ঢাকায় স্লাইডলাকের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি ইউরোপে অনুষ্ঠিত একটা স্লাইডলাক আসরে পটলাক ডিনারে অংশগ্রহণকারী শিল্পীরা।
সম্প্রতি ইউরোপে অনুষ্ঠিত একটা স্লাইডলাক আসরে পটলাক ডিনারে অংশগ্রহণকারী শিল্পীরা।

দুনিয়াজুড়ে শিল্পী ও শিল্পানুরাগীদের ফোরাম স্লাইডলাকের অংশীদারত্বে বাংলাদেশে এই প্রথম একটি স্লাইডলাক আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাবের বার্ষিক প্রদর্শনীতে অংশ নেওয়া আলোকচিত্রী এবং অতিথি শিল্পীদের কাজ নিয়ে ২৯ ডিসেম্বর এই আসর বসবে।

রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আর্ট সেন্টারে সোমবার সন্ধ্যা ছয়টায় শিল্পকর্মের প্রদর্শনীসহ শিল্পীদের এই আসর শুরু হবে। স্লাইডলাক বাংলাদেশের প্রযোজক তামিম জামশেদের তত্ত্বাবধানে স্লাইডলাক ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাবের প্রযোজক সামিউল আহসান এ আয়োজনের সংগঠক হিসেবে কাজ করছেন। এতে দেশের শিল্পীদের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে অতিথি হিসেবে অংশ নেওয়া ১৫জন আলোকচিত্রীর কাজ স্থান পাচ্ছে।

ঢাকায় স্লাইডলাকের এই আসরের উদ্যোক্তা তামিম জামশেদ আয়ারল্যান্ডের গ্রিফিথ কলেজ থেকে ফটোগ্রাফিক মিডিয়ায় স্নাতক এবং ইনস্টিটিউট অব আর্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজি থেকে ব্রডকাস্টিং প্রোডাকশনে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। বর্তমানে ঢাকার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রভাষক এবং ইউল্যাব টিভির নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন তামিম।

শিল্পী, শিল্প-সংগঠক, শিল্প-সংগ্রাহক, সম্পাদক এবং শিল্পানুরাগীদের ফোরাম স্লাইডলাক মার্কিন যুক্তরাষ্ট্রে নিবন্ধিত একটি অলাভজনক প্রতিষ্ঠান। অ-বাণিজ্যিক মনোভাব এবং প্রতিযোগিতাহীন বন্ধুত্বপূর্ণ পরিবেশে শিল্পীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষকে একত্র হওয়ার ক্ষেত্র তৈরিতে কাজ করা এই ফোরামের একটা ঘোষিত উদ্দেশ্য। পেশাদার শিল্পী কিংবা শিল্পকর্মে উৎসাহী একেবারেই নতুন মানুষের কাজকে সমগুরুত্ব দিয়ে উপস্থাপন এই আয়োজনের একটা অন্যতম বৈশিষ্ট্য।
স্লাইডলাক আসরগুলোতে সাধারণত শিল্পকর্মের প্রদর্শনীর পাশাপাশি আড্ডা, খাবারদাবার এবং সংগীতায়োজনের ব্যবস্থা থাকে। পটলাক ডিনার হিসেবে পরিচিত অংশগ্রহণকারীদের নিজেদের নিয়ে আসা খাবার দুনিয়াজুড়ে এমন আসরগুলোর সাধারণ বিষয়। ২০০০ সাল থেকে দুনিয়ার প্রায় ৮৫টি শহর ও সম্প্রদায়ের মধ্যে নানা সামাজিক সাংস্কৃতিক বিষয়কে কেন্দ্র এমন আসরের আয়োজন করেছে স্লাইডলাক।

স্লাইডলাক ফোরামটির অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, ‘ভার্চুয়াল কমিউনিটি এবং অনলাইন সম্পর্কের মধ্য দিয়ে রূপ পাচ্ছে এই যুগ। কিন্তু স্লাইডলুক চায় একটা প্রেরণা জোগানো সান্ধ্য আসরে হলেও মানুষজন সামনাসামনি সমবেত হোক। আর এমন সব আসরে গড়ে ওঠা মানুষের যোগাযোগটুকু অনলাইনেও ধরে রাখতে এবং বিকশিত করতে সর্বোচ্চ সবকিছুই করি আমরা। এসব আসরে প্রদর্শিত সব কাজই আমাদের ওয়েবসাইটে উপস্থাপন করি আমরা। ফলে একবার কোনো শিল্পী আমাদের সঙ্গে অংশ নিলে তিনি আপনাআপনিই আমাদের বৃহত্তর বৈশ্বিক সমাজের অংশ হয়ে যান।’