
একসময় ঢাকা শহরে কোরিয়ান রেস্তোরাঁর সংখ্যা ছিল হাতে গোনা কয়েকটা। মূলত কোরিয়ান ও বিদেশিরাই ছিল এসব রেস্তোরাঁর বাঁধা খদ্দের। এখন সময় অনেক বদলেছে। বাঙালিদের ভোজনবিলাসেও নিয়মিত হয়ে উঠেছে কোরিয়ান স্বাদের খাবার। রেস্তোরাঁর সংখ্যাও কম নয়। ১৮ থেকে ১৯ বছর আগে যেসব কোরিয়ান রেস্তোরাঁ বাঙালির রসনাবিলাসের এই পরিবর্তনটা চাক্ষুস দেখেছে, এগুলোর মধ্যে অন্যতম হলো কোরিয়ানা। ঢাকার গুলশানের ১১৮ নম্বর রোডের ১৭ নম্বর বাড়িতে এখন বাঙালিদের আনাগোনাও প্রচুর।
নাম কোরিয়ানা বলেই ভাববেন না শুধু কোরিয়ান খাবারই পাবেন। আছে চীনা ও জাপানি খাবারও। অন্দরসজ্জাতে তুলে ধরা হয়েছে এসব দেশের সংস্কৃতিও। যেমন জাপানি খাবার খাওয়ার জন্য তক্তপোশের ওপর বসে খাওয়ার ব্যবস্থা আছে। দেয়ালে মূলত কোরিয়ান সংস্কৃতিকেই তুলে ধরা হয়েছে। টেবিলে বসলেই চলে আসবে নানা পদের কোরিয়ান অ্যাপেটাইজার, সস। চাইলে আপনার সামনেই টেবিলের ওপর বারবিকিউ করে দেওয়া হবে পছন্দের খাবার।
খাবারের মান নিয়ে কোরিয়ানা সর্বদাই সতর্ক। মালিক ম্যান ইয়ন লি জানান, কোরিয়ান খাবারে মসলার পরিমাণ খুবই কম থাকে। বাঙালিরা সেসব তেমন পছন্দ করে না। তাই বাঙালিদের কথা মাথায় রেখেই এখনকার খাবার প্রস্তুত করা হয়।
প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে কোরিয়ানা।