদ্ভিদ প্রজাতির এক লাখ ৫০ হাজার নমুনা তাঁর সংগ্রহে আসে। শুধু তা-ই নয়, হুকার তাঁর গ্রন্থে স্থানীয়দের জীবনধারার একটি চিত্রও তুলে ধরার চেষ্টা করেন। হুকারের এই সংগ্রহ অভিযান ছিল সত্যিকার অর্থেই শ্রমসাধ্য, ঝুঁকিপূর্ণ ও প্রায় অসম্ভব একটি কাজ। দুর্গম পাহাড়ি এলাকায় বিদেশবিভূঁইয়ে তিনি কীভাবে দীর্ঘ সময় অতিবাহিত করেন, সেটা অনেকটাই বিস্ময়কর। সারা দিন পাহাড়ে ঘোরাঘুরি করে সন্ধ্যায় রোজনামচা তৈরি করা, ছবি আঁকা, পরিকল্পনা তৈরি করা রীতিমতো দুঃসাধ্য একটি কাজ। সেই সঙ্গে আছে যেকোনো অ্যাডভেঞ্চার গল্পের খলনায়কের মতো মূর্তিমান আতঙ্ক, যা সব সময় তাড়া করে ফেরে। এসব উপেক্ষা করেই হুকার এগিয়ে চলেন। উদ্ভিদ সন্ধানের মায়াবী নেশা তাঁকে আরও উদ্যমী ও পরিশ্রমী করে তোলে। তিনি কীভাবে এই দীর্ঘ ও দুঃসাহসী কর্মযজ্ঞ পরিচালনা করেছিলেন, এবার সেদিকে দৃষ্টি দেওয়া যাক— হুকার ১৮৪৮ সালের ২৬ জানুয়ারি বর্ধমানের উদ্দেশে রওনা হন। তারপর পরেশনাথ পাহাড়, ভাগদা, ভাগলপুর, পূর্ণিয়া, শিলিগুড়ি ও কাশিয়াং হয়ে দার্জিলিং পৌঁছান ১৬ এপ্রিল। ২০ মে রংগিত পেরিয়ে টংলোয় তাঁবু ফেললেন। সফরসঙ্গী স্থানীয় কয়েকজন লেপচা। ৪ নভেম্বর হুকার এক হাজার ফুট উচ্চতায় কাঞ্চনজঙ্ঘার কাছাকাছি চলে এলেন। সর্বত্র ওকগাছের ছড়াছড়ি। অসংখ্য ধনেশ পাখি দেখলেন পাইন বনে। এ সময় কুলিরা যথেচ্ছাচার শুরু করল, সঙ্গীদের মালপত্র লুটপাট করল, তাদের সর্দারও পরিস্থিতি সামাল দিতে পারল না।ওরাই থেকে দার্জিলিং ফিরে হুকার আরেকবার সিকিমের উত্তরাঞ্চল ঘুরে আসার আয়োজনে গোটা এপ্রিল মাস কাটালেন। আট হাজার ৬৭০ ফুট উচ্চতায় দেখলেন লাউরেল, ম্যাগনোলিয়া (উদয়পদ্ম), রডোডেনড্রন। শেষ গ্রীষ্মে বৃষ্টিপাত শুরু হলে পথচলা দুঃসাধ্য হয়ে ওঠে। অচেনা বিভূঁইয়ে হুকার নানা দুশ্চিন্তায় আক্রান্ত হন। তার মধ্যে আছে খলনায়ক দেওয়ানের ষড়যন্ত্র, অক্লান্ত হুকার তবু এগিয়ে চললেন। লামতেংয়ের পথে হুকার চরম খাদ্য সংকটে পড়লেন। ‘তিব্বত সীমান্তে যাওয়ার কোনো গাইডও জোগাড় হচ্ছে না। দেওয়ান সম্ভবত কলকাঠি নাড়ছেন। হুকার ৩ জুন কজন সঙ্গী নিয়ে নিজেই পথ খুঁজতে বেরোলেন। সঙ্গে সঙ্গে এক স্থানীয় কর্মকর্তা সদলবলে পিছু নিলেন। পথ আর ফুরায় না। নিরুপায় হুকার বুঝলেন তিনি ফাঁদে পড়েছেন।’ এভাবে প্রতি মুহূর্তেই হুকারকে নানান বৈরী পরিস্থিতি সামাল দিতে হয়েছে। লাচেন উপত্যকার দুর্গম এলাকায় দেখলেন নতুন ধরনের কিছু আগাছা, ফরগেট মি-নট, কস্তুরিগন্ধি, এখানেই হুকারের কুকুর বাঙেই নামের একটি অদ্ভুত জন্তু ধরল। একটি বেতের পুল পেরিয়ে ওপারে যাওয়ার সময় দীর্ঘদিনের সঙ্গী কুকুরটি পা পিছলে নদীতে পড়ে মুহূর্তে প্রবল স্রোতে তলিয়ে গেল। হুকার বহুকাল কুকুরটিকে ভুলতে পারেননি। লা গিরিপথের তুষারমৌলি পার্বত্য এলাকায় দেখা মিলল লার্চ, ম্যাপল, চেরি ও লাউরেলের। আর ছিল বানর, শূকর, কস্তুরি হরিণ এবং নতুন জাতের একটি বুনো স্ট্রবেরি। অনেক কষ্টেশিষ্টে হুকার তিব্বত পৌঁছালেন। রাজদর্শনের কথা থাকলেও দেওয়ানের কারসাজিতে শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। অভিযানের শেষ পর্যায়ে হুকার হিমালয়ের ২৪ প্রজাতির রডোডেনড্রনের একটি তালিকা বানালেন। লাচেন উপত্যকায় একটি নতুন গাছ খুঁজে পেলেন। ভুটিয়ারা বলে লাদোমা আর লেপচারা বলে নমরচি, জন্মে সাত হাজার ফুট উঁচু শৈলশিরায়। স্মর্তব্য যে, দার্জিলিং সফরের শেষবারে নিসর্গী বন্ধু ক্যাম্বেলও তাঁর সহযাত্রী হন। দুজনে এক হাজার ৩০০ ফুট উচ্চতায় গাছপালা দেখতে যান। চুলা গিরিপথে যাওয়ার সময় একদল তিব্বতি জানান যে সীমান্তরক্ষীরা তাঁদের তিব্বতে ঢুকতে দেবে না। ক্যাম্বেল এ ব্যাপারে কথা বলতে গেলে দেওয়ানের লোকেরা তাঁকে গ্রেপ্তার করল এবং হুকারকে সাময়িক গ্রেপ্তার করে আবার ছেড়ে দিয়ে বলা হলো, তিনি যেন দার্জিলিং ফিরে যান। এভাবেই শেষ হয় হিমালয় অভিযান।হুকারের পরবর্তী গন্তব্য খাসিয়া জৈন্তা পাহাড়, সঙ্গী টমসন। সেখানকার নিসর্গশোভা হিমালয়ের মতো মোহনীয় নয়। উঁচু গাছপালার সংখ্যাই বেশি। তাঁরা চেরাপুঞ্জির ১০ মাইল এলাকা থেকে ২০০০ সপুষ্পক উদ্ভিদের নমুনা সংগ্রহ করেন, সেই সঙ্গে ১৫০ প্রজাতির ফার্ন এবং অজস্র মস, লাইকেন ও ছত্রাক। এখানেই পেলেন অন্যূন ২৫০ প্রজাতির অর্কিড। সিলেটে প্রায় এক মাসের অভিযান শেষে হুকার নদীপথে এবার চললেন নোয়াখালীতে। ১৭ ডিসেম্বর তিনি শহরে পৌঁছালেন, ১৯ ডিসেম্বর আবার চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করলেন। পৌঁছালেন ২৩ ডিসেম্বর, প্রায় ২৪ দিনের সফরে উল্লেখযোগ্য সংগ্রহ ছিল গর্জন, বাবলা, সোনাইল, নাগেশ্বর, বেত, রামডালু ও সাইকাস। অবশেষে সুন্দরবন হয়ে তাঁরা আবার কলকাতায় ফিরে গেলেন।হুকারের হিমালয় অভিযান গ্রন্থের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে উদ্ভিদরাজ্যের বিস্তারিত বর্গবিভাজন ও প্রজাতির তালিকা। বইয়ের প্রতিটি পৃষ্ঠায়ই আছে অসংখ্য উদ্ভিদের নাম ও তথ্যসংক্ষেপ। তবে এ ক্ষেত্রে স্থানীয় নাম সংযোজিত হলে আরও ভালো হতো। তবু উদ্ভিদপ্রেমীদের জন্য এটি একটি বিস্ময়কর গ্রন্থ ।