ঢাকায় বসে নরওয়ের হাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা তখন ১১টা। হেঁটে যাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের করিডর দিয়ে। মিলার একটি জনপ্রিয় গান শোনা যাচ্ছিল নেপালি দুই তরুণীর কণ্ঠে। নেপালি এই দুই তরুণী রিজিওনাল মাস্টার্স ইন জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের শিক্ষার্থী। প্রশ্ন করতেই শামিক্সা কৈরালা বললেন, ‘বাংলাদেশে এসেই কয়েক মাসের মধ্যে বাংলা ভাষাটা অনেকখানি শিখে ফেলেছি। যোগাযোগের শিক্ষার্থী হিসেবে সবার সঙ্গে মিশতে হলে এর প্রয়োজন রয়েছে। নেপাল থেকে এই মাস্টার্স ডিগ্রিটা অর্জনের জন্যই বাংলাদেশে আসা।’ আরেক নেপালি শিক্ষার্থী শ্রীজানা আচারিয়া জানান, ‘বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষার্থী ও শিক্ষকেরা সবার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন, এখানে সবাই একজন অন্যজনকে সহযোগিতা করছেন।’ তিনি নেপালে সুপ্রিম কোর্টের মিডিয়া সেন্টারে সাংবাদিক হিসেবে কাজ করতেন। এই প্রোগ্রামে বিভিন্ন তত্ত্ব পড়ানো হয়, যা দিয়ে নেপাল ও বাংলাদেশের মধ্যে নানা বৈশ্বিক ইস্যু নিয়ে তুলনা করতে পেরেছেন। কোর্সের এই দুই বছর তাঁর জীবনের অনেক তাৎপর্যপূর্ণ সময় ছিল। তিনি বলেন, ‘মনপুরা, যে শহর চোরাবালি ইত্যাদি চলচ্চিত্র দেখেছি। মনে হয়েছে বাংলাদেশের ছবির মান বেশ ভালো।’ আরেক নেপালি তরুণ শ্রীহরমানি ধিতাল বললেন, ‘নেপাল ও বাংলাদেশে কিছু বিষয় একইভাবে মোকাবিলা করতে হয়। যেমন দারিদ্র্য, নারীবিষয়ক ইস্যু। এগুলোর সমাধান করা দরকার।’ এই প্রোগ্রামের মাধ্যমে ভবিষ্যতে নানা সামাজিক ইস্যু তুলে ধরতে চান তিনি।কেন এই প্রোগ্রামে ভর্তি হলেন? জানতে চাই বাংলাদেশের শিক্ষার্থী এ কে এম আতিকুজ্জামানের কাছে। তার উত্তর, ‘অনার্স শেষে মাস্টার্সের অপেক্ষায় ছিলাম, তখনই এই প্রোগ্রামের অফার দেওয়া হয়। এটি আন্তর্জাতিক একটি প্রোগ্রাম। চারটি দেশের শিক্ষক ও শিক্ষার্থী থাকবে, আন্তর্জাতিক মানসম্পন্ন একটি সিলেবাস থাকবে। আন্তর্জাতিকভাবে তা প্রকাশ পাবে। এ জন্যই এখানে ভর্তি হওয়া।’ এ ছাড়া তিনি আরও জানালেন, ‘এই প্রোগ্রামের মাধ্যমে সার্কভুক্ত দেশের সাংবাদিকতার ধারার সঙ্গে পরিচিত হওয়া গেছে। এর আগে নেপাল ও পাকিস্তান সম্পর্কে যা জানতাম, তা কেবল মিডিয়ার চোখ দিয়েই দেখতাম। সেটা সংকীর্ণ ও ভুল ছিল। কিন্তু এই কোর্সের ফলে নেপালে গিয়ে সরাসরি ক্লাস করার পর এই ভুল ধারণা ভেঙে গেছে। এ ছাড়া এই কোর্সে নরওয়েজিয়ান, আফ্রিকান, ইউরোপিয়ান, আমেরিকান মিডিয়া নিয়েও আলোচনা হয়েছে।’ এই প্রোগ্রামের সমন্বয়কারী অধ্যাপক শেখ আবদুস সালাম জানান, ‘এটি একটি বিশেষায়িত কোর্স। এখানে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে পাঠদান পরিচালনা করা হয়। এই প্রোগ্রামে বাংলাদেশ থেকে ১৮ জন পড়ার সুযোগ পান। একই সঙ্গে বিভিন্ন দেশের শিক্ষক ও শিক্ষার্থীদের নেটওয়ার্ক গড়ে ওঠে। এতে উচ্চশিক্ষার পথ সুগম হবে। এর মাধ্যমে গবেষণার একটি প্লাটফর্ম তৈরি হয়। এ ধরনের কোর্স শিক্ষা, গবেষণা, শিক্ষার্থীদের গমন-আগমনের মাধ্যমে একটি ইতিবাচক ভূমিকা পালন করবে।’ এই প্রোগ্রামের আরেক শিক্ষক ও বিভাগের সহযোগী অধ্যাপক মফিজুর রহমান জানালেন, ‘এই প্রোগ্রামের সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অর্জন। এর মধ্য দিয়ে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে আগ্রহী স্থানীয় শিক্ষার্থীরা দেশ থেকে বহু সাংস্কৃতিক পরিবেশে আন্তর্জাতিক মানের এমএ পর্যায়ের উচ্চশিক্ষা গ্রহণের সুযাগ পাচ্ছে।’এবার জানা যাক প্রোগ্রামটির বিস্তারিত:নোমা কীরিজিওনাল মাস্টার্স প্রোগ্রাম ইন জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন নামের এই মাস্টার্স ডিগ্রি নরওয়েজিয়ান সরকারের নোরাড ফান্ডের অর্থায়নে নরওয়েজিয়ান প্রোগ্রাম ফর মাস্টার্স স্টাডিজ (নোমা) পরিচালিত আন্তর্জাতিক মানের একটি পার্টনারশিপ প্রোগ্রাম। দুই বছর মেয়াদি পূর্ণকালীন এই রিজিওনাল মাস্টার্স ডিগ্রি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধীনে পরিচালিত হচ্ছে। এর সঙ্গে নরওয়ের অসলো ইউনিভার্সিটি কলেজ, পাকিস্তানের ইউনিভার্সিটি অব পাঞ্জাব, নেপালের কলেজ অব জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন পার্টনার হিসেবে রয়েছে। বাংলাদেশ, নরওয়ে, নেপাল, পাকিস্তানের সাংবাদিকতা, ফটোসাংবাদিকতা, গণমাধ্যম ও যোগাযোগ শিক্ষার প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার মাধ্যমে প্রোগ্রামটি তার কার্যক্রম শুরু করেছে।প্রোগ্রামটির কাঠামোদুই বছর মেয়াদি এই প্রোগ্রামে প্রথম তিন সেমিস্টার অর্থাৎ নয়টি কোর্স বাধ্যতামূলক। পরবর্তী এক সেমিস্টারে প্রজেক্ট বা থিসিস যেকোনো একটি বেছে নিতে পারেন। এতে বিভাগীয় শিক্ষকসহ নরওয়ে, পাকিস্তান ও নেপালের শিক্ষকেরাও ক্লাস নিয়ে থাকেন।পড়ার যোগ্যতাবাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয় থেকে স্নাতক পাস করা আগ্রহী প্রার্থীরা ভর্তির সুযোগ পাবেন। যাঁদের একটি মাস্টার্স ডিগ্রি আছে, তাঁরা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন না। একই সঙ্গে তৃতীয় শ্রেণীপ্রাপ্তরাও আবেদন করতে পারবেন না। আবেদনকারীর কোর্সপদ্ধতি অনুযায়ী কমপক্ষে ৫০ শতাংশ নম্বর অথবা গ্রেডিং পদ্ধতিতে বি+ থাকতে হবে। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পেশাজীবীরাও এই প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। তবে এতে অংশ নিতে হলে পেশাজীবীদের যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে দুই বছরের জন্য ছুটি নিতে হবে। আবেদনকারীর বয়স ৩০ বছরের নিচে হতে হবে।ভর্তিপদ্ধতিপুরুষ ও নারী উভয়ের সমান অনুপাতে সর্বমোট ২৮ জন (বাংলাদেশের ১৮ জন, পাকিস্তানের দুজন, নেপালের ছয়জন, নরওয়ের দুজন) ভর্তির সুযোগ পাবেন। তবে প্রথম ব্যাচে ২৬ জন ভর্তি হয়েছিলেন। ভর্তি কার্যক্রম ইংরেজিতে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে হবে। নির্বাচিত প্রার্থীদের পূর্ণকালীন বৃত্তি দেওয়া হবে। কোর্সের কোনো একটি অংশ সম্পন্ন করতে অন্য দেশে নিয়ে যাওয়া হবে। উল্লেখ্য, প্রথম ব্যাচের একটি কোর্স নেপালে হয়েছে।লিখিত পরীক্ষা৫০ নম্বরের লিখিত পরীক্ষার দুটি অংশ। প্রথম অংশের প্রশ্নের সঙ্গে খালি জায়গায় উত্তর দিতে হবে (সময় এক ঘণ্টা)। দ্বিতীয় অংশে প্রবন্ধ লিখতে হবে, এটি বর্ণনামূলক, ক্রিটিক্যাল বা মতামতধর্মী হতে পারে (সময় এক ঘণ্টা)।ইন্টারভিউ তিন থেকে পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্যানেল এই ইন্টারভিউ পরিচালনা করে থাকে। চারটি দেশের সমন্বয়ে গঠিত ভর্তি কমিটি প্রার্থীকে গ্রহণ বা বাতিল করার অধিকার রাখে। কেন এই প্রোগ্রামএই প্রোগ্রামের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা জন্মাবে। একই সঙ্গে বহু সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে মিশতে পারার সুযোগ ঘটবে। এর দ্বারা শিক্ষার্থীরা ভবিষ্যতে পার্টনার প্রতিষ্ঠানে পড়ারও সুযোগ পায়।কোথায় পড়বেনএই মাস্টার্স কোর্সটি কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে চালু রয়েছে। তবে নোরাড ফান্ডের অধীনে প্রাইভেট নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পাবলিক পলিসি নামে একটি প্রোগ্রাম রয়েছে।