ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাত দল আবার সক্রিয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম সিটি গেট থেকে মহিপাল পর্যন্ত দীর্ঘ ৯৫ কিলোমিটার এলাকায় হাইওয়ে পুলিশের মাত্র চারটি ফাঁড়ি রয়েছে। তবে এ চারটি ফাঁড়ির পুলিশও মহাসড়কে সক্রিয় দায়িত্ব পালন করে না বলে অভিযোগ আছে। ফলে মহাসড়কে ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধের হার বেড়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, গত তিন সপ্তাহে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নয়দুয়ার ও জোরারগঞ্জ এলাকায় রাতের আঁধারে ১০টি যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে মিরসরাই থানা-পুলিশ বলছে, জানুয়ারি মাসে একটি ডাকাতির ঘটনা ঘটেছে। গত এক মাসে আন্তজেলা মহাসড়ক ডাকাত দলের ১৩ সদস্যকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ডাকাতেরা গত দুই মাসে নয়দুয়ার এলাকায় পাঁচটি ডাকাতি করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।সর্বশেষ ২১ মার্চ ভোরে ডিবি পুলিশ (গোয়েন্দা পুলিশ) পরিচয় দিয়ে একটি গ্যাস সিলিন্ডারভর্তি ট্রাক (ঢাকা মেট্রো ১১-১৬৯৫) ছিনতাইকালে দুই যুবককে মিরসরাই থানার পুলিশ গ্রেপ্তার করে। আটকেরা হলো: উপজেলার আবুরহাট এলাকার আবদুল মাবুদের ছেলে আশেক এলাহী ও মিরসরাই সদরের মতিউর রহমানের ছেলে আমির হোসেন। ট্রাকচালক আল-আমিন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন বলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান।মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব মিল্কি জানান, ৪ মার্চ মাসুক ও ইকবাল নামে দুই ডাকাতকে গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। মোবাইল ফোনসেটগুলো মহাসড়কে যাত্রীবাহী বাস ডাকাতির সময় যাত্রীদের কাছ থেকে তারা নিয়েছিল। তিনি আরও জানান, মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত আরও অনেককে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।মহাসড়কের পাশে বসবাসকারী লোকজন জানান, প্রতিদিন রাত ১০টার পর নিজামপুর পুলিশ ফাঁড়ির পুলিশের একটি দল নয়দুয়ার-কলঘর এলাকায় টহল দেয়। কিন্তু পুলিশ থাকার পরও নয়দুয়ার এলাকার যানবাহনে ডাকাতির ঘটনা ঘটছে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম সিটি গেট থেকে ফেনীর মহিপাল পর্যন্ত হাইওয়ে পুলিশের ফাঁড়ি রয়েছে মাত্র চারটি। এগুলো হলো সীতাকুণ্ডের বারআউলিয়া ও কুমিরা পুলিশ ফাঁড়ি, মিরসরাইয়ের জোরারগঞ্জ এবং ফেনীর মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ি। মিরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রাহাত জানান, ‘আমাদের একটি দল নিয়মিত টহল দিলেও মাঝেমধ্যে দু-একটি ডাকাতির ঘটনা ঘটছে। তাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতের বেলা টহল জোরদার করা হয়েছে। আশা করছি আর ডাকাতির ঘটনা ঘটবে না।’ মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান জানান, গত জানুয়ারি মাসে মিরসরাইয়ের মহাসড়কে বাস ডাকাতির ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এরপর মহাসড়কে আর কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। ওই ডাকাতির সঙ্গে জড়িত দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ জন্য রাতের বেলা সড়কে পুলিশ টহল জোরদার করা হয়েছে।