ঢাকার বুকে খেয়া পারাপার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা বা সদরঘাটে নয়। ঢাকার অন্যতম এক প্রাণকেন্দ্রে চলছে যাত্রীবাহী নৌকা।

গুলশান-মহাখালী এলাকায় যাত্রীবাহী নৌকা। ছবি: সুমন ইউসুফ
গুলশান-মহাখালী এলাকায় যাত্রীবাহী নৌকা। ছবি: সুমন ইউসুফ

ঢাকা শহরে নৌকায় ওঠার কথা চিন্তা করলেই চোখের সামনে ভেসে ওঠে বুড়িগঙ্গার ছবি। কিন্তু আজ আপনাদের ঢাকার বুকেই এমন একটি স্থানের সন্ধান দেব, যেখানে পারাপারের জন্য এখনো দিব্যি খেয়া নৌকা ব্যবহার করা হচ্ছে। অবাক হয়ে থাকলে আরেকটু বলে নিই, এ ব্যবস্থা রয়েছে নগরীর অন্যতম প্রাণকেন্দ্র গুলশান-মহাখালী এলাকায়।
গুলশান ১ থেকে মহাখালী যাওয়ার রাস্তায় এগোলে কিছু দূর পর পাওয়া যাবে বনানী লেক। সেখানে হাতের ডানে তাকালেই দেখতে পাবেন নৌকা ঘাট। স্থানীয়ভাবে সবাই একে টিবি গেট নৌকা ঘাট নামে চেনে। দিনের যেকোনো সময় গেলে দেখা যায় সারি সারি নৌকা বাঁধা রয়েছে ঘাটে। ছোট আকারের এ ডিঙি নৌকাগুলোতে ছয়-সাতজন চড়ে এপার থেকে ওপারে যায়। ভাড়া জনপ্রতি দুই টাকা করে। আর পুরো নৌকা ‘রিজার্ভ’ করে নিলে ভাড়া গুনতে হবে ১২ টাকা। ওপারে গিয়ে ফিরে আসতে চাইলে খরচ পড়বে ঠিক দ্বিগুণ। আপনি ঘাটে গিয়ে দাঁড়াতেই মাঝিদের বুঝতে বাকি থাকবে না যে আপনি তাঁদের নিয়মিত যাত্রী নন। কিন্তু তা বোঝা সত্ত্বেও আকাশচুম্বী দাম না হেঁকে বরং আতিথেয়তার সুরে ওপারে যাওয়ার জন্য ডাকাডাকি করবেন এটা নিশ্চিত।

ঘাটে অপেক্ষমাণ নৌকার সারি
ঘাটে অপেক্ষমাণ নৌকার সারি

ঘাটের মানুষ
বেলা আড়াইটার দিকে ঘাটে পৌঁছাতেই দেখা গেল স্কুলের পোশাক পরা তিন বন্ধু খুনসুটি মেতে আছে। পত্রিকায় লেখা হবে শুনে তিনজনই বেশ উৎসাহিত হয়ে বলল, আমাদের এই ঘাট দিয়া আমরা প্রতিদিন দুপুরবেলা পার হই। স্কুল থেকে বাসায় যাই এইখান দিয়াই। গাড়িচালক মো. সানোয়ার জানালেন, তাঁর বাসা এখানেই। কিন্তু কাজ করেন মোহাম্মদপুরে। তাঁকেও রোজ ঘাটে নৌকা পার হতে হয়। ঘাটের পাড়ে ছোট টং দোকান। চা খেতে খেতে কথা হলো বিক্রেতা ওমর ফারুকের সঙ্গে। তাঁর কণ্ঠে উদ্বেগ, ‘বিরিজ হইলে ঘাট আর থাকত না। বস্তি ভাইঙ্গা দিত। আমরা তহন কই থাকতাম জানি না।’
প্রতিদিন কড়াইল বস্তির হাজার খানেক মানুষ এই নৌকায় চড়ে যাতায়াত করে। যাত্রীদের সঙ্গে কিছুক্ষণ কথা বলে জানা গেল, একেবারে ভোর থেকে শুরু করে রাত প্রায় ১২টা পর্যন্ত চলে নৌকা। সারা দিনের কাজ শেষে মানুষ ধীরে-সুস্থে ঘরে ফিরতে পারে। তাদের সঙ্গে কথা বলে এই প্রতিবেদক যখন বাড়ি ফিরছেন, তখন পেছন থেকে কোনো এক মাঝি ডাক দিলেন, ‘ভাই, আমার প্রেমের নৌকায় ফিরিত উঠেন। আরেকটা ঘুরান দিয়া নিয়া আসি।’ অল্প কিছুক্ষণের কথায় এই মানুষগুলো যে আপনাকে আপন করে নেবেন, তা বলাই বাহুল্য।
আপনার যদি শখ থাকে নৌকায় চড়ার, তবে এটা আপনার জন্য সেরা সুযোগ। টিবি গেট নৌকা ঘাটে গিয়ে নৌকায় লেক পাড়ি দিতে পারেন। অভিজ্ঞতার খাতায় নৌকা পারাপারের কথাও লেখা থাকল। কোনো এক ছুটির দিনে একা কিংবা বন্ধুদের সঙ্গে করতেই পারেন দুই টাকার নৌকা বিলাস।