
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করেন। এ সময় তিনি প্রভাবশালী সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালকে এক সাক্ষাৎকার দেন। এতে পাকিস্তান-ভারত সম্পর্ক, পাকিস্তানে মার্কিন ড্রোন হামলা ও ইরানের সঙ্গে দেশটির গ্যাস পাইপলাইন প্রসঙ্গসহ অনেক বিষয় উঠে এসেছে। সেই সাক্ষাৎকারের উল্লেখযোগ্য অংশ বিষয়ভিত্তিকভাবে তুলে ধরা হলো:
পাকিস্তানি তালেবানের সঙ্গে আলোচনা...
নওয়াজ: আমরা বিরোধী দলগুলোসহ সবার সঙ্গে বসে শান্তি আলোচনার মাধ্যমে সন্ত্রাসবাদ নির্মূল করার যৌথ কৌশলের বিষয়ে একমত হতে চাই। পাকিস্তান তালেবানের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে। আমরা শান্তিপূর্ণ উপায়ে সন্ত্রাসবাদ নির্মূলে কাজ করতে চাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের ৪০ হাজার প্রাণহানি হয়েছে। সেনাসদস্য, পুলিশ, বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। তাই সন্ত্রাসবাদ দমনে সব বিকল্প ভাবতে হচ্ছে আমাদের।
পাকিস্তানে এখন সামরিক বাহিনীর ভূমিকা...
নওয়াজ: নীতিনির্ধারণের কাজ অবশ্যই সরকারের। আফগানিস্তান, ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ইস্যু নিয়ে আলোচনার জন্য আমরা সবাই একসঙ্গে বসব। পাকিস্তানের সবাই এসব সমস্যার ব্যাপারে জানে। এগুলো সমাধানের বিষয়ে কারও দ্বিমত নেই।
পরবর্তী সেনাপ্রধান নিয়োগ...
নওয়াজ: আমরা আসলে এ বিষয়টি নিয়ে এখনো আলোচনা করিনি। এখনো অনেক সময় আছে। বিষয়টি আমিই দেখছি। বর্তমান সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানিকে পুনর্নিয়োগের ব্যাপারে আমি হ্যাঁ বা না কিছুই বলছি না। যত তাড়াতাড়ি সম্ভব এ ব্যাপারে সিদ্ধান্ত নেব আমরা।
ভারতের সঙ্গে সম্পর্ক...
নওয়াজ: আমি গর্বিত যে আমার সময়ই পাকিস্তান ও ভারত সবচেয়ে কাছাকাছি এসেছিল। কয়েক দিনের মধ্যে এখানে আমি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করব। আমার কৌশল একেবারেই স্পষ্ট। পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগেও আমি ভারত বিষয়ে সেই কৌশল খুলে বলেছিলাম। আমি বলেছি, ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই, কাশ্মীরসহ অন্য সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধান চাই। পাকিস্তানের জনগণ বিপুল ভোটে আমাকে বিজয়ী করেছে। তাই আমি বলতে চাই, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি জনগণও পছন্দ করেছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক...
নওয়াজ: যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভালো আছে। তবে আমি এই সম্পর্ক আরও সুসংহত করতে চাই। আমি এর আগে যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলাম, তখনকার মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। ভালো সম্পর্কের জন্য পরস্পরের উদ্বেগের জায়গাগুলো বুঝতে হবে, পরামর্শ দিতে হবে এবং একসঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
পাকিস্তানে মার্কিন ড্রোন (মানুষবিহীন বিমান) হামলা প্রসঙ্গ...
নওয়াজ: ড্রোন হামলা প্রসঙ্গে আমরা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছি। গত আগস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির পাকিস্তান সফরের সময় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। কেরি সমস্যাটি বুঝতে পেরেছেন। ড্রোন হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ। বিশ্বের কোনো দেশই নিজের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়টি পছন্দ করবে না। আর এই ড্রোন হামলা উল্টো ফল বয়ে আনছে। হামলা যত বাড়ছে, সন্ত্রাসী তার চেয়েও বেশি বাড়ছে। হামলায় একজন নিহত হলে তার ছেলে, বাবা, ভাইয়েরা ক্ষোভ থেকে সন্ত্রাসীতে পরিণত হয়। ড্রোন হামলা অবশ্যই এড়াতে হবে।
ইরানের সঙ্গে গ্যাস পাইপলাইন স্থাপন...
নওয়াজ: গ্যাস পাইপলাইনের ব্যাপারে ইরানের সঙ্গে গত মার্চে চুক্তি করেছে পাকিস্তান। বিগত সরকার এই চুক্তি করেছে। পাকিস্তানের জরুরি ভিত্তিতে গ্যাস প্রয়োজন। আমরা বিদ্যুৎকেন্দ্র করতে চাইলে গ্যাস প্রয়োজন। তাই যেকোনো দেশ থেকে গ্যাস আমদানি করতে হতো পাকিস্তানকে। এ বিষয়টি আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করিনি। আমরা মনে করেছি, ইরানের ওপর মার্কিন বা পাশ্চাত্য অবরোধের আওতায় এটা পড়ে না।
ভাষান্তর: মাহফুজার রহমান