ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল বিজয়ী একমাত্র বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর এক সপ্তাহের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন ১৯২৬ সালে। তিনি ৭ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি ঢাকায় অবস্থান করেন। বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকার বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশ নেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রভোস্ট রমেশচন্দ্র মজুমদারের সম্মানিত অতিথি হিসেবে তাঁর বাসভবনেই ছিলেন। তবে ১১ ও ১৩ ফেব্রুয়ারি এই দুই দিন তিনি বুড়িগঙ্গায় বোটে বিশ্রাম গ্রহণ করেন।ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (বর্তমান ডাকসু) কার্জন হলে কবিকে ১০ ফেব্রুয়ারি সংবর্ধনা দেয়। একই দিনে বিকেলে মুসলিম হলে (বর্তমান সলিমুল্লাহ হল) তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। কার্জন হলে কবি ১০ ফেব্রুয়ারি ‘দি মিনিং অব আর্ট’ এবং ১৩ ফেব্রুয়ারি ‘দি বিগ অ্যান্ড দি কমপ্লেক্স’ শিরোনামে দুটি মূল্যবান ভাষণ দেন।সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল পূর্ববঙ্গের একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। কর্মসূচি অনুসারে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন তিনটি হলেই (ঢাকা, জগন্নাথ, মুসলিম) সংবর্ধনা জানানোর কথা ছিল। ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় জগন্নাথ হলে কবিকে সংবর্ধনা জানানোর বিপুল আয়োজন করা হলেও কবি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ওই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। জগন্নাথ হল ছাত্র সংসদের ছাত্ররা ১৪ ফেব্রুয়ারি কার্জন হলে কবিকে একটি মানপত্র উপহার দেন এবং কবি ছাত্রদের অনুরোধে জগন্নাথ হলের বার্ষিকী বাসন্তিকার জন্য ‘এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসিখেলায়,/আমি যে গান গেয়েছিলেম’ শীর্ষক কবিতাটি লিখে দেন।আসছে ২৫ বৈশাখ (৮ মে) রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে তাঁর হাতে লেখা পাণ্ডুলিপিসহ ‘বাসন্তিকা’ কবিতাটি এখানে ছাপা হলো। [তথ্যসূত্র: বাসন্তিকা, ঢাকা বিশ্ববিদ্যালয়লের জগন্নাথ হল বার্ষিকীর হীরকজয়ন্তী সংখ্যা, ২৬ বৈশাখ ১৩৮৮, ৯ মে ১৯৮১। পূর্ববঙ্গে রবীন্দ্রনাথ, সৈয়দ আবুল মকসুদ।]