ঢাকায় বসে কোরিয়ার খাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাং গাম নামে প্রাচীন কোরিয়ার বিখ্যাত এক পাচক ছিলেন। সেই সময়ের সম্রাট তাঁর রান্নায় অভিভূত হয়ে তাঁকে দে (শ্রেষ্ঠ) উপাধি দেন। সেখান থেকেই ‘দে জাং গাম’ নামটি কোরিয়ার ইতিহাসের অংশ হয়ে গেছে। এই গল্প নিয়ে নাটক, উপন্যাস, টিভি সিরিয়াল থেকে চলচ্চিত্রও তৈরি হয়েছে। এই নামে কোরিয়াতেই রেস্তোরাঁ আছে কয়েক শ। বাংলাদেশে এই নামে বছর খানেক ধরে রেস্তোরাঁ চালিয়ে আসছেন কিম সিয়ং হি এবং কিম জি ওয়াং কোরিয়ান দম্পতি। গুলশান ২-এ গুলশান ক্লাবের পাশেই ৫০ নম্বর রাস্তা। এখানের ১২/বি বাসাতেই বিশাল রেস্তোরাঁ দে জাং গাম। রাস্তার পাশেই বিশাল কাঠের দরজায় আঁকা কোরিয়ার পতাকার লাল-নীল প্রতীক। নিচতলার পুরোটা পার্কিং। দ্বিতীয় থেকে চতুর্থ তলা পর্যন্ত রেস্তোরাঁ। কোরীয় রীতিতে সাজানো হয়েছে অন্দর।দরজা খুলতেই চোখে পড়বে শোকেসে রাখা তিনটি কোরীয় বাদ্যযন্ত্র। এ রকম আরও বহু শোপিস পাবেন পুরো রেস্তোরাঁয়। কোরিয়ার ঘড়ি, মুখোশ, সিন্দুক, চিত্রাঙ্কন, ক্যালিগ্রাফি, ফোয়ারা, পর্দা—সব মিলিয়ে বেশ একটা বনেদি ভাব। এই তলায় বড় হলকক্ষে খাওয়ার ব্যবস্থা। যাঁরা একটু নিজেদের মতো করে সময় কাটাতে চান তাঁরা চলে যান তিনতলায়। ছোট ছোট আলাদাকক্ষে নিজেদের মতো করে সময়টা উপভোগ করতে পারবেন। একেকটা কক্ষে চার থেকে ২০ জন পর্যন্ত বসতে পারবেন। পার্টি করতে চাইলে গানের আয়োজন (কারাওকে) পাবেন বিনা মূল্যে।এই তলাতেই সভাকক্ষ। এখানে রাখা আছে এই কোরীয় দম্পতির গ্রামের বাড়ির দরজা-জানালা। কোরিয়া থেকে জাহাজে করে নিয়ে এসেছেন সেটা। চতুর্থ তলায় পুরোটাই বুলগুগি (কাবাব) জোন। এখানে প্রতিটি টেবিলে আছে ওভেনের মতো জায়গা। যেখানে কয়লায় কাবাব ঝলসে খাবেন নিজেই। এ ছাড়া পার্টির জায়গা তো আছেই।