ঢাকাগ্রাম: আহা ঢাকা! না উফফ ঢাকা!

সেই দিন আর কই যখন শিস দিয়ে কেউ গেয়ে উঠত, ‘ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে, লাল-লাল নীল-নীল বাত্তি দেইখা পরাণ জুড়াইছে।’ কয়েক দশক আগে একটা সাততলা বাড়ি যে শহরের সর্বোচ্চ দালান ছিল এখন সেখানে দিগন্তরেখার দেখা মেলাই দুস্কর। তবু, দ্রুত বদলাতে থাকা নগরে সব অনিশ্চয়তা আর দুর্বিষহ প্রাত্যহিকতার মধ্যেও টুকরো টুকরো সুখ-দুঃখ, হাসি-কান্না নিয়ে বয়ে চলা এই জীবন তো ঢাকাতেই! এই ঢাকার অলি-গলি-রাজপথ-চিলেকোঠার নিত্যদিনের সেইসব ছবি নিয়ে এক আলোকচিত্র প্রদর্শনীর নাম ‘ঢাকাগ্রাম’।
এই প্রদর্শনীর নামের ‘গ্রাম’-টা কি আমাদের ফেলে আসা গ্রাম! নাকি স্মার্টফোন অ্যাপস ‘ইন্সটাগ্রাম’ দিয়ে তোলা ঢাকার ছবি নিয়েই এ প্রদর্শনী বলে এর নাম ঢাকাগ্রাম! সেকথা জানতে আপনাকে যেতে হবে অভিনব এই এক দিনের প্রদর্শনীতে। ২৬ এপ্রিল শনিবার সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এই আলোকচিত্র প্রদর্শনী চলবে ধানমন্ডির ৭/এ সড়কের ফুটপাথে। প্রদর্শনীটির আয়োজক ঢাকাগ্রাম এবং কিউরেটর আলোকচিত্রী আমিরুল রাজিব।

ঢাকা এখন দুনিয়ার সবচয়ে জনবহুল নগরগুলোর একটা। বসবাসের সুবিধা বিবেচনায় তালিকায় সবচেয়ে নিচের দিকের নগর এই ঢাকা। পরিসংখ্যানে এমন আরও অনেক অনেক অভিধা মিলবে ঢাকার। কিন্তু এখন এই ঢাকা নিয়ে বলতে গেলে আমরা কীভাবে মনের ভাব প্রকাশ করব, এ বিষয়ে এক দিনের এই ছবির প্রদর্শনীর আয়োজকদের মনের ছবির কিছুটা হয়তো টের পাওয়া যাবে প্রদর্শনী উপলক্ষে প্রকাশিত তাদেরই লেখায়। অংশগ্রহণকারীদের একজন ইমরান ফিরদাউস লিখেছেন এ নিয়ে—
‘শান্তির কোমল অনুভূতির প্রকাশে আহা! ঢাকা! এখন আর কই বলে থাকি আমি, আপনে বা আমরা। বরং উফফ! ঢাকা! বের হয় দীর্ঘশ্বাসের মধ্যে দিয়ে। যান্ত্রিক ঢাকায় বসে ছটফট করি...ঢাকার অদূরে ছায়া সুনিবিড় কোনো রিসোর্টের খোঁজে। যেন বা, প্রকৃতির মমতা আজ ঐখানেই। শহরে কোনো প্রাণ নাই, আছে খালি প্লাস্টিক।’

ইমরান লেখেন, ‘ঢাকাকে আধুনিক করতে গিয়া তোমার মনে থাকে না তুমি এখনো বালিশে মায়ের গন্ধ খোঁজো। এর মধ্যে কোনো গ্রাম্যতা বা অকোয়ার্ডনেস নাই। তুমি কি জানো না ইতিহাস মানে ভুলে যাওয়া অতীত নয়! আর তাই, ঢাকাগ্রাম কোনো আলোকচিত্র প্রদর্শনী নয়। এটি ঢাকাশহরের নেমেসিস মাত্র।’
প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা হলেন অনিন্দ্য কবির অভিক, আমিরুল রাজিব, আবেদীন সাফী, ইমরান ফিরদাউস, ইসমাইল ফেরদৌস, এন্ড্রু বিরাজ, কাজী তাহসিন আগায, জেসিকা ইসলাম, দর্শন চাকমা, দাউদ হেলাল ফাহিম, বিস্কুট, ফারহান চৌধুরী, সউদ আল ফয়সাল, সায়ান চৌধুরী অর্ণব, সৈয়দ রাশাদ ইমাম, স্ট্যালিন জোসেফ, শিফুল রিয়াদ ও শেখ মেহেদী মোরশেদ।
আলোকচিত্র প্রদর্শনী ‘ঢাকাগ্রাম’
স্থান: ধানমন্ডি ৭/এ সড়কের ফুটপাথ (কেএফসির বিপরীত দিকে)
দিনক্ষণ: সকাল নয়টা থেকে রাত নয়টা। ২৬ এপ্রিল, ২০১৪।
প্রদর্শনীর ফেসবুক ইভেন্টের ঠিকানা: https://m.facebook.com/events/1385049741778966/