ঢাকা-চট্টগ্রামে কর্মরত ফেনীর সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী
৬ অক্টোবর সন্ধ্যায় ঢাকা ও চট্টগ্রামে কর্মরত ফেনীর সাংবাদিকেরা জড়ো হয়েছিলেন ফেনী প্রেসক্লাবে। এ সময় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আড্ডা দিয়ে ও স্মৃতিচারণা করে সময় কাটান তাঁরা।
‘ঈদ খোশগল্প’ শিরোনামে ব্যতিক্রমধর্মী এই পুনর্মিলনীর আয়োজন করে ফেনী প্রেসক্লাব। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোতাহের হোসেন, প্রথম আলোর উপপ্রধান প্রতিবেদক টিপু সুলতান, সহসম্পাদক দাউদুল ইসলাম, ডেইলি স্টার–এর উৎপাদন, বিপণন ও ইভেন্ট মহাব্যবস্থাপক সেলিম চৌধুরী, ঢাকার ফেনী সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার জ্যেষ্ঠ সহসম্পাদক তানভীর আলাদীন, সমকাল–এর সহসম্পাদক ইমন চৌধুরী, বাংলা নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক আদিত্য আরাফাত, এসএ টিভির স্টাফ রিপোর্টার বোরহান উদ্দিন ও প্রথম আলো ফেনী অফিসের নিজস্ব প্রতিবেদক আবু তাহের। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিকিৎসক এ এস এম গোলাম কিবরিয়া, চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘আমরা সাংবাদিকেরা নির্যাতিত হব, তবুও জনগণের অধিকার আদায়ের সংগ্রাম থেকে দূরে সরে যাব না। আলোকিত ও সমৃদ্ধ ফেনী গড়ার লক্ষ্যে সব সাংবাদিক এক হয়ে কাজ করব।’
অনুষ্ঠানের শুরুতে ফেনী প্রেসক্লাবের সম্পাদক শওকত মাহমুদ স্বাগত বক্তব্য দেন।
আগামী বছর থেকে প্রতি ঈদের দিন সন্ধ্যায় ‘ঈদ খোশগল্প’ আয়োজনের ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন ফেনী প্রেসক্লাবের সভাপতি বখতেয়ার ইসলাম।