ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে তল্লাশি চৌকি
পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানে ডাকাতি প্রতিরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড শুকলাল হাট এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে। এই চৌকিতে গাড়ির কাগজপত্র পরীক্ষা করা হবে। এরপর চালক ও সহযোগীর ছবি ভিডিও করে রাখা হবে। তা ছাড়া এই সময়ে কোনো অনিয়ম হচ্ছে কি না, তা তদারকির ব্যবস্থাও থাকবে বলে জানা গেছে। ব্যবসায়ী সংগঠন সূত্র জানায়, সাম্প্রতিক সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দেয়। এ অবস্থায় হাইওয়ে পুলিশ এবং পণ্য পরিবহন ব্যবসায়ীদের সংগঠন ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির যৌথভাবে এই তল্লাশি চৌকি বসানোর উদ্যোগ নেয়। ৯ জুলাই চৌকির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাইওয়ে পুলিশ সুপার (পূর্বাঞ্চল) আনোয়ার কামাল। চট্টগ্রাম আন্তজেলা পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি মুনির আহম্মদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন চট্টগ্রাম হাইওয়ে পুলিশ সুপার আবদুর রব, সিআইডির সহকারী পুলিশ সুপার হ্লা চিং প্রু, চট্টগ্রাম পরিবহন সংস্থার চেয়ারম্যান সিরাজুল ইসলাম, চট্টগ্রাম ফেডারেশন পরিবহন সংস্থার সভাপতি মকবুল আহম্মদ এবং তল্লাশিচৌকি স্থাপন কমিটির আহ্বায়ক মো. আবু মোজাফফর। এ সময় কাভার্ড ভ্যান-ট্রাক পণ্য পরিবহন মালিক সমিতির নেতারা বলেন, হাইওয়ে পুলিশের বিরুদ্ধে তল্লাশির নামে ট্রাকচালকদের কাছ থেকে যাতে চাঁদা আদায়ের অভিযোগ না ওঠে, সেদিকে দৃষ্টি রাখার প্রয়োজন।