ঢাকার খালে নৌজটে বসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রচ্ছদের ছবি: সাহাদাত পারভেজ, স্থান: শুক্রাবাদ, ঢাকা, তারিখ: ১ সেপ্টেম্বর ২০১৫
প্রচ্ছদের ছবি: সাহাদাত পারভেজ, স্থান: শুক্রাবাদ, ঢাকা, তারিখ: ১ সেপ্টেম্বর ২০১৫

ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, নয়টার নৌকা ধরতে না পারলে আজকে আর ক্লাস করতে হবে না! তার ওপর আবার যা ভিড় হয় নৌকায়! সিট পাওয়াই মুশকিল। নৌজটের কথা নাহয় বাদই দিলাম। আবার বাসা থেকে বের হয়ে ডিঙি নৌকা করে মেইন খালে যেতে হবে। আজকাল ডিঙি নৌকাগুলোও যা ভাড়া নেয়! আগেকার আমলের রিকশা ভাড়ার মতোই! খালের এ মাথা থেকে ও মাথায় গেলে পকেট থেকে ঝেড়ে দিতে হয় কমপক্ষে ৫০ টাকা।
যা হোক, কোনো রকমে মেইন খালে এলাম। ইঞ্জিন নৌকায় ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। হকারের কাছ থেকে একটা খবরের কাগজ কিনলাম। খবরের কাগজে আজকাল ভালো খবর নেই। কী যে সব খবর! খালি দুর্ঘটনা আর দুর্ঘটনা! আজ যেমন প্রথম পাতার শিরোনাম, ‘খাল থেকে নৌকা মাঠে পড়ে নিহত ৫’। দুর্ঘটনাটা ঘটেছে পল্লবীর দিকে। মেইন খাল থেকে পাশের মাঠে উঠে যায় নৌকা, মাঝি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, পাঁচজন নিহত ও আহত ১৫ জন! বিরক্ত হয়ে খবরের কাগজ ভাঁজ করে রেখে দিলাম। কিছুদূর এগোতেই পড়লাম নৌজটে। কী আর করি, আবার কাগজটা মেলে ধরলাম চোখের সামনে।
আজ আবার নৌকাবাইচ আছে মিরপুর স্টেডিয়ামে। ভালো খবরও এসেছে একটা, ‘নৌকাবাইচের সব ফরম্যাটেই রাকিব আল হাসান বিশ্বসেরা’। রাকিব আমার সবচেয়ে প্রিয় নৌকাবাইচ প্লেয়ার। রাকিব সাক্ষাৎকারে বলেছেন, একসময় তিনি নাকি ক্রিকেটার ছিলেন! পরে দেশের সামগ্রিক অবস্থা যখন পাল্টে গেল, তখন ক্রিকেটের ব্যাট ফেলে নৌকার হাল ধরলেন। হয়ে গেলেন নৌকাবাইচ প্লেয়ার। কাগজের পেছনের পাতায় চোখ বোলাতেই আবার দুঃসংবাদ! সেখানে লিখেছে, ‘বাংলাদেশের বিভিন্ন জায়গায় জলদস্যুদের উৎপাত বেড়েছে’। তবে আশার খবরও আছে, জলদস্যুদের ২০ জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তারক্ষীরা।
খবরের কাগজ পড়া প্রায় শেষ। তারপরও নৌজট আর খুলছে না! কে যেন বলল, সামনে নাকি কোন ভিআইপির নৌকা আসছে, এ জন্য বাকি নৌকাগুলো আটকে রাখা হয়েছে। হায় রে বাংলাদেশ! পেছনে বেশ কয়েকটা পুলিশের নৌকা যাচ্ছে। কী আর করা, নৌজটে বসে প্রকৃতির শোভা উপভোগ করতে লাগলাম। একটু পরে খেয়াল করলাম, আমাদের নৌকার বাকি যাত্রীরা হই-হুল্লোড় করে উঠল। পানিতে নাকি তারা একটা হাঙর দেখতে পেয়েছে! অবশ্য একজন বলছে, সেটা হাঙর নয়, বোয়াল মাছ, বড় বোয়াল। হতে পারে, এখন রাস্তাঘাটে এমন বড় সাইজের মাছ দেখা অবাক করার মতো কোনো ঘটনা নয়।
কিছুক্ষণ পর নৌজট খুলল। নৌকা ছুটল তুমুল গতিতে। শাহবাগে এসে আবার যেই তো সেই! সামনে নাকি পানি নেই, নৌকা আর এগোচ্ছে না। আবার এদিকে নৌকার কন্ডাক্টর এসে ভাড়ার জন্য তর্ক লাগিয়ে দিল। একজন তো বেশ খেপেই গেলেন, ‘ভাড়া চাস? নৌকা চলে না তোর, আবার ভাড়া চাস?’ কন্ডাক্টর বলল, ‘সামনে পানি নাই, আমার নৌকার কী দোষ?’ লোকটা আরও একগুঁয়ে, ‘তাইলে ভাড়াও পাবি না, আমার কী দোষ? পৌঁছায় দিবি, তারপর ভাড়া।’

ছবি: সাহাদাত পারভেজ, জাহিদুল করিম, সাজিদ হোসেন, আবদুস সালাম ও সাবিনা ইয়াসমিন
ছবি: সাহাদাত পারভেজ, জাহিদুল করিম, সাজিদ হোসেন, আবদুস সালাম ও সাবিনা ইয়াসমিন

সেটা গেল, সামনে আবার আরেক যাত্রী নিজেকে ‘স্টুডেন্ট’ হিসেবে দাবি করছে। হাফ ভাড়া দিতে চায়। কন্ডাক্টর সেটা নেবে না। আমি আর ওসব নিয়ে মাথা ঘামালাম না। রোজ এসব দেখতে দেখতে মন বিষিয়ে উঠেছে।
সকালের ঝাঁজাল রোদের তাপে মাথার ঠিক মাঝখানটায় টিকটিক করছে। ক্লাস শুরু হতে আর দেরি নেই। নৌজট খোলারও কোনো নিশানা নেই। হঠাৎ সামনে চেয়ে দেখি আরেক বিপদ! বিরোধী দলের নৌকা মিছিল! সামনের নির্বাচনে তারা জয়ী হলে নাকি ডিজিটাল বাংলাদেশকে তারা আরও ডিজিটাল করে ফেলবে।
আচ্ছা, এখন তো নৌকা দিয়ে চলছি, তখন তাহলে কী দিয়ে চলব? ঘড়ির দিকে তাকালাম। না, আজ মনে হয় ক্লাসটা মিসই হবে! ভালো লাগছে না। একটু ধানমন্ডি পার্কে যাই, সেখানে এখন লেক নেই, পুরো দেশটাই তো এখন লেক! তাই কর্তৃপক্ষ এখন সেখানে রাস্তা বানিয়েছে, ওখানে এখন রিকশা চলে। চড়া ভাড়া গুনে রিকশায় উঠতে হয়। যাই, একটু রিকশায় চড়ে ঘুরে আসি। কী আছে জীবনে!