ঢলের বালুতে ঢেকে গেছে কৃষিজমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার আমতলী গ্রামের কৃষক আবু তাহের (৬৮) এবার নিজের জমিতে চাষাবাদ করতে পারেননি। তাঁর দেড় একর ফসলি জমি পাহাড়ি ঢলের পানির সঙ্গে ভেসে আসা বালুতে ঢেকে গেছে। জমে থাকা বালুর স্তূপ সরিয়ে চাষাবাদ করা দুরূহ ব্যাপার। তাই পেটের দায়ে এবার অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করছেন। কেবল আবু তাহের নন, উপজেলার আরও বহু কৃষক এবার বালুর কারণে আমনের চাষ করছেন না। কয়েক বছর ধরে এমন সমস্যার মুখোমুখি হচ্ছেন এলাকার কৃষকেরা। মনখালী, আমতলীসহ আরও ১০-১৫টি গ্রামের অর্ধশতাধিক কৃষক জানান, ফসলি জমিতে বালুর স্তর পড়ায় এবার তাঁরা আমনের চাষ করতে পারবেন না। স্থানীয় বাসিন্দারা বলেছেন, ২০১০ সাল থেকে এ বছর বর্ষা মৌসুম পর্যন্ত উপজেলার পাঁচ ইউনিয়নের বিভিন্ন গ্রামের দেড় থেকে দুই হাজার একর ফসলি জমিতে বালুর স্তর পড়েছে।উপজেলা কৃষি বিভাগ বিষয়টি জানলেও কী পরিমাণ জমিতে বালুর স্তর পড়েছে এর সঠিক হিসাব তাঁদের কাছে নেই। তবে মিয়ানমারের সীমান্তবর্তী নাফ নদীর তীরবর্তী বেশ কিছু এলাকার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।এ বছর ২৬ জুন রত্নাপালং বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় এবং হলদিয়াপালঙের সোনারঘোনায় কয়েকটি বড় বড় পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জনের মৃত্যু হয়। এর আগে ২০১০ সালের ১৫ জুন থাইংখালী ও বালুখালীতেও পাহাড়ধসের ঘটনা ঘটে। ঘন ঘন পাহাড়ধসের কারণে ঢলের সঙ্গে প্রচুর পরিমাণ বালু আসছে সাম্প্রতিক বছরগুলোতে। পাহাড়সংলগ্ন জমিতে প্রায় হাঁটুসমান বালুর স্তর পড়ে। সোনারঘোনা গ্রামের কৃষক আব্বাস উদ্দিন (৬০) ও মেহের আলী (৫০) জানান, কয়েক বছর ধরে বৃষ্টি হলেই ঢলের সঙ্গে বালু নামছে। এ বছরও একই অবস্থা। স্থানীয় কৃষি বিভাগের লোকজন এলাকা পরিদর্শন করে গেলেও বালুর এ আগ্রাসন মোকাবিলায় কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে পাহাড়ি এলাকার ফসলি জমি বালুর স্তর পড়ে চাষের অযোগ্য হয়ে পড়ছে। এসব এলাকায় একসময় সবজি ও আমনের চাষ হলেও বালুর কারণে এখন কোনো ফসল হচ্ছে না।রত্নাপালংয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল মান্নান জানান, তাঁর ইউনিয়নের পাহাড়ি গ্রামগুলোর প্রায় ৩০০ একরের মতো জমিতে বালু জমে থাকায় আমন চাষ হচ্ছে না।জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসাইন চৌধুরী ও হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, জমিতে বালুর উপদ্রবের বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এখনো। তাঁরা বলেন, ‘দুই ইউনিয়নে গত তিন বছরে পাহাড়ি ও উপকূলীয় এলাকার প্রায় এক হাজার একর ফসলি জমি বালুতে নষ্ট হয়েছে।’ এ ব্যাপারে উখিয়া উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ ভূঞা জানান, বিষয়টি তাঁদের জানা আছে। কী পরিমাণ জমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তাদের বলা হয়েছে। এ তথ্য পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম শাহজালাল চৌধুরী জানান, উপজেলার বিভিন্ন স্থানে প্রায় দুহাজার একরের মতো আবাদি জমি, পাহাড়ি ঢলের বালুর স্তর পড়ে নষ্ট হয়েছে। গত দু-তিন বছর ধরে এসব এলাকার কৃষকেরা চাষাবাদ করতে পারছেন না। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে তাঁদের পুনর্বাসন করা প্রয়োজন এবং বালুর আগ্রাসন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া দরকার বলে তিনি মনে করেন।