
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মানিকছড়ি খালের ওপর ছোট্ট একটা কাঠের নড়বড়ে সাঁকো। বর্ষায় বৃষ্টি হলে পাহাড়ি ঢলে খালের পানি বেড়ে ডুবে যায় সাঁকোটি। ওই এলাকার ১১টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ তখন খাল পার হয়ে চলাচল করতে বাধ্য হন। কৃষকেরা কৃষিপণ্য নিয়ে বাজারে যেতে পারেন না। শিক্ষার্থীদের স্কুলে যাওয়াও বন্ধ হয়ে যায়।
মানিকছড়ি সদর রেস্ট হাউস সংলগ্ন এলাকায় মানিকছড়ি খালের ওপর নির্মিত কাঠের সাঁকোটি নড়বড়ে হয়ে পড়েছে বেশ কয়েক বছর ধরে। বর্ষায় সাঁকোটি ক্ষতিগ্রস্ত হলে এলাকাবাসী নিজের টাকায় মেরামত করেন প্রতিবছর। খালের ওপর একটি পাকা সেতু নির্মাণে এলাকাবাসী দাবি জানিয়ে এলেও তা বাস্তবায়িত হচ্ছে না।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের এক শ গজ দূরে মানিকছড়ি রেস্ট হাউসের পাশেই খালের ওপর সাঁকোটির অবস্থান। গাছের খুঁটির ওপর কাঠের পাটাতন বিছিয়ে তৈরি করা হয়েছে প্রায় ৫০ ফুট দীর্ঘ এই সাঁকো। তবে অতিব্যবহারে এবং ঢলের পানির কারণে সাঁকোটি নড়বড়ে হয়ে পড়েছে। পথচারীরা উঠলে সাঁকোটি দোলে। কয়েকজন পথচারী জানান, প্রতিদিন সহস্রাধিক মানুষ এই সাঁকো পার হন। উপজেলার ৩ ও ৫ নম্বর ওয়ার্ডের মুসল্লিপাড়া, হুরু বিল, গাইডুংপাড়া, মেম্বারপাড়া, মৌলভিপাড়া, সদর গুচ্ছগ্রাম, জিয়া নগর, দূরছড়িসহ ১১টি গ্রামের মানুষজন উপজেলা সদরে যাতায়াত করেন এই নড়বড়ে সাঁকোর ওপর দিয়ে।
মেম্বারপাড়া গ্রামের কৃষক দেলোয়ার হোসেন বলেন, গত বর্ষায় সাপ্তাহিক বাজারের ঠিক আগের দিন পাহাড়ি ঢলে সাঁকোটি তলিয়ে যাওয়ায় খেতের সবজি বেচতে বাজারে যেতে পারেননি তিনি। এ কারণে সবজি ঘরেই পচে গেছে। বছরের পর বছর এভাবে চললেও মানিকছড়ি খালের ওপর একটি পাকা সেতু হচ্ছে না।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মানিকছড়ি খালে শুকনো মৌসুমে পানি কম থাকলেও বর্ষার সময় পাহাড়ি ঢলে পানি বেড়ে যায়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তখন ঝুঁকি নিয়ে এই সাঁকো দিয়ে নিয়মিত যাতায়াত করে। এ ছাড়া বর্ষার সময় কেউ অসুস্থ হয়ে পড়লে ভাঙা সাঁকোর ওপর দিয়েই তাকে হাসপাতালে নিতে হয়।
৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মংশেপ্রু মারমা বলেন, ‘সেতু না থাকায় আমাদের এলাকার মানুষজন চরম দুর্ভোগের শিকার হচ্ছে। বর্ষার সময় মানিকছড়ি খালের পানি বেড়ে গেলে অসুস্থ লোকজনকে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে দাঁড়ায়।’
মুসল্লিপাড়ার ব্যবসায়ী মো. ওমর ফারুক বলেন, একটি সেতুর কারণে এলাকাবাসীকে প্রতি বর্ষায় কষ্ট করতে হয়। বৃষ্টি বেশি হলে পাহাড়ি ঢলে সাঁকোটি খালের পানির তোড়ে ভেসে যায়। গ্রামবাসীর চাঁদায় আবার সাঁকোটি মেরামত করতে হয়।
মানিকছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুর রহমান জানান, মানিকছড়ি খালের ওপর পাকা সেতু নির্মাণের জন্য লিখিতভাবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে আবেদন করা হয়েছে। ২০ ধরে বছর জনপ্রতিনিধিরা আশ্বাস দিয়ে আসছেন, কিন্তু এখনো তার বাস্তবায়ন দেখা যায়নি।