ঢাকায় নিল আর্মস্ট্রং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউমার্কেটের কাছেই, একটা ফটোস্টুডিওতে গিয়েছিলাম পুরোনো ছবি সংগ্রহ করতে। কাজ হয়নি। অগত্যা কী আর করা, পুরোনো বই আর ম্যাগাজিনের দোকানগুলোতে ঢুঁ মেরে তখন বাড়ির পথ ধরেছি। হঠাৎ দেখি ভীষণ হইচই! ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নেমে এসেছেন। লোকমুখে শুনলাম, মানুষ চাঁদে পা রেখেছে। বলে কী! দলে দলে লোক তখন ছুটল নিউমার্কেটের ভেতরে একটা ইলেকট্রনিকসের দোকানের দিকে। দোকানদার লোক ভালো। মানুষজনের দেখার সুবিধার্থে চারটা নতুন টেলিভিশন রাখলেন দোকানের বাইরে। সাদাকালো টিভিতে অপার বিস্ময় নিয়ে আমরা দেখলাম কিছু স্থিরচিত্র! জানলাম, চাঁদের মাটিতে পা রেখেছেন নিল আর্মস্ট্রং। সঙ্গে আছেন এডউইন অলড্রিন আর মাইকেল কলিন্স। বলছি ২০ জুলাই, ১৯৬৯ সালের কথা।সে সময় তোপখানায়, প্রেসক্লাবের উল্টো দিকে ইউসিস (ইউনাইটেড স্টেটস ইনফরমেশন সার্ভিস) নামে একটি সংস্থা ছিল। বিভিন্ন বিদেশি ছবি, ভিউ কার্ড, পোস্টার, ম্যাগাজিন, চলচ্চিত্র দেখার লোভে প্রায়ই সেখানে যেতাম। সেখানকার প্রধান আঁকিয়ে আবদুল হাকিম ভাইয়ের সঙ্গে সখ্যতা ছিল, পরিচয় ছিল একজন লাইব্রেরিয়ানের সঙ্গেও। চাঁদে মানুষ পৌঁছে গেছে—এই মহাবিস্ময়কর ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে পরদিনই হানা দিলাম সেখানে। হাকিম ভাই বললেন, বিস্তারিত তথ্য আর ছবির জন্য অপেক্ষা করতে হবে আরও দু-একদিন।বাসায় ফিরলাম। উত্তেজনায় তখন ছটফট করছি। আমি বিজ্ঞানী নই, গবেষক নই; চন্দ্রাভিযানের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতাও নেই। আমি ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর একজন সাধারণ ছাত্র। অথচ মনে হচ্ছিল, আমিও বুঝি একটা কিছু করে ফেলেছি! উত্তেজনায় সারা রাত ঘুম হয়নি!এর চেয়েও বেশি উত্তেজনাকর, নির্ঘুম রাত কেটেছিল ১৯৬৯ সালের ২৬ অক্টোবর। যেদিন জানলাম, পরদিন ঢাকায় আসছে চন্দ্র বিজয়ী দল! নিল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন আর মাইকেল কলিন্স। তাঁদের স্বাগত জানাতে পরদিন সকালেই স্কুলের পক্ষ থেকে আমাদের হাজির হতে হবে—তেজগাঁও বিমানবন্দরে!২.সকাল থেকেই সার বেঁধে দাঁড়িয়ে ছিলাম আমরা। অক্টোবরের ঝকঝকে সকাল, মাথার ওপর প্রখর রোদ। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে ছাত্রছাত্রীদের অনেকেই ক্লান্ত, বিরক্ত। কেউ আবার একটু বেশিই চালাক-চতুর, উপস্থিতির খাতায় নাম উঠিয়েই পগাড়পার! আমি কিন্তু খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম। বিখ্যাত মানুষদের প্রতি একটা অদম্য কৌতূহল ছিল সব সময়ই। বিমানবন্দর থেকে শুরু করে তৎকালীন ইন্টারকন্টিনেন্টাল (বর্তমানে রূপসী বাংলা) হোটেল, পুরোটা পথই লাইন ধরে স্কুলের ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে ছিল। আমরা জায়গা পেয়েছিলাম তেজগাঁও বিমানবন্দরের মূল ফটকের পাশেই। সবার পরনে স্কুল ড্রেস, হাতে পতাকা। তখন সম্ভবত সকাল ১০টার কাছাকাছি। হঠাৎই হইচই শুরু হয়ে গেল। বুঝলাম তাঁরা আসছেন! তাঁদের আগমন জানান দিতেই বোধ হয় মাথার ওপর দিয়ে সাঁই সাঁই করে দুটো মিগ ২১ বিমান উড়ে গেল। একটা খোলা জিপে করে এগিয়ে এলেন তিন চন্দ্রবিজয়ী। যতদূর মনে পড়ে, তাঁদের গায়ে ছিল ছাইরং স্যুট। আমাদের দিকে ফিরে হাত নাড়ছিলেন। কী সুন্দর হাস্যোজ্জ্বল মুখ! ছবিতে যেমন দেখেছি, একদম তেমনি! আমার তখন একেবারই কিশোর বয়স। সদ্যই বুঝি তাঁরা চন্দ্র জয় করে রকেটে চেপে সোজা আমাদের বঙ্গভূমিতে এসে নামলেন—এমনটা ভাবতে ভালো লাগছিল! এখনকার মতো অত নিরাপত্তার আড়ম্বর ছিল না। অতিথিদের নিয়ে গাড়িটা যাচ্ছিল ধীরগতিতে। মাঝে মাঝেই থামতে হচ্ছিল, পথে নেমে আসা মানুষের সঙ্গে হাত মেলানোর জন্য। বুঝে কিংবা না বুঝে, তাঁদের ছুঁয়ে দেখতে আমাদের মধ্যে অনেকেই ছুটে গিয়েছিল। স্কাউটরা গাঁদা ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছিল। আরও অনেকেই এগিয়ে গিয়েছিল ফুল হাতে। অতিথিরা পেরিয়ে যেতেই, শিক্ষকেরা আমাদের নিয়ে স্কুলে রওনা হলেন। কিন্তু আমার তখনো মন ভরেনি। চুপিচুপি দলছুট হয়ে পা বাড়িয়েছিলাম ইন্টারকন্টিনেন্টালের দিকে।হোটেল ইন্টারকন্টিনেন্টালে তখন সাজসাজ রব। লোকজনের প্রচণ্ড ভিড়। এখানেও নিরাপত্তার অত বালাই নেই, চাইলেই আর্মস্ট্রংদের একেবারে কাছাকাছি চলে যাওয়া যায়। দর্শনার্থীদের সবার চোখেই বিস্ময়, তবে আমার মাত্রাটা বোধ হয় একটু বেশি। তখন হাতে ক্যামেরা ছিল না, তবে ক্যামেরার প্রতি লোভটা ছিল। ছবি তুলতে জানতাম। বন্ধু-বান্ধবের ক্যামেরা নিয়ে প্রায়ই সে বিদ্যাটা ঝালাই করে নেওয়ার সুযোগ খুঁজতাম। নিল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন, মাইকেল কলিন্সদের মতো বিখ্যাতদের কাছ থেকে দেখে একটা ক্যামেরার জন্য হাত নিশপিশ করছিল। অতিথিদের মুখের হাসি তখনো অটুট। কেন যেন ওদের দেখে মনে হচ্ছিল, বোধ হয় আমাদের দেশে বেশ কিছুদিন বেড়াবেন। ধারণা ভুল ছিল। রাত পেরিয়ে ভোর না হতেই ওরা ছেড়ে গেলেন বাংলার মাটি। তৎকালীন পূর্ব পাকিস্তানের ছোট্ট শহর ঢাকা আর সে শহরবাসীদের দিয়ে গেলেন এক অদ্ভুত গৌরব!৩.ইউসিসের হাকিম ভাইয়ের কাছে সে সময় একটা খবর পেয়েছিলাম। তিন চন্দ্রবিজয়ীর সই করা একটা ছবির অল্প কিছু কপি ঢাকায় আসছে। হাকিম ভাইকে খুব করে ধরলাম, বললাম যে করেই হোক, একটা কপি আমার চাই। হাকিম ভাই আশ্বস্ত করতে পারলেন না। দুর্লভ জিনিস, সাধারণের হাতের নাগালের বাইরেই থাকার কথা। পরে সে ছবি আমি পেয়েছিলাম। ছবিটা সম্ভবত চন্দ্রাভিযানে যাওয়ার আগ মুহূর্তে তোলা। তিনজনের হাতে হেলমেট, মুখে আকর্ণবিস্তৃত হাসি। সে সময় সেই হাসি দেখে ভীষণ অবাক হয়েছিলাম। অনিশ্চিত একটা যাত্রা, চোখে থাকার কথা ভয়, শঙ্কা অথচ তাঁদের চোখে-মুখে সে কি আনন্দের ঝিলিক, অজানাকে জয় করার উচ্ছ্বাস! এত সুন্দর ঝকঝকে ছবি, সে সময়ই আমার প্রথম দেখা। পরবর্তী সময়ে সে ছবি আমি সংগ্রহ করতে পেরেছিলাম। গত ৪৩ বছরে অসংখ্যবার আমি সেই ছবি বুকে জড়িয়ে ধরেছি।সে সময়ের পত্রিকায় প্রকাশিত একটা কার্টুনের কথা খুব মনে পড়ে। শিল্পীর নাম সম্ভবত অরূপ। কার্টুনটা এমন—গ্রামের এক লোক নৌকায় পেরেক ঠুকছে, পাশেই আমেরিকানরা রকেটে চেপে চাঁদে যাচ্ছে। আমেরিকার সঙ্গে আমাদের আকাশ-পাতাল পার্থক্যটা তুলে ধরার একটা প্রয়াস। বিশ্বে এত দেশ থাকতে আর্মস্ট্রংরা কেন সেদিন এই ‘নৌকায় পেরেক ঠোকা’ দেশটায় পা রেখেছিল, সে প্রশ্নের উত্তর আমি আজ অব্দি পাইনি। যতদূর জানি, তাঁরা বিশ্বভ্রমণে বেরিয়েছিলেন। কিন্তু তাঁরা খুব বেশি দেশে যাননি। আমরা দরিদ্র, বিজ্ঞানের দিক থেকে অনগ্রসর, শিক্ষার হার কম—এটাই কি কারণ? সে ক্ষেত্রে তো আফ্রিকার বহু দেশ ছিল।কারণ যাই হোক, তাঁরা এ দেশে এসেছিলেন—এটাই আমাদের কাছে বড় কথা। এ দেশে এসে এক বিবৃতিতে চন্দ্রবিজয়ীরা বলেছিলেন, ‘প্লেনে নামার সময় ওপর থেকে তোমাদের দেশটা দেখে আমরা মুগ্ধ হয়েছি! এত সুন্দর! সবুজ আর সবুজ, তার মাঝে এত নদী!’আর্মস্ট্রং তো চলেই গেলেন না-ফেরার দেশে। তিনজনের একসঙ্গে আর কখনো এ দেশে আসা হবে না। যদি আসতেন, আমার ধারণা ওপর থেকে দেখেই তাঁদের খুব মন খারাপ হতো।(অনুলিখিত)