ঢাকার সেরা ময়মনসিংহ
এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে প্রথম হয়েছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। কলেজের ৫০ জন ক্যাডেট এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৪৮ জন জিপিএ-৫ পেয়েছেন। যাঁদের সাফল্যে প্রতিষ্ঠানের এমন গৌরব, আমরা শুনব তাঁদের কয়েকজনের আগামী দিনের ভাবনা ও স্বপ্নের কথা।‘বাবা চিকিৎসক আনোয়ারুল আলম ১৯৭১ সালে মির্জাপুর ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু ভর্তি হতে যাওয়ার পথে ট্রেনে আগুন ধরে যায়। ফলে বিকল্প ব্যবস্থায় যে ট্যাক্সিতে যাবেন তারও উপায় ছিল না। কারণ ট্যাক্সিতে যেতে ২০ টাকার প্রয়োজন ছিল, যা দাদার কাছে ছিল না। ফলে ক্যাডেট কলেজে বাবার আর পড়াশোনা হয়নি। বাবার ইচ্ছের অপূর্ণতা থেকেই বাবা চেয়েছিলেন আমি ক্যাডেট কলেজে পড়ি।’ ক্যাডেট তামান্না তাবাসসুম হূদি এভাবেই তাঁর ক্যাডেট-জীবন শুরুর কথা জানালেন। হূদি আরও বলেন, ‘চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা করে ভালো চিকিৎসক হয়ে দেশের সেবা করতে চাই। আর কেবল ভালো চিকিৎসক হলেই হবে না, জীবনে একজন ভালো মানুষ হতে হবে।’ঢাকার মেয়ে ক্যাডেট জাহ্রা জাহিদ দুই বোনের মধ্যে বড়। বাবা জাহিদ হোসেন ব্যাংক কর্মকর্তা আর মা দিল আফরোজ বানু গৃহিণী। কলেজে উপস্থাপনা ও কবিতা আবৃত্তি করতে তাঁর ভালো লাগে। জাহ্রা বলেন, ‘সবাই ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চায়। আমি তেমনটা চাই না। আমি বিবিএ করে করপোরেট বড় কোনো কোম্পানিতে কাজ করতে চাই।’বান্দরবান জেলার ব্যাংক কর্মকর্তা অবু মং ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ডকিকি দম্পতির দুই মেয়ের মধ্যে ক্যাডেট শোয়ে ওয়াই চিং দ্বিতীয় সন্তান। চিং জানান, তাঁর জেলা থেকে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে সে-ই প্রথম শিক্ষার্থী। তাঁর ছোট বোনও এখানে নবম শ্রেণীতে পড়ছে। চেং জানান, ‘আমি পড়াশোনার পাশাপাশি নাচ ও আবৃত্তির মাধ্যমে আমাদের মারমা সমপ্রদায়ের ভাষা ও সংস্কৃতিকে দেশের মানুষের কাছে তুলে ধরতে চাই।’ময়মনসিংহের মেয়ে ক্যাডেট রিফাত সুলতানা। বাবা আবদুল কাদের একটি পাটকলের ব্যবস্থাপনা পরিচালক, আর মা মিসেস জুবেদা কাদের গৃহিণী। ক্যাডেট রিফাত জানান, ‘মা চান আমি চিকিৎসক হই। সে লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছি। পরীক্ষার পর পড়াশোনা বন্ধ করিনি। ভর্তি পরীক্ষা তো আসলে বড় পরীক্ষা।’‘আমি খু-উ-ব ভাগ্যবান। পড়াশোনা শুরুর আগে গান শেখা শুরু করেছি। বড় হয়ে চিকিৎসক হতে চাই। পাশাপাশি গান শেখার চর্চাটিও ধরে রাখতে চাই।’ এভাবেই নিজের স্বপ্নের কথা বলেন ক্যাডেট আফরোজা হক হলি। জাফর ইকবাল স্যারের অনুপ্রেরণামূলক কথা আমার বেশ ভালো লাগে। আমাদের ক্যাডেট বন্ধুদের বন্ধুত্বের বন্ধনকে ধরে রেখে ভবিষ্যতে দেশের জন্য কিছু করার ইচ্ছে আছে বলে জানান আফরোজা।ময়মনসিংহের চিকিৎসক দম্পতি আবদুল ওয়াহাব ও আনোয়ারা আক্তারের দুই মেয়ের মধ্যে ক্যাডেট ওয়ালিদা ওয়াহাব বড়। ওয়ালিদা বলেন, ‘চিকিৎসক হয়ে দেশের সেবা করার ইচ্ছে নিয়ে প্রস্তুতি নিচ্ছি।’ ভবিষ্যতে বন্ধুদের সহযোগিতায় একটি অনাথ আশ্রম গড়ে তুলতে চান ওয়ালিদা।’ব্যাংক কর্মকর্তা লায়েস আহমদ ও শিক্ষক ফেরদৌসি জেসমিন দম্পতির ছোট মেয়ে ক্যাডেট বিদৌরা আহমদ হূদিতা প্রকৌশলী হতে চান। তাঁর মতে, ‘কেন যুক্তরাষ্ট্র সারা বিশ্বে সব বিষয়ে এগিয়ে থাকবে। আমরা কেন নয়।’ হূদিতা স্কুলে ভর্তি হওয়ার আগে নাচ শেখা শুরু করেছিলেন। পড়াশোনার পাশাপাশি নাচও ধরে রাখতে চান।‘বাবা-মা চান আমি চিকিৎসক হই। আর আমি চেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে। এখন প্রস্তুতি নিচ্ছি।’ সমাজসেবা কর্মকর্তা বাবা এস কে এম আনোয়ারুল হক ও মা শিক্ষক নিলুফা রহমানের তিন মেয়ের মধ্যে বড় ক্যাডেট আফিয়া আনজুম ইল্লীন এভাবেই তাঁর ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরেন।ক্যাডেট জান্নাতুল ফেরদৌস টুম্পা ছয় বোনের মধ্যে সবার ছোট। তাঁর ইচ্ছা প্রকৌশলী হওয়া। রাজস্ব বিভাগের সহকারী কর্মকর্তা আবদুল হাই ও গৃহিণী শামসুন্নাহার দম্পতির ছোট মেয়ে ক্যাডেট টুম্পা বলেন, ‘নিজে সফল হয়ে বাবা-মায়ের ছেলে সন্তানের অভাব পূর্ণ করতে সাধ্যমতো চেষ্টা করব।’ ক্যাডেট ইউ এস এম দিলরুবার মতে, ‘কেবল ভালো ফল করে বড় কিছু হলেই হবে না। ভালো মানুষও হতে হবে।’ দিলরুবা বুয়েটে পড়াশোনা করার প্রস্তুতি নিচ্ছেন।