ঢাকায় শিল্পী কাজী গিয়াসউদ্দিনের একক প্রদর্শনী

বরেণ্য চিত্রশিল্পী কাজী গিয়াসউদ্দিনের একটি একক চিত্রকলা প্রদর্শনী হতে যাচ্ছে রাজধানীতে। ‘নোটেশন.রিকন্সট্রাকটেড’ শিরোনামে এ প্রদর্শনীর আয়োজন করেছে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস। আজ সন্ধ্যা ছয়টায় যৌথভাবে এ প্রদর্শনী উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
এবারের পয়লা বৈশাখে দেশের অগ্রণী শিল্প-প্রদর্শনালয় বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস পনেরো বছর পার করল। পঞ্চদশ প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবেই দেশের অন্যতম অগ্রগণ্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী কাজী গিয়াসউদ্দিনের সাম্প্রতিক চিত্রকর্ম নিয়ে এই একক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের।

শিল্পী কাজী গিয়াসউদ্দিন দীর্ঘদিন ধরে জাপান ও বাংলাদেশে সমান্তরালভাবে শিল্পচর্চা চালিয়ে যাচ্ছেন। টোকিও ও ঢাকায় বসে আঁকা তাঁর সাম্প্রতিক প্রায় ৪০টি চিত্রকর্ম স্থান পাচ্ছে এই প্রদর্শনীতে। আগামী ২৬ মে ২০১৫ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
শিল্পী কাজী গিয়াসউদ্দিন ১৯৫১ সালে মাদারীপুরে জন্ম গ্রহণ করেন। ১৯৭০ সালে ঢাকার তৎকালীন চারু ও কারুকলা মহাবিদ্যালয় (বর্তমান চারুকলা অনুষদ, ঢা.বি.) থেকে বিএফএ ডিগ্রি নেন। পরে যথাক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও টোকিও ন্যাশনাল ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস থেকে দুটি মাস্টার্স ডিগ্রি লাভ করেন তিনি। ১৯৮৫ সালে টোকিও ন্যাশনাল ইউনিভার্সিটি অব ফাইন আর্টস অ্যান্ড মিউজিক থেকে অর্জন করেন চারুশিল্পে পিএইচডি ডিগ্রি।
দেশে-বিদেশে তাঁর ৫৫টিরও বেশি একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া বহু দলবদ্ধ প্রদর্শনীতেও অংশগ্রহণ করেছেন খ্যাতনামা এই শিল্পী। বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস যাত্রা শুরুর প্রথম বছরই শিল্পী কাজী গিয়াসউদ্দিনের একক প্রদর্শনী আয়োজন করেছিল। পঞ্চদশ প্রতিষ্ঠা বার্ষিকীতে চতুর্থবারের মতো তাঁর প্রদর্শনীর আয়োজন করল বেঙ্গল গ্যালারি।

এই প্রদর্শনী সম্পর্কে এক বার্তায় বেঙ্গল গ্যালারি লিখেছে,‘প্রবাসে বাংলাদেশের স্বল্পসংখ্যক যে কজন শিল্পী প্রতিভা আর উদ্যমের কল্যাণে নিজ স্বাক্ষরকে নতুন মাত্রায় প্রতিভাত করেছেন, কাজী গিয়াস তাঁদের মধ্যে অন্যতম। চেতনে আর অবচেতনে জন্মভূমির প্রতি শিল্পীর যে গহন ভালোবাসা, পরদেশে সৃষ্ট চিত্রপটেও তার চিত্তগ্রাহী ছাপ দৃশ্যমান হয়। জাপানের চিত্রকলা বা সংস্কৃতি তাঁকে প্রভাবিত করলেও নিজ দেশের চিরায়ত মাধুর্যই তাঁর চিত্রচর্চার অন্তিম অনুপ্রেরণা।’
প্রদর্শনী: নোটেশন.রিকন্সট্রাকটেড
উদ্বোধন: ১৮ এপ্রিল, ২০১৫। প্রদর্শনী চলবে ২৬ মে, ২০১৫ পর্যন্ত।
স্থান: বেঙ্গল শিল্পালয়, বাড়ি-২৭৫/এফ, রোড-২৭ পুরাতন, ধানমন্ডি, ঢাকা।
গ্যালারি খোলা: প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।