ঢাকা চলো কর্মসূচি সফল করতে দীঘিনালায় সমাবেশ
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ১২ মার্চের ঢাকায় চলো কর্মসূচি সফল করতে আয়োজিত কর্মী সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পঞ্চদশ সংশোধনী বাতিল করে পাহাড়িদের সম্মানজনক মর্যাদা দেওয়া হবে। গত বৃহস্পতিবার বোয়ালখালী (সদর) ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে উপজেলা বিএনপির সভাপতি মোসলেম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসির উদ্দিন সরোয়ার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনীন্দ্র লাল ত্রিপুরা, জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক মাটিরাঙা পৌর মেয়র আবু ইউছুফ চৌধুরীসহ জেলা উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। বক্তারা প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তাকে চরম অবমাননা ও অপমানিত করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে পঞ্চদশ সংশোধনী বাতিল করে পাহাড়িদের সম্মানজনক মর্যাদা দেওয়া হবে।