ঢাকার এক খাবারশিকারি!
নিজেকে তিনি বলেন ‘ফুডহান্টার’ বা খাবারশিকারি। যার মানে, নিত্যনতুন খাবার চেখে দেখা কিংবা স্রেফ ভোজনরসিকের চেয়ে একটু বেশি কিছু। পরিচিত হোন তাঁর সঙ্গে


মাথায় হ্যাট, কাঁধে ব্যাগ, হাতে ক্যামেরা। বেশ একটা ‘টুরিস্ট’ ভাব নিয়ে তিনি ঘুর ঘুর করছিলেন বাংলা একাডেমিতে। ৭ নভেম্বর, সেদিন প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী পাঠকমেলা চলছিল। ছুটির দিনের স্টলের কাছে আসতেই তাঁকে পাকড়াও করা হলো। ‘আপনিই সেই লোক না? ফেসবুকে মজার সব খাবারের ছবি আপলোড করেন...?’ হেসে সায় জানালেন মো. সারোয়ার জাহান।
‘ফেসবুকে ছবি দেখেই বোঝা যায়, আপনি বেশ ভোজনরসিক’—এমন মন্তব্যে অবশ্য তাঁর মৃদু আপত্তি। ‘শুধু ভোজনরসিক নই। আমি একজন ফুড হান্টার।’
ফুড হান্টার! তির-ধনুক হাতে মানুষ খাবার শিকারে নামত, সে বহুকাল আগের কথা। বিংশ শতাব্দীর গলি-ঘুপচির ঢাকা শহরে এ কোন ‘খাবারশিকাির’? বিস্তারিত জানতে দুদিন বাদে আবার তাঁর সঙ্গে যোগাযোগ । বললেন, ‘চলে আসেন। আজকে সন্ধ্যায় আবার ফুড হান্টে বেরোব। সন্ধ্যা সাতটা। নারিন্দা রোড। ঝুনুর পোলাও ঘর!’
সিক্স প্যাক থেকে ফ্যামিলি প্যাক
ঝুনুর পোলাও ঘরে ঢোকার আগে তখন আমরা বসেছি নারিন্দা রোডের অন্য একটা রেস্তোরাঁয়। সারোয়ার জাহানের মতে, পোলাও খাওয়ার আগে অন্য কিছু খেলে পোলাওয়ের স্বাদ পাওয়া যায় না। অতএব, আলাপের সঙ্গে শুধু চা। রাজধানীর ধোলাইর পাড়ের স্থায়ী বাসিন্দা। পড়ালেখাটা প্রকৌশল বিষয়ে হলেও তৈরি করছেন বিজ্ঞাপন, তথ্যচিত্র ইত্যাদি। সারোয়ার বলছিলেন, ‘আমার ডাক নাম রানা। আত্মীয়-বন্ধু-প্রতিবেশীদের মধ্যে মোট ২৯টা রানা ছিল। আমি মোটু রানা, বেটে রানা, চশমু রানা—এমন কোনো খেতাব চাইনি। তাই বন্ধুরা নাম দিল অ্যালেক্স। তখন আমার সিক্স প্যাক অ্যাবস ছিল। এখন অবশ্য সিক্স প্যাক নেই, ফ্যামিলি প্যাক হয়ে গেছে!’
অ্যালেক্সের ‘ফ্যামিলি প্যাক’ হওয়ার শুরু ২০০৮ সালে। তখন মালোয়েশিয়ায় নেসলের ‘ফুড ফটোগ্রাফার’ হিসেবে কাজ করতেন। সে সময়ই নানান ধরনের খাবার চেখে দেখার সুযোগে স্বাদ আর খাবারের উপকরণ বিষয়ে রীতিমতো বিশেষজ্ঞ হয়ে গেছেন। তবে ভোজনরসিক তিনি বহু আগে থেকেই।

‘১২ বছর বয়সে এক মণ দুধের সর খেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলাম!’ এমন আরও কত ঘটনা যে আছে তাঁর ঝুলিতে! দেশের আনাচে-কানাচে প্রতিটা খাবারের দোকানে ঢুঁ মারার পরিকল্পনা তাঁর। অনেকটা এগিয়েও গেছেন। একেকটা রেস্তোরাঁয় যান, বাবুর্চিদের সঙ্গে কথা বলেন, খাবার চেখে দেন, রেসিপিটা জেনে নেন, সঙ্গে তোলেন ছবি। সেই ছবি আপলোড হয়ে যায় ফেসবুকে। ‘ফেসবুকে আমার প্রচুর ভক্ত। আমি ছবি আপলোড দিই রাত ১২ টার পর। দেখে লোকজনের জিভে পানি এসে যায়। কিন্তু অত রাতে বেরোতেও পারে না, খেতেও পারে না।’ বলেই হা হা করে হাসলেন সারোয়ার। হাসি শুনেই কি না, কে জানে রেস্তোরাঁর বেয়ারা এসে চায়ের কাপ দুটো নিয়ে গেল। ইঙ্গিতটা স্পষ্ট, ‘দুই কাপ চা নিয়া এতক্ষণ বসে আছেন, এখন বের হন!’
ঝুনুর পোলাও আর কুইজ
এক লোকমা পোলাও মুখে দিয়েই সারোয়ার দুই সেকেন্ডের জন্য চোখ বুজে রইলেন। ‘হুম। গরম গরম খেলে রান্নার উপাদানগুলো বোঝা যায়।’ প্রতি লোকমায় চলল ঝুনুর পোলাওয়ের চুলচেরা বিশ্লেষণ। সেই সঙ্গে আরও হাজারটা খাবারের গল্প। ফাঁকে ফাঁকে সারোয়ারের আজব সব প্রশ্ন।
‘বলেন দেখি, ঢাকার কোথায় সরিষার তেলের তেহারি পাওয়া যায়?’
‘নাজিরাবাজারে কোন দোকানে ৭০ টাকায় এক গ্লাস দুধের সর পাওয়া যায়?’
‘কোন এলাকার মুরগি সবচেয়ে সুস্বাদু?’
মনে হচ্ছিল ভুল করে কোনো কুইজ অনুষ্ঠানে হাজির হয়েছি! একসময় বলছিলেন, ‘বৃষ্টির দিনে শমসেরের খিচুড়ি ছাড়া আমার চলেই না।’
‘শমসেরের খিচুড়ি, সেটা কোথায়?’
প্রশ্নটা করেই বুঝলাম বিরাট ভুল হয়ে গেছে। ‘শমসেরের খিচুড়ি চেনেন না!’ বলে সারোয়ার শুধু যে বড় বড় চোখ করে তাকালেন, তা নয়। যে বর্ণনা দিলেন, বুঝলাম শুধু ভুল নয়, শমসেরের খিচুড়ি না চেনাটা রীতিমতো অপরাধ! ‘এই খিচুড়ি ঠিক ঝাল না। তবে খাওয়ার পর গা থেকে কেমন একটা ঝাঁজ বের হয়। এই সময় যদি একটু বৃষ্টিতে ভেজা যায়...আহা! এই জন্যই বৃষ্টি হলে শমসেরের খিচুড়ি মাস্ট!’
সারোয়ারের ‘মাস্ট’-এর তালিকা আরও অনেক লম্বা।
বিউটির লাচ্ছি (পর পর ছয় গ্লাস না খেলে নাকি মনই ভরে না!), কুটুমবাড়ির গরুর মাংস, সোনামিয়ার দই, মজোরেলা চিজ দেওয়া পিত্জা (একবার একটা প্রতিযোগিতায় অংশ নিয়ে ৫২ স্লাইস পিত্জা খেয়েছিলেন!), রাঙামাটির পেদা টিং টিংয়ে চিকন বাঁশের ভেতর সেদ্ধ করা মুরগি, পদ্মার ইলিশ (রেস্তোরাঁয় খেলে হবে না। মাঝিদের সঙ্গে নৌকায় বসে খেতে হবে। সারোয়ার জানালেন, তাঁর ছয়টা আস্ত ইলিশ ভাজা খাওয়ার রেকর্ড আছে!)...‘সুস্বাদু আলাপ’ করতে করতে রাত প্রায় ১১টা। খাবার শিকারি ততক্ষণে বিশ্বাস করিয়ে ছেড়েছেন, এত সব খাবার না খেলে জীবনের ষোলো আনাই মিছে!