ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মৃত্যুফাঁদ!
বাড়ি থেকে কর্মস্থলে আসা-যাওয়া করতে বাধ্য হয়েই অটোরিকশায় চড়তেন বিদ্যালয়ের শিক্ষক অশ্বিনী কুমার দাশ (৪৮)। ব্যস্ত মহাসড়কে অটোরিকশায় চলাচলের বিপদের কথা প্রায়ই বলতেন স্ত্রীকে। কিন্তু তাঁর আশঙ্কা এমন নির্মমভাবে ফলে যাবে কে ভেবেছিল? ঘুরিয়ে ফিরিয়ে এ কথাগুলো বলে বিলাপ করছিলেন অশ্বিনী কুমারের স্ত্রী অনিমা রাণী দাশ (৪২)।১৩ জুন বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সীতাকুণ্ড মহাসড়কে দুর্ঘটনায় মৃত্যু ঘটে অশ্বিনী কুমার দাশের। পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাঁকে বহনকারী অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত হন আরও তিন অটোরিকশা যাত্রী।পরদিন ভাটিয়ারীর মাদামবিবিরহাট এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবাহী অটোরিকশার। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার যাত্রী মনিরুল ইসলাম (৩০), মুজিবুল হক (৩৩), আব্দুল হালিম (৩৫), নুরে ছাফা (৫০) এবং চালক লোকমান হোসেন (৩৫)। এর আগের পাঁচ দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পন্থিছিলা, বাঁশবাড়িয়া, ফকিরহাট ও কুমিরা এলাকায় পৃথক চারটি দুর্ঘটনায় ছয়জন মারা যায়। আহত হয় ২১ জনের মতো। সবকটি দুর্ঘটনাই ঘটেছে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষের ফলে।হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও স্বাস্থ্যকেন্দ্রের নথিতে দেখা গেছে, মাত্র সাত দিনের ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় ১২ জুুন নিহত হয়েছে। আহত হয়েছে ২৫ জন। এসব দুর্ঘটনা অনেককেই পঙ্গু করেছে চিরতরে।সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এলাকার মানুষজন নিরাপদ সড়কের দাবি তুললেও পরিস্থিতি বদলায়নি। পুলিশের নথিতে দেখা গেছে, বেপরোয়া ও অনিয়ন্ত্রিত গাড়ি চালানো ও বেশি ওজন বহন করা, চালকদের অবসাদ কিংবা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, যানবাহনের যান্ত্রিক ত্রুটি এবং ট্রাফিক আইন না জানা ও না মানা এসব দুর্ঘটনার কারণ।বিভিন্ন যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, সড়ক বিভাজক না থাকা হচ্ছে দুর্ঘটনার অন্যতম কারণ। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সাবেক আইজি এ ওয়াই বি সিদ্দিকী জানান, ‘দুই লেন বিশিষ্ট মহাসড়কে সড়ক নির্মাণে নকশা প্রণয়নে ত্রুটি ছিল। এ ছাড়া সিএনজি চালিত ট্যাক্সিগুলোর ড্রাইভাররা বেশির ভাগই আনাড়ি। যার ফলে সাধারণ মানুষ প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছে।’ বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুর রহমান প্রথম আলোকে জানান, ‘দুর্ঘটনা রোধে ইতিমধ্যে বিশেষ অভিযানে দুই শতাধিক গাড়ির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা করা হয়। অর্ধশত ভুয়া ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়েছে।’সীতাকুণ্ড থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, ‘পুলিশের নিহতদের ময়না তদন্ত এবং মামলা করা ছাড়া আর কিছু করার থাকে না। মামলা করলে গাড়ির মালিকেরা পার পেয়ে যায়। কারণ আইনের দুর্বলতার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এ কারণে দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না।’ হাইওয়ে পুলিশ চট্টগ্রাম জোনের সহকারী পুলিশ সুপার আশরাফ উদ্দিন প্রথম আলোকে জানান, ‘বেশির ভাগ গাড়ির চালকেরা দ্রুতগতিতে চালানো এবং ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনায় পতিত হচ্ছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রউফ প্রথম আলোকে বলেন, বেশির ভাগ চালক বেপরোয়া ও অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালান। ত্রুটিপূর্ণ যানবাহন ও অদক্ষ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।