এই শহরে থাকি না, শুধু মাঝেমধ্যে বেড়াতে আসি। মেলবোর্ন থেকে যাত্রা শুরু করার ১৭ ঘণ্টা পর উড়োজাহাজটি যখন বিমানবন্দরে অবতরণের জন্য মাথা নোয়াতে শুরু করে, তখন সব ক্লান্তি মুছে দিয়ে শরীরের প্রতিটি কণা গাইতে থাকে, ‘ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা’। যে শহরে জন্ম, যে শহরে বেড়ে ওঠা, সেই শহরে ফিরে আসার টান টান উত্তেজনা শুরুতেই মিইয়ে যায় ইমিগ্রেশন পার হতে হতে। প্রথমেই বিদেশি পাসপোর্ট ধারণ করার কারণে দাঁড়াতে হয় বিশেষ লাইনে, সে এক অতি বড় ধীরগতিসম্পন্ন একমাত্র লাইন। এই যাওয়া-আসার প্রাক্কালে একই কাজগুলো করতে মেলবোর্ন এয়ারপোর্ট লাগে পাঁচ মিনিট আর ঢাকা এয়ারপোর্টে লাগে এক ঘণ্টা ২৫ মিনিট। আমি একটুও বাড়িয়ে বলছি না। কর্মরত এক ভদ্রমহিলা আমাদের বিস্তারিত কম্পিউটারে ঢোকাতে আশপাশের সহকর্মীদের প্রশ্ন করলেন নয়বার। কিবোর্ডে এক আঙুল দিয়ে টাইপ করছেন, কোথায় কোন অক্ষর আছে খুঁজে খুঁজে। এই আইসিটির জয়গানর যুগে আমরা এমন সতেরগুণ পিছিয়ে থাকব?ভাগ্যিস সময়টা ছিল বিজয়ের মাস। বিমানবন্দরের শ্বাসরুদ্ধকর ভবন থেকে বেরোলেই স্বজনের হাসিমাখা, মায়াভরা মুখ আর আকাশে-বাতাসে জাগরণের গান বিমানবন্দরের সব হেনস্থাকেই ভুলিয়ে দেয়। সত্যিই পৌষ মাস! স্বস্তিদায়ক তাপমাত্রা, ঈদের ছুটি—সব মিলিয়ে এ সময়টা বড় সুন্দর, বাসায় পৌঁছে গেলাম ২০ মিনিটে। যানজট সমস্যা নিয়ে এত অভিযোগ একটু অতিরঞ্জিত মনে হলেও, সে ভুল ভাঙতে সময় লাগেনি। ফিরে যাওয়ার দিন বাসা থেকে বিমানবন্দরে আসতে লেগেছিল পুরো দুই ঘণ্টা। বিগত ২৫ দিনের অভিজ্ঞতায়ও এই বিলম্ব সহনীয় হয়ে ওঠেনি, তার ওপর রয়েছে প্লেন মিস হয়ে যাওয়ার ভীতি। কিন্তু পৌষ মাসের ওই দিনগুলো ছিল মনে রাখার মতো, আনন্দ আর বেদনার। প্রথম রাত যে কেটেছে তা বুঝলাম ভোরের আজান শুনে; এমনই এক নির্ঘুম, বিরতিহীন গল্পে কেটে গেল আরও কত দিন, কত রাত। আনন্দ শেষ আর হতে চায় না। বন্ধু-স্বজনেরা সব সময় ঘিরে আছে, একটু সময় দিতে, একটু খোঁজখবর নিতে সবাই ব্যতিব্যস্ত। এই ব্যস্ত শহরে কেউ আর কাউকে দেখতে যায় না, কুশল আদান-প্রদান মোবাইলেই সেরে নেয়। কিন্তু প্রবাসীদের একবার দেখার একটা ব্যাপার থাকে, তাই আয়োজন হয় নানা দাওয়াতের। সেই উপলক্ষে ঢাকায় থেকেও দেখা হয়ে যায় ঢাকা নিবাসী কারও সঙ্গে বছরের ব্যবধানে। তখন কে যে পরবাসে থাকে, তা বলা মুশকিল। আবার সবাইকে দেখাও হয় না। ই-মেইলে ডিসেম্বরে ঢাকাতেই থাকব বলে থাকা হয় না। কেউ কেউ কথা রাখে না। অনেক আশায় কোনো বন্ধুকে ফোন করে দেশে আসার কথা জানালে ব্যস্ততার জন্য পরে যোগাযোগ করবে বলে আর তারা সময় করে উঠতে পারে না। এমনই ব্যস্ত এই শহরের লোকজন। ব্যস্ততা একটি ছোঁয়াচে রোগ, আমিও আক্রান্ত হয়ে যাই অচিরেই। একদিন যানজটে থেমে থাকা গাড়িতে বসে খেয়াল করলাম প্রিয় পত্রিকা অফিসটি সামনেই, ভেতরটা নড়ে উঠল। যে প্রথম আলো দিয়ে প্রবাসে দিন শুরু হয়, তা দেশে থেকেও কত দিন পড়া হয়নি!মেয়েটা তো বাংলা চর্চা শুরু করে দিল। বানান করে করে দোকানের নাম, বিলবোর্ড-পোস্টারে বিভিন্ন সংলাপ, যানবাহনের গায়ে লেখাগুলো বেশ রপ্ত করে ফেলল। কিন্তু যে বাস সারাক্ষণ সামনে দাঁড়িয়ে আছে, তার গায়ে ‘বিরতিহীন’ বিশ্লেষণের মানে সে বুঝতে পারে না। আর বোঝে না কেন লোকে হর্ন বাজায়, সামনের গাড়ির চালক তো ঘুমাচ্ছে না বা গল্পের বইও পড়ছে না! তবে কোনো কিছু পড়ার জন্য এটাই একমাত্র সময়। ইতিমধ্যে দন্ত বিশেষজ্ঞের কাছে যেতে শুরু করেছি। সব প্রবাসীই ঢাকায় এলে এ কাজটি করেন। দন্ত চিকিত্সার ব্যয় ব্যবধান এতই বেশি যে, প্লেনের ভাড়া দিয়ে শুধু এ কাজের জন্য আসাও সুবিধাজনক। অবশ্য শেষ পর্যন্ত চোখ দেখানোর জন্য আর সময় পাওয়া যায়নি, ব্যস্ততা নামের ছোঁয়াচে রোগটাই দায়ী। ছুটির সময়গুলো চলে গেল কোনো সময় না দিয়ে। মেলবোর্নে ফেরার আগের রাত পৌনে দুটোয় শুনলাম, আমার এক প্রিয় বন্ধু সিএমএইচে আছে, ভালো নেই। সকালে উঠেই রওনা দিলাম সিএমএইচ। হতবিহ্বল আমি কোথায়, কোন ওয়ার্ড কিছুই শুনে রাখিনি, যেন আমার লেফটেন্যান্ট কর্নেল বন্ধুটিকে সিএমএইচের প্রতিটি ধূলিকণা চেনে। সুতরাং এ বিল্ডিং, সে বিল্ডিং ঘুরে যখন সঠিক জায়গায় পৌঁছালাম, তখন তাকে একটি পরীক্ষার জন্য ইকো বিভাগে নেওয়া হয়েছে, যেখানে সাধারণের প্রবেশ নেই। ছুটে গেলাম। বললাম, একবার শুধু দেখতে চাই, আজ রাতেই ঢাকা ছেড়ে চলে যাচ্ছি। আপাত কঠিন সেনা পোশাকধারী এক দয়াবান সৈনিক ভাই আমাকে ঢুকতে দিলেন। একজন সিস্টার হুইল চেয়ারে করে আমার বন্ধু নামের যাকে নিয়ে এলেন, তাকে আমি চিনি না। কলেজে পড়ার সময় আমাদের চার বন্ধুর মধ্যে ও ছিল সবচেয়ে উচ্ছল। বুকের ভেতরে হু হু করে উঠল। আমার স্বামী পাশে থেকে বললেন, ‘শক্ত হও, এটা ভেঙে পড়ার জায়গা নয়।’ বন্ধুটি আমাকে জিজ্ঞেস করল, ‘আমি তো কোনো দিন বেশি কিছু চাইনি, আমার কেন এত কষ্ট হলো?’ আমিও বললাম, মনটাকে শক্ত করে ফেল। রাতে মেলবোর্ন ফিরে যাব, তাই মৃত্যুর সঙ্গে যুদ্ধরত আমার সৈনিক বন্ধুর কাছে বেশিক্ষণ থাকা হয় না। ফিরে আসি রূঢ় বাস্তবে। সুটকেস গোছাতে হবে সতর্কতার সঙ্গে। আজকাল ওজন, সিকিউরিটি, কোয়ারেন্টাইন সবকিছু নিয়ে বড় বেশি কড়াকড়ি। ওজন নিয়ে যেন ঝামেলা না হয়, সেদিকে বাড়ির সবাই তত্পর রইল। আব্বা কন্যা বিদায়ের ব্যথা ভুলে এসব চিন্তায় বিভোর হয়ে রইলেন আর আম্মা আরেকটু আচার দিয়ে দিতে পারলেন না বলে কান্না জুড়ে দিলেন। জলপাইয়ের আচারটা আমার বড় প্রিয়। আমার আম্মার মতো করে এত ভালো আচার পৃথিবীর আর কেউ বানাতে পারে না। সবচেয়ে যন্ত্রণা হলো হারমোনিয়াম নিয়ে। এটা একজনের টিকিটের সঙ্গে বরাদ্দ পুরো ওজন খেয়ে ফেলল। প্রতিবারের মতো যাত্রাকালে এসব দক্ষযজ্ঞ ব্যাপার একসময় শেষ হয়। যাওয়ার সময়টা যেন হঠাত্ চলে এল, এয়ারপোর্টের উদ্দেশে সবাই মিলে গাড়িতে উঠছি। এই সেদিনই না গাড়ি থেকে নামলাম! ঢাকার যানজটময় রাজপথ দিয়ে চলতে থাকলাম। ডিসেম্বর মাসের এই শেষভাগেও কোনো শীত নেই, তবু চারদিক কেমন ধোঁয়াশা। মানিক মিয়া এভিনিউর বাতিগুলোকে কুয়াশার আবরণে করুন দেখাচ্ছে। কেন যেন মনে পড়ল, এই পথ দিয়ে ছোটবেলায় আব্বার সঙ্গে সকালে হাঁটতে যেতাম প্রতিদিন। এখানে আর আসা হবে না অনেক দিন। কবে ঠিক নেই! এই ২৫ দিনে কত কিছু ঘটে গেল, কতজনকে দেখলাম, আবার কারও সঙ্গে শেষতক আর দেখাই হলো না। মনটা কেমন করছে বলতে পারছি না। পথের সব মানুষকে বড় আপনার মনে হচ্ছে, কেউ কি আমাকে সাহস করে বলবে, ‘যেতে নাহি দিব’!ঢাকায় থাকি না তাই ফিরে যেতে হয়, ফিরে যেতে হয় সেই প্রবাসে। নাহিদ খানঅস্ট্রেলিয়া থেকে