ঢাকায় আফ্রিদির বিদিয়ান
গোটা বলরুমে বাজছে নুসরাত ফতেহ আলী খানের গজল ‘আফরিন আফরিন...’। মোমবাতি হাতে একে একে মঞ্চে এলেন মডেলরা। পরনে সালোয়ার-কামিজ। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে গত ২৮ জুন সন্ধ্যায় হয়ে গেল পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদির ফ্যাশন হাউস ‘বিদিয়ানের’ উদ্বোধন।কুয়েত, কাতার, যুক্তরাষ্ট্র, কানাডার পর এবার ঢাকায় বিদিয়ানের শাখা খুললেন ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির মালিক। আপাতত বনানী ১০ নম্বর সড়কের লীলাবালিতেই পোশাকগুলো পাওয়া যাবে। তবে ক্রেতাদের চাহিদা অনুযায়ী ধানমন্ডি ও উত্তরায় এর শাখা খোলার পরিকল্পনা আছে।শহীদ আফ্রিদির সঙ্গে পারিবারিক বন্ধুত্ব ঢাকার নারী উদ্যোক্তা সেলিনা শহীদ ও তাঁর স্বামী শহীদ ইসলামের। সেই সূত্র ধরেই ঢাকায় ফ্যাশন হাউস খোলার আগ্রহ প্রকাশ করেন আফ্রিদি। ‘এখানে আমার অনেক ভক্ত আছে। তাদের জন্যই এমন আয়োজন।’ বললেন শহীদ আফিদ্রি। বিদিয়ানে পাওয়া যাবে সালোয়ার-কামিজ। এ ছাড়া আরও থাকছে প্লাজ্জো প্যান্ট, কুর্তা ও বিয়ের শাড়িসহ নানা রকমের শাড়ি। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি স্যুট।