ঢাকায় আজ পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের ভিত্তিফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার ঢাকায় পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের ভিত্তিফলক উন্মোচন করবেন। বেইলি রোডে ১ দশমিক ৯৪ একর জায়গায় পার্বত্য অঞ্চলের স্বাতন্ত্র্য কৃষ্টি-সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্যমণ্ডিত শৈল্পিক এ স্থাপনা নির্মাণে ১০৬ কোটি টাকা ব্যয় হবে বলে পার্বত্য চট্টগ্রাম–বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
সকাল ৯টায় বেইলি রোডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা, পার্বত্য চট্টগ্রাম–বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে। সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম–বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং।
পার্বত্য চট্টগ্রাম–বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্প অনুমোদন পায়। কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের কাজ শেষ হবে আগামী ২০১৮ সালের জুন মাসে। কমপ্লেক্সে প্রশাসনিক ভবন, বহুমুখী ব্যবহারের উপযোগী অত্যাধুনিক মিলনায়তন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে ঢাকায় বিভিন্ন কাজে আসা লোকজনের থাকার জন্য ডরমেটরি, পাহাড়ি জাতিগোষ্ঠীর ঐতিহ্য সংরক্ষণের একটি জাতিতাত্ত্বিক জাদুঘর, পাঠাগার ও বিশ্রামাগারসহ আরও বেশ কিছু নান্দনিক স্থাপনা থাকবে। এতে পার্বত্য মন্ত্রণালয়, আঞ্চলিক পরিষদ, তিন পার্বত্য জেলা পরিষদসহ তিন পার্বত্য জেলায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোরও দপ্তর থাকবে।
পার্বত্য চট্টগ্রাম–বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জুলফিকার আলী জানান, পার্বত্য অঞ্চলের মানুষের সঙ্গে সমতলের বাসিন্দাদের পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সম্প্রীতির মেলবন্ধন তৈরির করাই পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের লক্ষ্য এবং উদ্দেশ্য। এর মধ্য দিয়ে পাহাড়ি জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য, সামাজিক রীতি–নীতি, ভাষা ও আচরণগত স্বাতন্ত্র্য সম্পর্কে দেশের মানুষ জানবে।