ঢাকা শহরের আঙুরচাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঙুরচাষি সৈয়দ আহসানুল হক
আঙুরচাষি সৈয়দ আহসানুল হক

ঢাকায় বসে বছরজুড়ে নিজের গাছের থোকা থোকা আঙুর খাওয়ার কথা ভাবা যায়! আর সেই আঙুর ফল টকও নয়, মিষ্টি। টবে না হয় এক-আধটু চাষ করে একবার স্বাদ নেওয়ারও সুযোগ হতে পারে। কিন্তু বছরজুড়ে আঙুর চাষ—তা-ও আবার ঢাকা শহরে!
এই কাজটাই করছেন উত্তর বাড্ডার বাসিন্দা ষাটোর্ধ্ব সৈয়দ আহসানুল হক। অবসরপ্রাপ্ত ডিপ্লোমা প্রকৌশলী। ১৬ বছর ধরে তাঁর যত্নে বেড়ে উঠছে বারোমাসি আঙুরগাছ। নিজেই আঙুরগাছের যত্ন নেন, কলমের চারা তৈরি করেন। সেই চারা আবার বিনা মূল্যে বিলিয়ে দেন বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনকে। কখনো নিজে পৌঁছে দিচ্ছেন, আবার কখনোবা তাঁরাই এসে নিয়ে যাচ্ছেন।
কীভাবে শুরু হলো এই আঙুর চাষ? আহসানুল হক নিয়ে গেলেন তাঁর ছেলেবেলায়, সেই ১৯৬৪ সালে। তখন খুলনায় তাঁদের বাড়িতে ভাড়া থাকতেন নার্সারির এক মালিক। গাছপালার প্রতি আগ্রহ তৈরি হয় তখনই। তবে ঢাকায় তাঁর আঙুর ফলানো শুরু ২০০১ সালে। খুলনা থেকেই নিয়ে এসেছিলেন নিজের লাগানো বারোমাসি আঙুরের কলম।
কিছুদিন আগে দেখে আসি সৈয়দ আহসানুল হকের ‘আঙুর রাজ্য’। উত্তর বাড্ডার সাতারকুল সুবাস্তু ওয়ার্কশপ। ওয়ার্কশপের টিনের চালে জালের মাচা। কড়া রোদে ডালভর্তি আঙুরগাছ যেন বিছিয়েছে সবুজ চাদর। আহসানুল হক বলেন, ‘এখানে প্রচুর রোদ পায় বলে আঙুর চাষ হয় ভালো।’
আঙুরের লতানো কাণ্ডে যে–ই দেখছেন শিকড় বেরোচ্ছে, সৈয়দ আহসানুল হক তাতে মাটিভর্তি পলিথিন বেঁধে দিচ্ছেন কলমের চারা করার জন্য। শুধু আঙুরই নয়, অন্যদের উপহার দেবেন বলে হিজলগাছের চারাও করছেন একই সঙ্গে। আহসানুল হক বললেন তাঁর ইচ্ছার কথা—‘ঢাকার বছিলায় মেয়ের কেনা জমিতে, আঙুরের পাশাপাশি একটি অর্কিড ও ক্যাকটাসের বাগান গড়ে তুলতে চাই।’