ঢাকাকে পরিচ্ছন্ন রাখার শপথ

ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখার শপথ নিয়েছে শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সিটি করপোরেশন সামাজিক সাংস্কৃতিক ফোরাম, বেসরকারি উন্নয়ন সংস্থা লাইফ ও এটিএন বাংলা যৌথভাবে ‘ক্লিন ঢাকা ক্যাম্পেইন-২০১৪’ শিরোনামে আজ সেখানে এক অনুষ্ঠানের আয়োজন করে।
রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশন সামাজিক সাংস্কৃতিক ফোরামের চেয়ারম্যান শফিকুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আবদুল কাদের, এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজেশ আলী খান, লাইফের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কামরুল ইসলাম, কর্মসূচি সমন্বয়ক আমীরুল ইসলাম, চিলড্রেনস ভয়েসের কো-চেয়ারম্যান আকতার হোসেন। অনুষ্ঠানে লাইফের কর্মসূচি পরিচালক মুহাম্মদ আমীরুল ইসলাম শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে ব্যাপক জনসচেতনতা কার্যক্রম চালাতে হবে। বর্জ্য বহনকারী ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের নিয়েও ব্যাপক সচেতনতা কার্যক্রম চালিয়ে যেতে হবে।
বক্তারা আরও বলেন, ‘আমাদের মনে রাখতে হবে মানুষের আচরণ বা অভ্যাস পরিবর্তন খুব সহজ কাজ নয়। আমাদের অভ্যাসে পরিবর্তন আনতে না পারলে পরিচ্ছন্ন ঢাকা গড়া সহজ হবে না।’