ড্যুড, বাডি কিংবা দোস্তর গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধুত্বে বাংলা মাধ্যম বা ইংরেজি মাধ্যম কোনো ​সমস্যার সৃষ্টি করে না
বন্ধুত্বে বাংলা মাধ্যম বা ইংরেজি মাধ্যম কোনো ​সমস্যার সৃষ্টি করে না

‘একে অন্যের কাছে আমরা ছিলাম এলিয়েনের মতো! গভ. ল্যাবরেটরি স্কুলের ছাত্র ছিলাম। বাসা ধানমন্ডিতে। অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সামনে দিয়ে যখন যেতাম, মনে হতো, “ইশ্! ছেলেমেয়েগুলো যে কী ভাব নেয়!” মাঝেমধ্যে আমরা বন্ধুরা ওদের দিকে তাকায় ভেংচিও কাটতাম!’ এ বক্তব্য নোমান শাহরিয়ারের। আর ওদিকে অক্সফোর্ড স্কুলের ছাত্রী আদিবা শাহরিন কী বলছেন? ‘মনে হতো বাংলা মিডিয়ামের ছেলেমেয়েগুলো নিজেদের বেশি চালাক মনে করে। আর আমাদেরকে সব সময় খারাপ ভাবে।’ ভিন্ন দুই মাধ্যমে পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই দেখা যায় এ অদ্ভুত দূরত্ব। শিক্ষাপদ্ধতি ভিন্ন বলেই একে অপরের সঙ্গে যোগাযোগের সুযোগ খুব একটা হয় না। স্কুল-কলেজ, এ লেভেল-ও লেভেল পেরোনোর পর যখন হঠাৎই এ দূরত্ব ঘুচে যায়, তখন বন্ধুত্বটাও হয় মজার। নোমান আর আদিবার কথা শুনে অন্তত তা-ই মনে হলো। দুজনই এখন ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। ঘটনাক্রমে দুজন এখন সবচেয়ে ভালো বন্ধু। সেই ‘এলিয়েন’ ধারণা আর নেই একেবারেই। তাই বলে সুযোগ পেলে একে অপরকে টিপ্পনী কাটতে ছাড়েন না।
তা কেমন টিপ্পনী? ধারণা পাওয়া গেল, ম্যাপললিফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রাক্তন ছাত্রী মাহফুজা মাসুদের কাছ থেকে। বলছিলেন, ‘আমার বাংলা মিডিয়ামে পড়া বন্ধুরা মনে করে, ইংলিশ মিডিয়ামে বোধ হয় ডিকশনারি মুখস্থ করানো হয়! আমি কোনো শব্দের ইংরেজি না পারলেই বলে, “তুই না ইংলিশ মিডিয়ামে পড়তি! আর এইটা জানিস না!” সুযোগ পেলেই কঠিন কঠিন বাংলা বলে আমার পরীক্ষা নেয়। মনে করে, আমি কিচ্ছু পারি না!’ স্রেফ পড়ার মাধ্যমটা ভিন্ন, তাই বলে কি এই দুই দলের বেড়ে ওঠার প্রক্রিয়ায় আকাশ-পাতাল ফারাক? দুই দলকে ভিন্ন সংস্কৃতিতে ফেলতে নারাজ বাংলা মাধ্যমে পড়া মোহাম্মদ হাসনাইন। বলছিলেন, ‘আগে আমিও এমনই ভাবতাম। ভাবতাম, ওরা বোধ হয় “হেই ড্যুড, হোয়াটস আপ বাডি” ছাড়া কথাই বলে না! স্কুলে পড়ার সময় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে গিয়েই আমার বেশ কিছু ইংরেজি মাধ্যমে পড়ুয়া বন্ধু হয়ে গিয়েছিল। দূরত্ব কেটে যেতে সময় লাগেনি।’ গল্প-আড্ডা-খুনসুটির ছলে একটু একটু করে অজানাগুলো জানা হয়ে যায়। কে কোন মাধ্যমে পড়ল, বন্ধুত্ব এত সব হিসাব-নিকাশের পরোয়া করে না।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল থেকে এ-লেভেল পেরোনো ছাত্রী সামিয়া আতিকের সঙ্গে কথা বলে মনে হলো, এ সম্পর্কে তাঁর ধারণা বেশ পরিষ্কার। বলছিলেন, ‘বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম কোনো ব্যাপার না। আসল কথা হলো মানুষটা কেমন। দুই মাধ্যমেই এ রকম কেউ কেউ থাকে, যাদের সঙ্গে ঠিক মেলে না। আবার কারও কারও সঙ্গে চমৎকার বন্ধুত্ব হয়।’