ঢাকা বিশ্ববিদ্যালয়ে: ভর্তি সুযোগ নাই, সুযোগ চাই
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সিদ্ধান্ত নিয়েছে, শিক্ষার্থীরা শুধু এইচএসসি পাশের বছরই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। এর ফলে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ হারাবেন। কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে আলোচনা ও বিতর্ক।

আসন অপচয়রোধে একবার ভর্তি পরীক্ষা
আ আ ম স আরেফিন সিদ্দিক
উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়
২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দফায় ভর্তিপরীক্ষায় অংশ নেওয়া যাবে না। কেবল ওই বছর এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাওয়ায় একদিকে যেমন প্রথমবার পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা বঞ্চিত হয়, অপরদিকে পুরাতন শিক্ষার্থীরা কোচিং সেন্টারগুলোর সহযোগিতা নিয়ে ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতি করার চেষ্টা করে।
দ্বিতীয় দফায় ভর্তির সুযোগের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গড়ে ২০০ আসন ফাঁকা থাকে। সবাইকে সমান সুবিধা দেওয়া এবং আসন যাতে অপচয় না হয় সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পক্ষে
এ সিদ্ধান্ত যুগোপযোগী
এটি নিঃসন্দেহে একটি যুগোপযোগী সিদ্ধান্ত। অন্য সব বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া উচিত।
অনুপম সরকার
শিক্ষার্থী, পদার্থবিজ্ঞান বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
বুয়েটে একবার, আমাদের কেন নয়
বুয়েটে একবার ভর্তি পরীক্ষা চালু আছে। কেউ কিছু বলে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু হলেই সবাই বড়বড় কথা বলে। ঢাবি কর্তৃপক্ষের সিদ্ধান্তের সঙ্গে একমত।
জান্নাতুল ফেরদৌস
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
পরীক্ষা হোক মেধার
একবার সুযোগই যথেষ্ট। এখানে মেধার পরীক্ষা হোক, বয়সের নয়। যে পারে একবারেই পারে।
রহুল আমিন
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
সঠিক সিদ্ধান্ত
কেউ প্রথম বর্ষে পড়ে আবার কেউ দ্বিতীয় বর্ষে পড়ে ভর্তি পরীক্ষা দিলে একটি বৈষম্য তৈরি হয়। অভিনন্দন ঢাকা বিশ্ববিদ্যালয়। নিঃসন্দেহে এটি একটি কার্যকর সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিত ছিল।
জুবায়ের উদ্দিন
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
অভিনন্দনযোগ্য পদক্ষেপ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসনসংখ্যা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেশি। তাই অনেকেই মনে করেন প্রথমবার না হলে দ্বিতীয়বার তো আছেই। এ জন্য প্রথমবার লেখাপড়া কম করে। সেদিক দিয়ে বছরের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় এ সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষার্থীরা প্রথমবারই ভর্তি পরীক্ষার জন্য ভালোভাবে লেখাপড়া করতে বাধ্য হবেন। তাই এটি অভিনন্দনযোগ্য।
মোজাহিদ রানা
সরকারি বিএল কলেজ, খুলনা।
দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নয়
একজন শিক্ষার্থী এক বছরে যে পরিমাণ প্রস্তুতি নিতে পারে, কেউ মাত্র দু-তিন মাসে সেই পরিমাণ প্রস্তুতি অবশ্যই নিতে পারে না। তাই দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকা উচিত নয়।
দিব্য কান্তি দত্ত
মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ; ঢাকা বিশ্ববিদ্যালয়।
আমাদেরও বুয়েটের মতো হতে হবে
লাখ লাখ শিক্ষার্থীকে ঢাকা বিশ্বিবদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে দেওয়া উচিত নয়। বুয়েটের মতো নির্বাচিত ৮-১০ হাজার শিক্ষার্থীকে পরীক্ষা দিতে দেওয়ার জন্য নির্বাচিত করতে হবে। সেই পরীক্ষার সুযোগ থাকবে শুধু একবারই।
মাইশা হক
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
দ্বিতীয়বার সুযোগ থাকলে ভালো
দ্বিতীয়বারের ভর্তি পরীক্ষার সুযোগ থাকলে অনেক শিক্ষার্থী ভালোভাবে প্রস্তুতির সুযোগ পায়। আমি নিজেও প্রথমবার ভূগোলে সুযোগ পেয়েছিলাম। দ্বিতীয়বার ভালো প্রস্তুতি নিয়ে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান লাভ করি। তাই আমি মনে করি, দ্বিতীয়বারের সুযোগ থাকলে শিক্ষার্থীদের হতাশা কাটিয়ে নতুন অনুপ্রেরণায় এগিয়ে চলার সুযোগ থাকে।
সাদিয়া ইসলাম
শিক্ষার্থী, ফিন্যান্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০১১ সালের ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষায় প্রথম।
আমাদের কী হবে?
খুবই হতাশ হলাম। আমরা যারা দ্বিতীয়বার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম, এখন তাদের কী হবে?
আতিকুর রহমান
শরীয়তপুর সরকারি কলেজ
বাণিজ্যের জন্য চাই দ্বিতীয় সুযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সাধারণত ক, খ, গ, ঘ ক্রমানুসারে। কিন্তু এবার নিয়ম ভেঙে গ ইউনিটের পরীক্ষা শুরুতে নেওয়া হয়েছে। এতে আমরা গ ইউনিটের পরীক্ষার্থীরা খুব কম সময় পেয়েছি। তাই গ ইউনিটের জন্য জন্য দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার বিধান বলবৎ রাখা হোক।
আতিয়া তুস সালাম
শহীদ লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা।

এই সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন ছিল না
এ কে আজাদ চৌধুরী
চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
শিক্ষার্থীদের অন্তত এক বছর সময় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ধরণের বড় সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করতে পারত। এটা ঠিক যে, দ্বিতীয়বারের ভর্তি পরীক্ষার সুযোগের কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে বেশ সিট খালি থাকে। স্বয়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত নিয়েছে। আমি আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে সমর্থন জানাচ্ছি। কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হল, শিক্ষার্থীদের কিছুটা হলেও সময় দেয়া দরকার ছিল। এখনই এই সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন ছিল না। কারন এ বছর যারা পরীক্ষা দিয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় নি, তাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সেই সুযোগটা সীমিত হয়ে গেল।
বিপক্ষে
২০১৬ ব্যাচের জন্য এ নিয়ম হোক
ভর্তিপদ্ধতির নিয়ম পরিবর্তনের জন্য দুই বছর আগে ঘোষণা দেওয়া উচিত ছিল। আমরা ইতিমধ্যে দ্বিতীয়বারের জন্য প্রস্তুতি নিচ্ছি। ২০১৬ ব্যাচের জন্য নতুন নিয়ম চালু হোক।
ইশরাত তারান্নুম
চট্টগ্রাম।
চারুকলার জন্য সুযোগ রাখা হোক
সিলেবাস পরিবর্তনের কারণে ‘চ’ ইউনিটে কোনো প্রভাব পড়বে না। তাই অনুরোধ, চারুকলার জন্য দ্বিতীয়বার সুযোগ রাখা হোক।
আশির ইবনে করিম
উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
আমরা বৈষ্যমের শিকার
এর মাধ্যমে আমরা স্পষ্টতই বৈষ্যমের শিকার হলাম। অন্তত আমাদের ব্যাচকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হোক।
আবদুল্লাহ গালিব
ঢাকুরিয়া কলেজ, যশোর
এ ঘোষণা বাতিল করা হোক
পত্রিকার প্রতিবেদনে দেখলাম, আমাদের আগের ব্যাচের শিক্ষার্থীরা প্রায় ৫০ শতাংশ আসনে সুযোগ পেয়েছে। আমরা বঞ্চিত হলাম। এখন ঘোষণা এল, আমরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে পারব না। আমি এ ঘোষণা মানতে পরছি না। এ সিদ্ধান্ত বাতিল করা হোক।
রুবায়াৎ কামাল
বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ