ঢাকা ফাঁকা থাকলে যাদের বিপদ হতো
ঈদের সময় ঢাকার অপর নাম হয়ে যায় ফাঁকা! সত্যি সত্যিই যদি ঢাকা ফাঁকা হয়ে যেত, তাহলে কী হতো?

বাড়িওয়ালা
ভাই, আমার বাসাটা ভাড়া নেবেন? প্রথম তিন মাস ভাড়া দিতে হবে না। থেকে আরাম পাইলে যা ইচ্ছা একটা দিয়েন!
সেইটা সমস্যা না, তার আগে বলেন আপনি ব্যাচেলর না বিবাহিত? ব্যাচেলর মালিকের বাসায় আমরা থাকব না।

ট্রাফিক পুলিশ
ওস্তাদ, ঘুমেরতেন ওঠেন! একখান টেরাক আইতাছে!
কস কী, এইটা তো ব্রেকিং নিউজ! তাড়াতাড়ি টিভি চ্যানেলে ফোন লাগা, লাইভ দেখাইতে হইব তো!

রাজনীতিক
স্যার, সমাবেশ ডাকলেন রাজপথে, কিন্তু মাথাপিছু ৫০০ টাকা দিয়াও ২০ জন পাবলিক পাওয়া যাচ্ছে না!
তাইলে বাসায় সংবাদ সম্মেলন ডাকো। সাংবাদিক, ক্যামেরাম্যান মিলে একটা ফিগার দাঁড়িয়ে যাবে!

দুর্নীতিবাজ কর্মকর্তা
ঈদের পর তুমি ব্যাগ নিয়া কই যাও, মনার বাপ?
অফিসে ফাইল পাস করাতে একটা লোক আসে না, কোনো নগদ ইনকাম নাই। তাই ফাইল নিয়া আমিই লোকজনের গ্রামের বাড়ি রওনা দিচ্ছি!

বাসযাত্রী
আধা ঘণ্টা ধইরা বাস থামাইয়া রাখছ, ছাড়ো না ক্যান?
এই বাস পুরা না ভরলে ছাড়ুম না। তাই ছাড়তে ছাড়তে রাত হইব, আপনি তার চেয়ে হাঁটা দেন।