ঢাকাতেই মারমেইড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদর দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চমকে উঠতে পারেন। ঢাকা শহরেই আছি তো! কাগজের ঠোঙায় মোড়া মোমবাতি ও হারিকেনের মৃদু আলো আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত। পায়ের নিচে বালি-পাথরের মিশেল। সাগরপারের গাছগাছালি চারপাশে। একদিকের দেয়ালে বিশাল এক আয়না। তার সামনে বিশাল এক গাছের গুঁড়ি খোদাই করে বানানো জোড়াবিহীন নৌকায় ভাসছে মোমবাতি। সব মিলিয়ে স্বপ্ন স্বপ্ন একটা পরিবেশ। বলছি ঢাকার বারিধারায় মারমেইড গ্যালারি ক্যাফের কথা। ২০০৫ সালে কক্সবাজারের কলাতলীতে প্রথম মারমেউড ক্যাফে চালু হয়। কক্সবাজারে গিয়ে মারমেইডে যাননি এমন পর্যটকের সংখ্যা হাতে গোনা। ২০০৯ সাল থেকে প্যাঁচার দ্বীপে তারা শুরু করে মারমেইড ইকো রিসোর্ট। কক্সবাজারের নিয়মতি গ্রাহকেরাই একসময় বলতে শুরু করেন, ঢাকায় কেন এর কোনো শাখা নেই। মূলত সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে ঢাকায় আসা। বারিধারার কূটনীতিক এলাকার ৯ নম্বর রোডের ৯ নম্বর বাড়িতে গত বছরের সেপ্টেম্বর থেকে চালু হয় এটি।জুস বারমূল রেস্তোরাঁর বাইরে খোলা বারান্দায় আছে জুস বার। এখানে পৌঁছাতেই আপনাকে স্বাগত জানানো হবে লেমোনেড দিয়ে। ঘাস, লতাপাতার ওপর কাচঘেরা অথবা মাছ আকৃতির টেবিলে বসে চেখে দেখতে পারেন হরেক পদের জুস, চা, কফি, আইসক্রিম। জুস বারের ওপরটা খড়ের গাদা দেওয়া। আর পায়ের নিচে কক্সবাজার এলাকার আবহ। তিনতলার ছাদের ওপরেও আছে আরেকটি জুস বার। এই জায়গাটি মূলত পার্টির জন্য। তবে এমনিতেও বসতে পারবেন।অন্দরমহলমূল রেস্তোরাঁর ভেতরে আস্ত একটা গাছের শিকড় রাখা। এখানকার বিপণন, বিক্রয় ও জনসংযোগ বিভাগের প্রধান রাজীব আহমেদ জানালেন, এটি কক্সবাজার থেকে ট্রাকে করে নিয়ে আসা হয়েছে এই রেস্তোরাঁর জন্যই। বাঁশের চিকের পর্দা দেওয়া প্রতিটি জানালায়। আছে কাগজের খেলনাও। কাঠের সিঁড়িতে আয়েশী পা ফেলে দোতলায় উঠলেই চোখে পড়বে দুটি কনফারেন্স রুম। আলোকসজ্জা নিয়ে প্রচুর মাথা ঘামানো হয়েছে, বোঝা যায়। এখানে-ওখানে স্পটলাইট, টিনের বাক্স ফুটো করে তার মধ্যে ভরে দেওয়া হয়েছে আলো। বাঁশের চালনি কিংবা কাগজের কারুকাজ দিয়ে ঢেকে রাখা হয়েছে আলোর উৎস। বেড়ার ফাঁকে, এমনকি মাটির নকশার ফাঁকেও আছে আলো। আসবাবপত্রের ধাঁচটা সামুদ্রিক। জাহাজের পুরোনো আসবাব জায়গা পেয়েছে প্রচুর। সেগুলোর সঙ্গে তাল মিলিয়ে বানানো হয়েছে অন্যান্য আসবাব। মোটামুটি সবকিছুই কাঠের তৈরি। মাটির পাত্রে রাখা আছে ফুল। কোথাও কোথাও পেইন্টিং। এ ছাড়া পুরো রেস্তোরাঁর দেয়ালজুড়ে পেইন্টিং ঝুলছে। রেস্তোরাঁটি ওয়াইফাই জোন করা। নিজস্ব ল্যাপটপ বা মোবইলে অনায়াসে ইন্টারনেট ব্রাউজিং করতে পারেন। নিচতলায় রান্নার সামগ্রীর ছোট একটা দোকান আছে। কাসুন্দি, মিষ্টি মরিচ, ঝাল মরিচ, ঘি, মধু, কাউনের চাল, কালোজিরা, নানা রকম মসলা, যবের ছাতু, মেথি, তিল, রাজমা, হরীতকী, কিসমিস, মাসকালাই ডাল ইত্যাদি কিনতে পাওয়া যায়। খাবার দাবারএখানকার মূল ক্রেতা হচ্ছেন বারিধারার কূটনীতিকেরা। খাবারের পদটাও তাই মিশ্রিত। কন্টিনেন্টালের সঙ্গে এশিয়ান খাবারের পাঁচমিশালি করা হয়েছে। সামুদ্রিক খাবারই বেশি। দুই দিন পরপর কক্সবাজার থেকে সামুদ্রিক খাবার বিমানে করে নিয়ে আসা হয় ঢাকায়। গরুর মাংস, পনির ইত্যাদি কাঁচা খাবার আসে অস্ট্রেলিয়া থেকে। অধিকাংশ রান্না করা হয় স্পেনের এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে। এখানকার জুসবারের পানীয়র দাম পড়বে ৬০ থেকে ৩০০ টাকা। চা, কফি পাওয়া যাবে ৮০-২৫০ টাকায়। ইতালিয়ান পাস্তা পাবেন চার পদের, দাম ৬০০-৭০০ টাকা। স্যুপ আছে দুই ধরনের। দাম ৩৯০-৬৫০ টাকা। থাই বিফ সালাদ, বার-বি-কিউ চিকেন সালাদসহ পাঁচ পদের সালাদ পাবেন। দাম ৫০০-৬৫০ টাকা। চিংড়ি ইত্যাদি সামুদ্রিক মাছের প্ল্যাটারের দাম পড়বে ৪০০-৭০০ টাকা। সামুদ্রিক খাবারের ভিড়ে মুরগির মাংস থাকবে না, তা কি হয়! মুরগির বিভিন্ন প্রিপারেশনের দাম পড়বে ৪৫০-৮০০ টাকা। গরুর বিভিন্ন পদের দাম ৬০০-১২০০ টাকা। গ্রিলড চিংড়ির দাম প্রতি ১০০ গ্রাম ৯০০ টাকা। এ ছাড়া টুনা, স্যামন, রেড স্ন্যাপার ইত্যাদি সামুদ্রিক মাছের বিভিন্ন পদ পাওয়া যাবে। নিরামিষভোজীদের জন্যও আছে বিশেষ আইটেম। বিভিন্ন ডেজার্টের দাম পড়বে ২০০-৪৫০ টাকা। এ ছাড়া মুভেনপিকের জিভে জল আনা আইসক্রিম তো আছেই।সকাল থেকে গভীর রাত অবধি খোলা থাকে মারমেইড।রেসিপিগ্রিলড লবস্টারউপকরণ: সামুদ্রিক চিংড়ি কমপক্ষে ৩০০ গ্রাম ওজনের, সরিষা ২৫ গ্রাম, লেবু ১ টি, মাখন ২০০ গ্রাম, বেসিল ৫০ গ্রাম, শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ ও কাঁচা মরিচ পরিমাণমত, সবজি পরিমাণমতপ্রণালী: প্রথমে সরিষা, শুকনা মরিচ, কাঁচা মরিচ ও লবন দিয়ে চিংড়িটাকে মেরিনেট করতে হবে। এরপর চিংিড়িটাকে মাঝখান দিয়ে ফেঁড়ে ওভেনে গ্রিল করতে হবে। এরপর মাখনও বেসিল একসঙ্গে মিলিয়ে বিশেষ সস তৈরি করতে হবে। বাছাই করা কিছু সবজি সেদ্ধ করে রাখতে হবে আগে থেকেই। চিংড়ি গ্রিল হয়ে গেলে মাখন-বেসিল সস এবং সেদ্ধ সবজির সঙ্গে সাজিয়ে পরিবেশন করতে হবে।