ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইট-বালুর দোকান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের কার্যালয় ঘেঁষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দখল করে ইট-বালু বিক্রি হচ্ছে। এতে মহাসড়কে যানজট সৃষ্টির পাশাপাশি দুর্ভোগের শিকার হচ্ছে পথচারীরাও। উপজেলা প্রশাসন থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে উচ্ছেদের নোটিশ দেওয়া সত্ত্বেও সড়ক দখলমুক্ত হয়নি।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা প্রশাসন কার্যালয়ের পাশের মহাসড়ক দখল করে রাখা হয়েছে বালু ও ইট। স্তূপ করে এসব নির্মাণসামগ্রী রাখার কারণে সড়ক সংকুচিত হয়ে পড়েছে। এতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে যান চলাচলে।
উপজেলা প্রশাসন কার্যালয়ের মূল গেটের পাশে ইট-বালু রাখার কারণে এই কার্যালয়ে আসা লোকজন দুর্ভোগের শিকার হচ্ছে। সীতাকুণ্ড পৌর সদরের বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, উপজেলা প্রশসনের কার্যালয়ে ঢোকার মুখে ইট-বালুর স্তূপ থাকায় বাধ্য হয়ে সড়কে নেমে চলাচল করতে হয়। এতে পথচারীদের দুর্ঘটনায় পড়ার আশঙ্কা থাকে।
স্থানীয় বাসিন্দারা জানান, আবদুল জব্বর নামের এক ব্যবসায়ী ওই জায়গায় ইট-বালুসহ নির্মাণসামগ্রী রেখেছেন। যোগাযোগ করা হলে আবদুল জব্বর বলেন, ‘এখানে আমি ছাড়া আরও অনেকে ইট-বালুর ব্যবসা করেন। সবাই সড়কেই ইট-বালু রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমাকে নোটিশ দিয়েছেন। তাঁর কাছে বর্তমান চালানের ইট-বালু শেষ হওয়া পর্যন্ত সময় চেয়েছি। আমি আর এখানে নির্মাণসামগ্রী রাখব না, অন্য জায়গায় ব্যবসা করব।’
ঘটনার সত্যতা স্বীকার করে ইউএনও শাহীন ইমরান বলেন, ‘সড়কের ওপর থেকে নির্মাণসামগ্রী সরাতে পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে বলেছিলাম। হয়তো তারা সরানোর জন্য নোটিশও দিয়েছিল। যদি তাতেও কাজ না হয়, তবে আগামী কয়েক দিনের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।’