ঢাকা কলেজে স্বাগতম
তখনো নয়টা বাজেনি। পাজি সূর্যটাও আস্তে আস্তে তেজ বাড়িয়ে ওপরে উঠতে শুরু করেছে। আর ঢাকা কলেজে যেন সেই উত্তাপ শুরু হয়েছে রাত পোহানোর আগেই। দিনটা ছিল ১৩ জুলাই। ঢাকা কলেজের বিজ্ঞান ক্লাব আয়োজন করে নবীনবরণ এবং দিনব্যাপী বিজ্ঞান ও গণিতের নানা আয়োজন। নতুন ভর্তি হওয়া বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীরা তাই আগ্রহ নিয়ে চলে এসেছে সকাল সকাল। এ বছর এসএসসিতে সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া রাহাত, সালমান, রিপন তো সেই সাতসকালে এসে হাজির। ‘নিজের ক্যাম্পাসে প্রথম অনুষ্ঠান, তা-ও আবার আমাদের নিয়ে। তাই অনেক বেশি উত্তেজনা কাজ করছে,’ বলছিল সালমান। ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে আসতে থাকে শিক্ষার্থীরা। দেখতে দেখতে হলরুমের ৮০০ চেয়ার শেষ। দাঁড়িয়ে আছে অনেকে। এর মধ্যে নয়টার সময় মূল অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের আনন্দ-চিৎকার। উদ্বোধক কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. ইব্রাহীম বলেন, ‘শিক্ষার্থীদের মেধা শাণিত করতে এ ধরনের আয়োজন সব সময় জরুরি। আর আমাদের বিজ্ঞান ক্লাব এ আয়োজনের মাধ্যমে নিজেদের যোগ্যতার দারুণ প্রমাণ দিল।’উদ্বোধনের পর বিজ্ঞান ক্লাবের সারা বছরের নানা কাজের ভিডিও দেখানো হয় নবীন শিক্ষার্থীদের। এরপর শুরু হয় পৌনে এক ঘণ্টার গণিত অলিম্পিয়াড। এ সময় প্রতিযোগীরা গণিতের ওপর নিজের দক্ষতা বিচারের সুযোগ নেয়। এর ফাঁকে ফাঁকে চলতে থাকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। হয় বিজ্ঞানবিষয়ক একটি অলিম্পিয়াড। অলিম্পিয়াড শেষে শিক্ষার্থীদের দেখানো হয় বর্তমান বিখ্যাত ব্যক্তিত্বদের, যাঁরা একসময় ছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থী। তাঁরা সবাই ভিডিও ফুটেজে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান। অনুষ্ঠানের মধ্যে কথা হয় নতুন শিক্ষার্থী আতাহার জুয়েলের সঙ্গে, ‘আমার তো অনেক আনন্দ লাগছে। এই কলেজে আমার প্রিয় লেখক হুমায়ূন আহমেদ পড়তেন, জানতাম না।’ নেত্রকোনার গ্রাম থেকে এসে ভর্তি হওয়া জাহিদ বলে, ‘আজ এখানে এসে অনেক কিছু শিখতে পারছি। এত দিন নিজেকেই সেরা মনে হতো। কিন্তু এখানে এসে দেখছি, আমার মতো জাহিদ অনেক। ইচ্ছা আছে ভালো করে পড়ে বড় বিজ্ঞানী হব।’দুপুরের খাবারের পর ছিল বিজ্ঞানবিষয়ক সেমিনার। এতে ছিল নটর ডেম কলেজ, রেসিডেন্সিয়াল মডেল কলেজ, সেন্ট যোসেফ, হারম্যান মেইনার কলেজের শিক্ষার্থীদের নিয়ে দারুণ এক পর্ব: কুইজ শো। ক্লাবের সভাপতি যাফির শাফি চৌধুরী বলেন, ‘ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাব বিজ্ঞানে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করে নানা ধরনের অনুষ্ঠান। এটি তার মধ্যে একটি। এ ছাড়া সারা বছর বিজ্ঞান মেলা বিভিন্ন অনুষ্ঠান করে থাকে, যা শিক্ষার্থীদের সৃজনশীল হতে সাহায্য করে।’ এর বড় উদাহরণ, সম্প্রতি এই ক্লাবের শিক্ষার্থীরা মিলে তৈরি করেছে দেশের প্রথম ওয়্যারলেস বাজার। এটি নিয়ে উচ্ছ্বসিত ক্লাবের সব সদস্য। তারা চায়, আরও বড় বড় আবিষ্কারের মাধ্যমে দেশটাকে বদলে দিতে। বিকেলের সেশনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করতে হাজির ছিলেন বুয়েটের শিক্ষক কায়কোবাদ, কলেজের অধ্যক্ষ আয়েশা বেগমসহ অনেকে। সারা দিনের এই মিলনমেলা সাঙ্গ হতে থাকে বিকেলের প্রখর রোদ মিলিয়ে যেতে যেতে। তবে তখনো নবীনদের মনে লেগে থাকে নতুন নতুন আবিষ্কারের ইচ্ছা। যেতে যেতেই সে কথা জানা যায় ইমরান বা মোতাহারের সঙ্গে আলাপচারিতায়।