ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয় দশক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯০ বছরে পদার্পণ উপলক্ষে এ লেখা। বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই দিনটিকে নানাভাবে স্মরণ করবে। অনেক প্রাক্তন শিক্ষার্থীও এই দিনে স্মরণ করবে ছাত্রজীবনের নানা ঘটনা ও অভিজ্ঞতা। কিছু দুঃখ-কষ্ট-হতাশা থাকে সবারই। তবে এ সবকিছুই ঢাকা পড়ে যায় সুখস্মৃতির তলায়। এই সুখস্মৃতির মূল উৎস হচ্ছে যৌবন। তবে এর পরিবেশ রচনা করে বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেলায় এর সঙ্গে যোগ করতে হয় ক্যাম্পাস। একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসবিহীনও হতে পারে। গত ২০ বছরে পঞ্চাশটিরও বেশি প্রাইভেট বিশ্ববিদ্যালয় জন্মলাভ করেছে ও বিকশিত হয়েছে বাংলাদেশে; এগুলোর প্রায় সবই ক্যাম্পাসবিহীন। ১৯২১ সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় জন্মলগ্ন থেকেই এক বিশেষ সৌভাগ্যের অধিকারী। এর অবস্থান ছিল একটি সুন্দর উদ্যান-পল্লিতে। ইতিহাস সহায়তা করেছিল এই সৌভাগ্য লাভে, কারণ রমনার এই উদ্যান-পল্লিটি তৈরি হয়েছিল একটি নতুন রাজধানীর জন্য। পূর্ববঙ্গ-আসাম প্রদেশের রাজধানী ঢাকায় গড়ে তোলা হয়েছিল এই ‘নতুন ঢাকা’—পুরান ঢাকার এক প্রান্তে। নতুন ঢাকার রাজধানী পরিচয় হারিয়ে গেল ১৯১১ সালে। ওই বছর দিল্লির দরবারে ঘোষণা হয়ে গেল বঙ্গভঙ্গ রদের। পূর্ববঙ্গ-আসাম প্রদেশ তার অস্তিত্ব হারাল, ঢাকা হারাল তার রাজধানীর পরিচয়। কিন্তু যে মনোরম পল্লি রমনা গড়ে উঠেছিল নতুন রাজধানীর চাহিদা মেটাতে, সেটা রয়ে গেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জন্মলগ্নেই পেয়ে গেল একটি অতি মনোরম ক্যাম্পাস। এটি বিরল সৌভাগ্য হয়েই এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবনে। মহীরুহের ছায়ায় ঘাস হতে পারে, তবে গাছ হয় না। গাছের জন্য প্রয়োজন রৌদ্র, আলো ও বাতাসের। কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল আকারে-অবয়বে মহীরুহতুল্য। স্বল্প পরিসরে ঢাকার কার্যক্রম সীমিত হলেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠত্ব ও বিশালত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিকাশের পথে বাধা হতে পারত, কিন্তু শেষ অবধি হয়নি। এটা ঠিক যে, মূলত শিক্ষা-দীক্ষার অনগ্রসর পূর্ববাংলার মুসলিম সমাজের স্বার্থ বিবেচনা করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পত্তন হওয়া সত্ত্বেও পূর্ব বাংলার সব উচ্চশিক্ষার্থী ঢাকায় আসেননি। এর একটি বড় অংশ কলকাতায় গিয়েছে বিশ্ববিদ্যালয়ে ও বিভিন্ন কলেজে। দীর্ঘকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিকে খাটো করা হয়েছে কলকাতার তুলনায়। ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় নগর কলকাতার এক বিশেষ আকর্ষণ ছিল যুবা বয়সী ছাত্রদের কাছে। তা ছাড়া ডিগ্রির মূল্যায়নেও কলকাতা ছিল এগিয়ে। এত কিছুর পরও ঢাকা বিশ্ববিদ্যালয় ধীরে অথচ নিশ্চিতভাবে সর্বভারতীয় উচ্চশিক্ষার জগতে অচিরেই খ্যাতনামা হয়ে উঠেছিল। এর কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয় কলকাতা বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ‘কার্বন কপি’ ছিল না। সূচনালগ্ন থেকেই বিশিষ্ট ছিল এর আবাসিক চরিত্র, তিন বছর মেয়াদি ডিগ্রি-অনার্স কোর্স, টিউটরিয়াল-ব্যবস্থা, ছাত্র-শিক্ষক অনুপাত ও আশ্রমোচিত পরিবেশ নিয়ে। এসব কারণে এর শিক্ষকেরা শুরু থেকেই ছিলেন সর্বভারতীয় চরিত্রের। শিক্ষক নির্বাচনে সাম্প্রদায়িক বিবেচনায় মুসলমানের কোনো বিশেষ দাবি গ্রান্ট করা হয়নি। শিক্ষামানের মৌলিক দাবিকে ক্ষুণ্ন হতে দেওয়া হয়নি। সুষ্ঠু শিক্ষার পরিবেশ, মানসম্মত শিক্ষা, শিক্ষকমণ্ডলীর গবেষণার উচ্চমান—সবকিছুর সমন্বয়ে বিভাগপূর্ব ভারতে ঢাকা বিশ্ববিদ্যালয় ঈর্ষণীয় কৃতিত্ব অর্জন করেছিল। ১৯৪৭-এ ভারত বিভাগ ও স্বতন্ত্র রাষ্ট্র পরিচয়ে পাকিস্তানের জন্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্র ও এর ভূমিকায় বড় পরিবর্তনের সূচনা করে। বিশ্ববিদ্যালয়কে তার একক (unitary) ও আবাসিক চরিত্র হারাতে হয়। দেশের কলেজগুলোর অধিভুক্তির দায়িত্ব, যা এযাবৎকাল কলকাতা বিশ্ববিদ্যালয় পালন করেছে, তা ঢাকার ওপর বর্তায়। বিশ্ববিদ্যালয়ের প্রবীণ ও খ্যাতিমান শিক্ষকেরা একে একে বিশ্ববিদ্যালয় থেকে, এ দেশ থেকে চলে যান। ফলে শিক্ষাদানের ক্ষেত্রে এক বিরাট শূন্যতার সৃষ্টি হয়। সে শূন্যতা সহজে পূরণ হয়নি। বিশ্ববিদ্যালয়কে এক সম্পূর্ণ নতুন শিক্ষকমণ্ডলী গড়ে তুলতে হয়েছে। জাতীয় ক্ষেত্রে একটি নতুন প্রশাসন ও নতুন অর্থনীতি গড়ে তোলার মতোই দুরূহ কাজ ছিল সেটি।১৯৪৭-পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এক অতি দ্রুত বৃদ্ধি ও বিকাশের ইতিহাস। উচ্চশিক্ষার আনুভূমিক সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে সারা দেশে নতুন কলেজ সৃষ্টি হয় ও মাধ্যমিক শিক্ষার সম্প্রসারণের ফলে এসব কলেজে ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তির চাপ ক্রমাগত বাড়তে থাকে। ১৯৫৩ সালে রাজশাহীতে ও ১৯৬৫ সালে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও এবং কলেজ অধিভুক্তির দায়িত্ব সবাই ভাগ করে নিলেও ঢাকার ওপর চাপ অব্যাহত থাকে। বর্তমানে যেসব সমস্যার ভারে ঢাকা বিশ্ববিদ্যালয় বিড়ম্বিত, এর অন্যতম উৎস এই বহনক্ষমতার চেয়ে অনেক বেশি ছাত্রছাত্রীর চাপ। এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্টতার অন্যতম স্তম্ভ আবাসিক হলগুলো অশান্তি ও ক্ষোভের কেন্দ্রে পরিণত হয়েছে। অতীতের সেই সুষ্ঠু ও শান্ত শিক্ষার পরিবেশ ধ্বংস হয়ে গেছে। শত চেষ্টায়ও তা আর ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের বর্তমান চিত্র রীতিমতো বিভ্রান্তিকর। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে উচ্চশিক্ষাঙ্গনের ছবি পুরোপুরি বদলে গেছে। বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ৫০টিরও অধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় এখন মোট শিক্ষার্থীর বৃহত্তর অংশটিকে ধারণ করছে। একক অথবা কতিপয়ের অন্যতম, বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জাতীয় গুরুত্ব ছিল বহুকাল ধরে, তা আর নেই। তবে প্রাচীনতম ও বৃহত্তম বিশ্ববিদ্যালয় হিসেবে তার যে গুরুত্ব, তা ক্ষুণ্ন হয়নি। অনেক সমস্যার ভারে ভারাক্রান্ত এই বিশ্ববিদ্যালয় আজও সারা দেশের আগ্রহ ও আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। এই বিশ্ববিদ্যালয় থেকে যদিও মুখ ফিরিয়ে নিয়েছে দেশের সদ্য গড়ে ওঠা উচ্চবিত্ত শ্রেণী, কিন্তু সাধারণ মধ্যবিত্তের স্বপ্ন এখনো এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে। উচ্চবিত্ত সম্প্রদায়ের সঙ্গে যে ব্যবধান সৃষ্টি হয়েছে, তা অবশ্যই দুঃখজনক এবং আপাতদৃষ্টিতে প্রতিকারের অতীত। সেশনজটের চড়া দাম দিতে রাজি নয় এই উচ্চবিত্ত, উচ্চ-মধ্যবিত্ত শ্রেণী। দেশে গুটিকয় নির্ভরযোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয় এদের সন্তানের বিদেশযাত্রার গতি রোধ করেছে অনেকটাই। যাদের পক্ষে বিদেশ ও স্বদেশের ব্যয়সাধ্য উচ্চশিক্ষা সাধ্যাতীত, তারাই এখনো ভিড় করছে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে। এবং এদের মধ্যে সর্বাধিক আকাঙ্ক্ষিত জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়; আকারে-আয়তনে-ছাত্রসংখ্যায় এক অতিকায় বিশ্ববিদ্যালয়। তবে অতীতের সুনাম-হারানো এক প্রতিষ্ঠান, যা নিজেকে প্রাচ্যের অক্সফোর্ড বলে দাবি করতে কখনো ক্লান্তিবোধ করে না। কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ তালিকায় যাকে খুঁজে পাওয়া যায় না, তার এই আত্মগৌরব তাকে রক্ষা করতে পারছে না। তবে বৃহত্তর বাঙালি সমাজ এই বিশ্ববিদ্যালয়ের ওপর তার আস্থা পুরোপুরি প্রত্যাহার করে নিয়েছে, তাও বলব না। এ বিশ্ববিদ্যালয়ের কাছে দেশের প্রত্যাশা পূরণ হচ্ছে না—এ জন্য বিশ্ববিদ্যালয়কে দায়ী করা যায় না। এক জটিল জাতীয় সমস্যার আবর্তে পড়ে বিশ্ববিদ্যালয়ের এই দুরবস্থা, যা প্রতিকারের অতীত নয় বলেই আমার বিশ্বাস। বিশ্ববিদ্যালয়ে যেমন অছাত্রের ভিড় রয়েছে, তেমনি প্রকৃত ছাত্রও আছেন। কিছু অশিক্ষক থাকলেও খাঁটি শিক্ষকের অভাব নেই। চারদিকে অন্ধকারের মধ্যেও এখানে-ওখানে জ্বলছে কিছু উজ্জ্বল দীপশিখা। নিষ্ঠাবান শিক্ষক, ছাত্র কাজ করে যাচ্ছেন নীরবে। গবেষণার ধারা স্তিমিত, তবে স্তব্ধ নয়। সবচেয়ে বড় কথা, এখানে আছে সবুজ প্রাণের সমারোহ। রয়েছে বাংলাদেশের সৃষ্টিশীল অদম্য তারুণ্যের একটি বড় অংশ। অযোগ্যতা, স্বার্থপরতা ও অব্যবস্থাপনার বাধা ডিঙিয়ে নিজেকে পুনরাবিষ্কারের ক্ষমতা রাখে এই তারুণ্য ও এই ৯০ বছরের চিরতরুণ বিশ্ববিদ্যালয়। আজ আমি যা, তা সম্ভব হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের কারণে। এর প্রতি আমার কৃতজ্ঞতা আমি ভুলি কী করে? একে শতবর্ষপূর্তির শুভেচ্ছা জানিয়েই আমি বিদায় নেব।