টিআর, কাবিখা ও কাবিটার আওতায় করা মহেশখালীর কোনো উন্নয়ন প্রকল্পের অস্তিত্ব এখন নেই। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সব প্রকল্প ভাসিয়ে নিয়ে গেছে। উপজেলার শাপলাপুর ইউনিয়নের বারিয়াপাড়া পুরাতন মসজিদসংলগ্ন রাস্তা সংস্কারের জন্য কাবিখা প্রকল্পের আওতায় এক লাখ ৩১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু ভাঙা রাস্তা এখনো ভাঙাই রয়ে গেছে।ওই প্রকল্পের সভাপতি ও শাপলাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য জালাল আহমদ অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বরাদ্দের টাকায় ঠিকমতো কাজ করা হয়েছিল। কিন্তু অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কাজ স্থায়ী হয়নি।’ একই অর্থবছরে কাবিখার নগদ এক লাখ ৩১ হাজার টাকা দিয়ে মুকবেকি ছড়া খনন করা হয়। ওই ছড়াও আবার ভরাট হয়ে গেছে। এর আগেও ওই ছড়াটি বেশ কয়েকবার কাবিখা ও হতদরিদ্র কর্মসংস্থান কর্মসূচির আওতায় খনন করা হয়। প্রকল্পের সভাপতি ও উপজেলা জামায়াতের (দক্ষিণ) আমির মোহাম্মদ জাকের হোসেন দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পাহাড়ি ঢলেই ছড়াটি পুনরায় ভরাট হয়ে গেছে। এতে করার কিছু নেই।’ এ ছাড়া উপজেলার শাপলাপুর, হোয়ানক, বড়মহেশখালী, ছোটমহেশখালী ইউনিয়ন ও মহেশখালী পৌরসভায় এ রকম শতাধিক প্রকল্পের কোনো অস্থিত্ব এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিশ্বনাথ মজুমদার বলেন, ‘ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কবলে পড়ে অধিকাংশ প্রকল্পের মাটি ভেসে গেছে। এর পরও ভেঙে যাওয়া রাস্তাগুলো চলাচলের উপযোগী করতে নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।’