ঢাকায় একক নারীর আবাসন খরচ পুরুষের দ্বিগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীর পক্ষে পুরুষ
নারীর পক্ষে পুরুষ

১২ ফুট গুণন ১৪ ফুট একটা কক্ষ। তাতে তিনটি সংকীর্ণ বিছানা। টেবিল বা আলমারি বসানোর জায়গা নেই। থাকা ও খাওয়া বাবদ এ ঘরের ভাড়া ১৯ হাজার ৫০০ টাকা। এই কক্ষে একটি বিছানা ভাড়া নিয়ে থাকছেন বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা শর্মি সামস। তাঁকে দিতে হচ্ছে মাসে ৬ হাজার ৫০০ টাকা।
শর্মির কক্ষের সংকীর্ণ জানালা দিয়ে আলো-বাতাস আসে না। শৌচাগার ও পানির ব্যবস্থাপনা ভালো নয়।
একই এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে মাজেদুর রহমান তিনটি বড় কক্ষের একটি বাসা ভাড়া করে তাতে ছয়জন বসবাস করেন। প্রতি কক্ষে দুজন। বাসায় পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশ করে। অন্যান্য সুযোগ-সুবিধাও ভালো। বাসাভাড়া ও খাওয়া বাবদ মাজেদুর রহমানের প্রতি মাসে খরচ হয় চার হাজার টাকা।
রাজধানীতে একজন কর্মজীবী একক (সিঙ্গেল) নারী বা শিক্ষার্থীকে আবাসনের পেছনে একক পুরুষের তুলনায় গড়ে প্রায় দ্বিগুণ, এমনকি ক্ষেত্রবিশেষে তিন গুণ খরচ বহন করতে হয়। কর্মজীবী নারীরা বলছেন, কর্মজীবী একক পুরুষ যত সহজে আবাসনের ব্যবস্থা করতে পারেন বা তাঁদের বেছে নেওয়ার যতটা সুযোগ থাকে, নারীদের বেলায় তা থাকে না। আবাসনসমস্যা সমাধানে তাঁদের নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়।
খোঁজ নিয়ে দেখা যায়, রাজধানীতে পুরুষ শিক্ষার্থী বা কর্মজীবীরা কয়েকজন মিলে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকার (মেসিং) সুযোগ পেলেও নারীরা এই সুযোগ সহজে পান না। তাঁদের হোস্টেল ধরনের প্রাতিষ্ঠানিক আবাসনের দ্বারস্থ হতে হয়। রাজধানীতে নতুন নতুন হোস্টেল গড়ে উঠছে বটে, তবে চাহিদার তুলনায় তা অনেক কম। সরকারি উদ্যোগে ঢাকায় নারী হোস্টেল আছে মাত্র তিনটি।
রাজধানীর ১০টি বেসরকারি নারী হোস্টেলে বসবাসকারী নারীদের সঙ্গে কথা বলে দেখা গেছে, তাঁরা মনে করেন, নারীদের আবাসনসংকট কাজে লাগিয়ে হোস্টেলমালিকেরা খরচ বাড়িয়ে দেন।
তবে মালিক ও তত্ত্বাবধায়কেরা বলেছেন, নারীদের হোস্টেলে বাড়তি নিরাপত্তা ও নজরদারি রাখতে হয়। এ জন্য ভাড়া কিছুটা বাড়তি থাকে।
মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম প্রথম আলোকে বলেন, শুধু নারী বলে বাড়িওয়ালাদের ভাড়া বাড়িয়ে দেওয়া ঠিক নয়। এই চিত্র থেকেই বোঝা যায়, সমাজে এখনো নারী-পুরুষের বৈষম্য কতটা বেশি।
বেসরকারি চাকুরে তামান্না মমতাজ ফার্মগেট এলাকার দুটি হোস্টেলে থেকেছেন। এখন পাশেই একটি বাড়িতে সাবলেটে (ভাড়া ভাগাভাগি) উঠেছেন। এখানে ভাড়া হোস্টেলের চেয়ে অনেক বেশি। একটি রুম, সঙ্গে লাগোয়া একটি বারান্দা আর একটি শৌচাগারের জন্য ভাড়া প্রতি মাসে ৬ হাজার ৫০০ টাকা। এর বাইরে নিজেরই রান্না করে খেতে হয়। সব মিলে থাকা-খাওয়ার পেছনে ১১ হাজার টাকার মতো খরচ হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেয়েদের হোস্টেল পরিচালনার জন্য আলাদা কোনো নীতিমালা নেই। ১৯৯১ সালের বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন এবং সিটি করপোরেশনের নির্ধারিত ভাড়া অনুযায়ী হোস্টেলের বাসিন্দাদের ভাড়া নির্ধারিত হওয়ার কথা। তবে তা মানা হচ্ছে না।
রাজধানীতে মাদার তেরেসা হোমস নামের একটি হোস্টেলের কার্যক্রম আছে গোটা ঢাকা শহরে। তাদের পাঁচটি হোস্টেল। ধানমন্ডি এলাকায় ওই প্রতিষ্ঠানে একজন নারীকে একটি শয্যার জন্য খরচ করতে হয় প্রতি মাসে ৫ হাজার ২০০ টাকা। আবার মালিবাগে ওই হোস্টেলের শাখায় থাকতে খরচ ৪ হাজার ৭০০ টাকা।
বেসরকারি সংগঠন ‘কর্মজীবী নারী’র পরিচালক রাহেলা রব্বানি বলেন, ‘আমরা গার্মেন্টসের কর্মজীবী নারীদের ওপর পর্যবেক্ষণ করে দেখেছি, তাঁদের আবাসন খরচ পুরুষদের থেকে বেশি। এমন বৈষম্য হওয়া উচিত নয়।’
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মহিলাবিষয়ক অধিদপ্তর সারা দেশে মোট সাতটি কর্মজীবী মহিলা হোস্টেল পরিচালনা করছে। এর মধ্যে তিনটি হোস্টেল রাজধানীতে। এ ছাড়া জাতীয় মহিলা সংস্থা রাজধানীতে কর্মজীবী নারীদের জন্য একটি হোস্টেল পরিচালনা করছে। সব কটি মিলে আসনসংখ্যা ১ হাজার ৪০৮।