ঢাকায় তরুণদের ‘জাতিসংঘ’
‘আমি এই প্রথম কোনো মুন সম্মেলনে অংশ নিলাম। অসাধারণ লাগছে। মনে হচ্ছে, সত্যিই যেন জাতিসংঘের কোনো অধিবেশনে বসে আছি। আমি নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করছি। সেই দেশের প্রেক্ষাপটে কিছু সুপারিশও দিয়েছি।’ বলছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়নাল আবেদীন। পাশে বসে থাকা বন্ধু সাইফুল ইসলাম খানও একমত হন।১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শেষ হলো ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড ন্যাশনস (বিআইমুন) ২০১২’। এই সম্মেলনের স্লোগান ছিল, ‘এন্ড ভায়োলেন্স এগেইনস্ট উইমেন’।এই সম্মেলনের আয়োজন করে ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)। সহ-আয়োজক ছিল ইউনিক ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়।‘মুন’ হচ্ছে প্রতীকী জাতিসংঘ অধিবেশন, যেখানে তরুণেরা অংশগ্রহণ করে। চার দিনের এই সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেন।কানিজ ফাতিমা চৌধুরী এসেছেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। তিনি বলেন, ‘আমি চিলির হয়ে প্রতিনিধিত্ব করছি।’ মুফতি মেজবাউর রহমান এসেছেন ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। তিনি আয়োজন সম্পর্কে বলেন, ‘আসলে এটা খুবই ভালো একটা উদ্যোগ।’আন্তর্জাতিক মুন সম্মেলনে সাধারণত এক দেশের শিক্ষার্থী অন্য দেশের প্রতিনিধিত্ব করেন। কিন্তু এখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলেন সাজিদা আলম। সাজিদা বলেন, ‘অন্যরা তো নিজ দেশের বাইরে আরেকটি দেশের প্রতিনিধিত্ব করেছেন। এই দিক থেকে আমি ভাগ্যবান। আমি তুলে ধরেছি বাংলাদেশের ক্ষেত্রে নারী নির্যাতন বন্ধে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার কথা।’কথা হলো চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) অধ্যাপক নিকি সারোকার সঙ্গে। তিনি বলেন, ‘আমরা ছয়জনের একটি দল নিয়ে এসেছি। এর মধ্যে রয়েছেন নেপাল, পাকিস্তান, আফগানিস্তান আর বাংলাদেশের শিক্ষার্থীরা; যাঁরা সবাই চট্টগ্রাম এইউডব্লিউর আবাসিক শিক্ষার্থী।’এই সম্মেলন উপলক্ষে ২০টি দেশ থেকে শিক্ষার্থীদের ঢাকায় আসার কথা থাকলেও বিদেশ থেকে একজন শিক্ষার্থীও ঢাকায় আসতে পারেননি। বিদেশি শিক্ষার্থীদের না আসার বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক ইউনিস্যাবের পরিচালক কানিজ ফাতিমা। তিনি জানান, ‘আসলে আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার কারণে শেষ পর্যন্ত বিদেশ থেকে কোনো শিক্ষার্থীই এই সম্মেলনে এসে পৌঁছাতে পারেননি। আমরা চেষ্টা করব ভবিষ্যতে এসব সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার।’অনুষ্ঠানে বিভিন্ন দিনে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী (বাংলাদেশ) নেইল ওয়াকার, ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি আর্থার এরকেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ।