প্রথম আলো বন্ধুসভা এবার বেশ জাঁকজমকপূর্ণভাবে পালন করবে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী। আসছে ৪ নভেম্বর সেই দিন। মোট ৭১টি বন্ধুসভা পালন করবে এই প্রতিষ্ঠাবার্ষিকী। কোন কোন বন্ধুসভা দিবসটি পালন করবে এই নামের তালিকা ছাপা হবে বন্ধুসভার পাতায়। অনুষ্ঠানের আগে দিকনির্দেশনামূলক একটি চিঠিও যাবে বন্ধুদের কাছে। প্রতিবছর ‘বন্ধুসভার একটি ভালো কাজ’ শিরোনামে একটি কর্মসূচির আয়োজন থাকে। এবারও থাকবে সে রকম আয়োজন। সে আয়োজনটি নিয়ে বন্ধুদের এক্ষুনি ভাবতে বলি। চাই নতুন আইডিয়া, চাই নতুন ধরনের, ভিন্ন ধরনের কোনো আয়োজন। সব বন্ধুসভার কাজের ওপর ভিত্তি করে সেরা ২০ বন্ধুসভা নির্বাচনের কথা রয়েছে। সে ২০ বন্ধুসভার নাম আমরা ছাপিয়ে দেব বন্ধুসভার পাতায়।
সারা দেশে সব বন্ধুসভার কমিটির মেয়াদ শেষ হচ্ছে এ বছরের ডিসেম্বর মাসে। যেকোনোভাবে ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে কমিটি তৈরি করতে হবে। এর নতুন মেয়াদ শুরু হবে ১ জানুয়ারি ২০১৭ থেকে। চাইলে কোনো বন্ধুসভা ডিসেম্বরের শুরুতে বা মাঝামাঝিতেও কমিটি করে ফেলতে পারে। কমিটি তৈরি করে বন্ধুসভার ই-মেইলে পাঠাতে হবে। সঙ্গে পাঠাতে হবে ছয় মাসের কাজের পরিকল্পনা। কমিটি হতে হবে অবশ্যই গঠনতন্ত্র অনুযায়ী। তাই কমিটি করার আগে বন্ধুসভার গঠনতন্ত্র পড়ে নিতে হবে।
শুক্রবার ১৪ অক্টোবর ছিল বন্ধুসভার অ্যাসিড-সন্ত্রাসবিরোধী মানববন্ধন। সারা দেশের ১৫টি জেলা ও একটি উপজেলায় এই মানববন্ধন হয়েছে। এরই ধারাবাহিকতায় ২১ অক্টোবর ১৫টি জেলায় নারী নির্যাতনবিরোধী মানববন্ধন করার কথা রয়েছে। আশা করি শিশু নির্যাতনের বিরুদ্ধেও এ মাসেই বেশ কয়েকটি জায়গায় মানববন্ধনের আয়োজন করা হবে।
অ্যাসিড-সন্ত্রাসের বিরুদ্ধে যারা মানববন্ধন করেছে, তাদের অভিনন্দন জানাই। একই সঙ্গে অভিনন্দন জানাই তাদের, যারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। ঢাকার বাইরের অনেক বন্ধু প্রতিবছরই ঢাকায় আসেন। কেউ কেউ পড়াশোনার জন্য, কেউ কেউ আবার চাকরি বা ব্যবসার জন্য। তাঁরা স্থায়ীভাবে ঢাকায় বসবাস শুরু করেন। তাদের ঢাকাতে বন্ধুসভায় কাজ করার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা ঢাকা মহানগর বন্ধুসভায় যোগ দিয়ে কাজ করুন। চলে আসুন, শুক্রবার ছাড়া যেকোনো দিন বেলা ১১টা থেকে বিকেল চারটার মধ্যে। বন্ধুসভা কক্ষ, ৯৯ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ (ঢাকা ট্রেড সেন্টার, তৃতীয় তলা), কারওয়ান বাজার, ঢাকা।
সভাপতি
প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ