ঢাকা কলেজের ঘাসফড়িং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার মুখের দিকে চেয়ে থেকো না। তোমার সঙ্গে কোনো কথা নেই। এভাবে কোনো সম্পর্ক হয় না। আমার ব্যাপারটা একবার বুঝতে চেষ্টা করো। এমি ও প্লাবন মনের মাধুরী মিশিয়ে সংলাপ আওড়াচ্ছেন। শানিয়ে নিচ্ছেন নিজেদের। পাশেই প্রস্তুত নাজমুল। কারণ, কিছুক্ষণের মধ্যই তাঁর ডাক পড়বে হরি চরিত্রে। বলছিলাম ঘাসফড়িংদের কথা। ঢাকা কলেজের শারীরিক শিক্ষাকেন্দ্রের ভেতর চলছে নতুন নাটকের জোর প্রস্তুতি। প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বিকেলে চাপ বেশি হলে শুক্রবারও এভাবেই সরগরম হয়ে ওঠে রুমটি—বলছিলেন সংগঠনটির উপদেষ্টাদের একজন কাজী হাসিবুল ইসলাম। বুদ্ধিজীবীর একদিন নামের নাটকটি তাঁরা মঞ্চে আনবেন জুলাই মাসের প্রথমদিকে ঘাসফড়িংয়ের জন্মদিনে। হাতে আর বেশি সময় নেই, এর মধ্যে আবার অনেকের পরীক্ষা, তাই সামনের মাসটা রিহার্সেল বন্ধ থাকবে—বলছিলেন জয় ও রাতুল। ‘একটি আলোকিত সংস্কৃতি চর্চাকেন্দ্র’ স্লোগানে ঢাকা কলেজের একদল তরুণ ছাত্রের নাট্য সংগঠন এটি। ঘাসফড়িং কেন? এমন এক প্রশ্নের জবাবে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফেরদৌস হোসেন বললেন, ‘চিরসবুজের এই দেশে সবুজ ঘাসের মধ্যে আমাদের এসব নাটক ও অভিনয়পাগল কর্মীরা হবে হলুদ রঙের ফড়িং, তারা বিচরণ করে বেড়াবে সবুজের মধ্যে।’একে একে সব সদস্যের উপস্থিতিতে ঘরটা যখন গমগম করছে, ঠিক সেই মুহূর্তে বিদ্যুৎ চলে গেল। ঘেমে-নেয়ে অক্লান্তভাবে বন্ধুরা তাঁদের চরিত্রগুলোতে মমতা মেশানোর চেষ্টা করে যাচ্ছেন। এর মধ্যে কিবরিয়া বলে উঠলেন, ‘আমাদের পরবর্তী নাটক হবে বিদ্যুতের একদিন।’ হা-হা করে হেসে উঠলেন সবাই। হাসির রোল ফুরাতে না ফুরাতেই মনোবিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্র রিজভী গিটার হাতে গাইতে শুরু করলেন, ‘আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই’। গলা মেলালেন অন্য বন্ধুরাও। দুই ডজনের অধিক নাটকপাগল বন্ধুকে নিয়ে গড়ে ওঠা সংগঠন ঘাসফড়িংয়ে রয়েছে দু-তিনজন অতিথি শিক্ষার্থী। তাঁরা ইডেন মহিলা কলেজের ছাত্রী। গত ২৬ মার্চ ঘাসফড়িং ঢাকা কলেজ অডিটরিয়ামে মঞ্চস্থ করে যুদ্ধকালীন চিঠি নামে একাত্তরের চিঠির একটা প্রযোজনা।সংগঠনটির সঙ্গে সর্বাত্মকভাবে বিভিন্ন রকম শ্রম ও পরামর্শ দিয়ে সাহায্য করেন ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক নেহাল আহমেদ। তিনি বলেন, সংস্কৃতি চর্চার ক্ষেত্রে ঢাকা কলেজের ছেলেদের গড়ে তোলা সংগঠন ঘাসফড়িং সারা দেশে উদাহরণ হিসেবে গড়ে উঠবে বলে আমি মনে করি। সংগঠনের সঙ্গে জড়িত সবাই যে যেখানে থাকুক, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে স্বপ্নের এই আঙিনায় এসে উপস্থিত হয়। নিজের সবটুকু ক্ষমতা দিয়ে চেষ্টা করে নিজের চরিত্রটাকে আপন করে নিতে। কে জানে, হয়তো এর মধ্য থেকে কেউ কেউ নেতৃত্ব দেবেন আগামী দিনের সাংস্কৃতিক অঙ্গনে।