কক্সবাজারের চার পৌরসভার তিনটিতেই মেয়র পদে একক প্রার্থী দিতে পারেনি আওয়ামী লীগ। কক্সবাজার, চকরিয়া ও মহেশখালী পৌরসভায় মেয়র পদে ২২ জন প্রার্থীর কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। তবে টেকনাফে দলীয় সাংসদ আবদুর রহমানের চাচা মো. ইসলাম মিয়া কোম্পানিকে দলের একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। জেলা আওয়ামী লীগের নেতারা সমঝোতার জন্য প্রার্থীদের সঙ্গে বৈঠক করেও সফল হননি। শেষ পর্যন্ত একক প্রার্থী নির্বাচনের দায়িত্ব কেন্দ্রীয় কমিটির ওপর ছেড়ে দিয়েছেন জেলা নেতারা। প্রার্থীরাও ঢাকার দিকে তাকিয়ে আছেন।জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ কে আহমদ হোসেন ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘তিনটি পৌরসভায় মেয়র পদে একক প্রার্থী ঘোষণার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। একেকটি পৌরসভায় দলের সাত-আটজন করে প্রার্থী। এ কারণে একক প্রার্থী নির্বাচনের দায়িত্ব কেন্দ্রীয় কমিটিকে দেওয়া হয়েছে। দলের সিদ্ধান্ত না মেনে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে কিংবা গোপনে বা প্রকাশ্যে অন্য পক্ষকে সমর্থন করলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে বলে কেন্দ্র থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে।’দলীয় সূত্র জানায়, টেকনাফ পৌরসভায় স্থানীয় সাংসদ আবদুর রহমানের চাচা মো. ইসলাম মিয়া কোম্পানিকে দলের একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনটি পৌরসভার মধ্যে কক্সবাজারে আটজন, চকরিয়ায় ছয়জন ও মহেশখালী পৌরসভায় আটজন মেয়র পদপ্রার্থী এখনো অনড় অবস্থানে আছেন। গতবার চার পৌরসভাতেই আওয়ামী লীগের প্রার্থীরা মেয়র নির্বাচিত হলেও একাধিক প্রার্থীর কারণে এবার ফলাফল ভিন্ন হতে পারে বলে দলীয় নেতা-কর্মীরা আশঙ্কা করছেন। দলীয় সূত্র জানায়, ১১ ডিসেম্বর সন্ধ্যায় একক প্রার্থী মনোনয়নের জন্য জেলা আওয়ামী লীগের নেতারা দলের আটজন প্রার্থী—মুজিবুর রহমান, আবদুল খালেক, রাশেদুল ইসলাম, খোরশেদ আলম, মাশেদুল হক রাশেদ, মোস্তাফিজুর রহমান ও মাহবুবুল আলমকে নিয়ে বৈঠক করেন। আগের দিন ১০ ডিসেম্বর চকরিয়া পৌরসভার ছয় মেয়র পদপ্রার্থী— জাফর আলম, আ ক ম গিয়াস উদ্দিন, ফজলুল করিম ওরফে সাঈদী, আবু মুছা, সেলিম উল্লাহ ও মোজাফ্ফর হোসেনকে নিয়ে বৈঠক হয়। কিন্তু কেউ কাউকে ছাড় না দেওয়ায় বৈঠকগুলোতে দলের একক প্রার্থী ঘোষণার বিষয়ে মতৈক্য হয়নি। মহেশখালী পৌরসভায়ও একই অবস্থা। মেয়র পদের জন্য দলের আটজন প্রার্থী—সরওয়ার আজম, পূর্ণ চন্দ্র দে, মকছুদ মিয়া সিকদার, এম আজিজুর রহমান, আবু তালেব, সিরাজুল হক সিকদার, নুরুল আমিন ও মো. শাহজাহান জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এসব প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কক্সবাজার পৌরসভার মেয়র পদপ্রার্থী আবদুল খালেক বলেন, ‘আমি কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আশা করি, কেন্দ্র আমাকেই মনোনয়ন দেবে। কারণ, গত দুবার আমি দলের পক্ষে নির্বাচন করেছিলাম। কিন্তু আদালতের নিষেধাজ্ঞার কারণে সেই নির্বাচন স্থগিত হয়।’খোরশেদ আলম বলেন, ‘ত্যাগী ও গ্রহণযোগ্য নেতাকেই দলের একক প্রার্থী ঘোষণা করা দরকার। আশা করছি, কেন্দ্র তাতে সফল হবে।’ কক্সবাজার পৌরসভার মেয়র পদপ্রার্থী মুজিবুর রহমান বলেন, দলের একক প্রার্থী ঘোষণা করলে তাঁকেই করা উচিত। কারণ, তিনি সারা জীবন মানুষের পাশে থেকে রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আসছেন। উল্লেখ্য, কক্সবাজার পৌরসভার জাদিরাম পাহাড় এলাকার বাসিন্দা (ভোটার) কার্তিক দাশগুপ্ত ১৫ ডিসেম্বর নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। হাইকোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মোহাম্মদ জাকের হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ কক্সবাজারের চারটি পৌরসভার নির্বাচন এক মাসের জন্য স্থগিত করেন। সরকার পক্ষ আপিল করলে ১৯ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা হাইকোর্টের আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন। পরে নির্বাচন কমিশন জেলার চারটি পৌরসভা নির্বাচনের জন্য নতুন তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী চার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই করা হবে ১ ও ২ জানুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে ১১ জানুয়ারি।