ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চোরাই তেলের অর্ধশত দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বিভিন্ন স্থানে চলছে চোরাই তেলের ব্যবসা। গড়ে উঠেছে চোরাই তেলের প্রায় অর্ধশত দোকান। দীর্ঘদিন ধরে এ ব্যবসা চললেও কারও কোনো মাথাব্যথা নেই। এ ছাড়া চোরাই তেলের দোকানগুলো অত্যন্ত ছোট পরিসরের এবং সেখানে অগ্নিনির্বাপণের ব্যবস্থা নেই। ফলে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।সূত্র জানায়, বিভিন্ন যানবাহনের চালক ও হেলপাররা (চালকের সহকারী) ডিজেল, অকটেন, পেট্রল, কেরোসিন, মবিল, লুব-ওয়েল চুরি করে চোরাই তেল ব্যবসায়ীদের কাছে নামমাত্র দামে বিক্রি করে। পরে দালালের মাধ্যমে অপেক্ষাকৃত কম মূল্যে ফিলিং স্টেশনের মালিকেরা ওই তেল কিনে নেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চোরাই তেলের বড় বিকিকিনির হাট উপজেলার ছোট কমলদহ বাজার। এখানে প্রায় ২৫টি দোকান রয়েছে। মূলত সন্ধ্যার পর চোরাই তেল সংগ্রহ শুরু করে দোকানিরা।সরেজমিনে রাত ১১টায় ছোট কমলদহ বাজারে গিয়ে দেখা গেছে, এসব দোকানে আলো বলতে একটি হারিকেন অথবা কুপি। দোকানগুলোর কিছু দূরত্বে দাঁড়িয়ে আছে শতাধিক ট্রাক ও কাভার্ড ভ্যান। কিন্তু দোকানে কোনো লোক নেই। মালিক ও কর্মচারীরা গাড়ির তেল সংগ্রহে ব্যস্ত। স্থানীয় বাসিন্দা ফোরকান উদ্দীন ও মো. সোহেল বলেন, রাতে সড়কের উভয় পাশে দূরপাল্লার ট্রাক, কাভার্ড ভ্যান, বাসসহ ভারী যানবাহন থামতে থাকে। চোরাই সিন্ডিকেটের পার্সেলের মাধ্যমে ওই সব যানবাহনের ট্যাংক থেকে বালতি ও নির্দিষ্ট মাপের পাত্রে করে তেল নিয়ে আসে দোকানগুলোতে। তাঁদের অভিযোগ, এসব দোকানে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা নেই। আগুন লাগলে আশপাশের বাড়িঘরও পুড়ে ছাই হয়ে যাবে। এ ছাড়া মিরসরাই উপজেলায় ফায়ার স্টেশন নেই। একবার আগুন লাগলে ক্ষয়ক্ষতি হবে ব্যাপক।জানা যায়, চিনকি আস্তানা, সোনাপাহাড়, মিঠাছড়া, বড়তাকিয়া, হাদিফকির হাট, বড়দারগাহাটসহ উপজেলার বিভিন্ন স্থানেও চোরাই তেলের কেনাবেচা চলে। নাম প্রকাশে অনিচ্ছুক কমলদহ বাজারের এক চোরাই তেল ব্যবসায়ী বলেন, ‘আমরা তো তেল চুরি করছি না, যানবাহনের চালক ও হেলপাররা স্বেচ্ছায় আমাদের কাছে বিক্রি করছে। এতে উভয় পক্ষই লাভবান হচ্ছে। এ ছাড়া স্বল্প আয়ের মানুষ আমাদের কাছ থেকে তেল কিনে ব্যবহারের সুযোগ পাচ্ছে।’ অভিযোগ রয়েছে, মহাসড়কে চোরাই তেল ব্যবসায়ীর কাছ থেকে হাইওয়ে ও থানা পুলিশ নির্দিষ্ট অঙ্কের মাসোহারা আদায় করে থাকে। ফলে চোরাই তেল ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছে।মাসোহারা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকতা ইফতেখার হাসান চৌধুরী ও নিজামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসলাম হোসেন। একই দাবি জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. সাইফুল ইসলামের। তবে তাঁরা তেল চুরির ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে দাবি করেন।এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ কুতুব বলেন, ‘এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হবে। যদি জানমালের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’