ঢাকায় রিকশা দৌড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিকশা উত্সবে শামিল এই জাপানি তরুণও
রিকশা উত্সবে শামিল এই জাপানি তরুণও
.
.

‘...আমি এহন রিকশা চালাই ঢাহা শহরে’ গানটির কথা পরিবর্তনের সময় হলো বোধ হয়। যাঁর উদ্দেশ্যে এই গান, তাঁকে আরও একটা সুখবর দেওয়ার সময় এসেছে। রিকশা চালিয়ে ২০-৩০ টাকা ভাড়া নয়, মোটামুটি লাখপতি বনে যাওয়ার সুযোগ এসেছে। সঙ্গে বাড়তি পাওনা ‘তারকাখ্যাতি’ তো রয়েছেই। এমন সুযোগ করে দিয়েছে এবারের রিকশা-ফিয়েস্তা। অবশ্য সুযোগ না বলে স্বপ্নপূরণ বলাই ভালো। ‘১৭ বছর ধরে ঢাহা শহরে রিকশা চালাই। কিন্তু এইটা নিয়া যে প্রতিযোগিতা হইব আর একসঙ্গে এত ট্যাহা পামু ভাবি নাই।’ বলছিলেন স্বপ্ন পূরণ হয়ে যাওয়া এবারের রিকশাচালক আলম শেখ। গত ১৮ এপ্রিল আরও তিন সঙ্গী নিয়ে রিকশা-দৌড় প্রতিযোগিতায় নেমেছিলেন তিনি। জয়ী হয়ে তাদের দল জিতেছে নগদ ৫০ হাজার টাকা। চমকপ্রদ এই আয়োজন অবশ্য শুরু হয়েছে গত বছর থেকে। জাতীয় সংসদ ভবন থেকে শুরু হয়ে আগারগাঁও-শিশু মেলা হয়ে আবার সংসদ ভবন। এই ছিল দূরত্ব। তবে রিলে রেসের আদলে চার চক্কর দিতে হয়েছে একটা রিকশা নিয়ে। প্রতিটি চক্করে পরিবর্তন হয়েছে চালক। এই বিভাগেই প্রথম পুরস্কার জেতেন আলম শেখ ও তাঁর দলের আরও তিনজন। ৫০০ মিটার অবধি আরও একটা বিভাগে অংশ নেন ২২ জন রিকশাচালক। এখানে প্রথম পুরস্কার ১০ হাজার টাকা জেতেন মঈনুল ইসলাম। দুই বিভাগ মিলে ১০৪ জন রিকশাচালকের এ প্রতিযোগিতা রূপ নেয় হাজার রিকশাচালকের আনন্দ উৎসবে। তবে চমকপ্রদ খবর হলো এই, ঢাকাই চালকদের সঙ্গে পাল্লা দিয়ে এ বছর রিকশা-ফিয়েস্তায় যোগ দেন জাপানের একদল তরুণও। প্রতিযোগিতায় ঢাকাই চালকদের সঙ্গে টিকতে না পারলেও তাঁরা খুশি। ঘামে ভেজা মুখ কাঁধের গামছা দিয়ে মুছতে মুছতে জাপানি তরুণ কুনিয়াকি ওকাবিয়াশি বলছিলেন, ‘জীবনে প্রথম রিকশা চালালাম। অন্য রকম অনুভূতি। রাস্তা দিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন মজা পেয়েছে।’ তাঁর সঙ্গে গলা মেলান পোশাকশিল্প প্রতিষ্ঠানের কর্মকতা হিরোয়াকি ইশিতু। ‘রিকশা চালানো অনেক কষ্টের। এখন আর রিকশায় উঠলে দামাদামি করব না।’
রিকশা নিয়ে এমন প্রতিযোগিতার শুরু যাঁর হাত ধরে, তিনি অবশ্য এরই মধ্যে ঢের পরিচিতি পেয়েছেন বাংলাদেশে। তাই রিকশাচালকদের কাছে জাপানের তথ্যচিত্র নির্মাতা সিসিলিয়া অ্যামি কিতাজিমা প্রিয় ও পরিচিত নাম। ঘটনার শুরুটা ২০১১ সালে। ওই বছরই মা-বাবার

সঙ্গে এ দেশে আসেন কিতাজিমা। প্রেমে পড়ে যান রিকশার। এর পর থেকেই রিকশা নিয়েই কারবার তাঁর। রিকশার ওপর তথ্যচিত্র নির্মাণসহ পরিকল্পনা করেন এমন আয়োজনের। দুই বছর ধরে তারই বাস্তব চিত্র এই রিকশা-ফিয়েস্তা। তাঁর সঙ্গে যোগ দেন জাপানপ্রবাসী বাংলাদেশি সলিমুল্লাহ কাজল। এবারের আয়োজন নিয়ে কথা বলেন তিনি। এবারের রিকশা-ফিয়েস্তার মূল উদ্দেশ্যে ছিল ‘প্রমোটিং বাংলাদেশ’। গত ১৮ এপ্রিল সকালে রিকশা-ফিয়েস্তার পর বিকেলে জাদুঘর মিলনায়তনে আয়োজন করা হয় ‘রিকশা আর্ট এক্সিবিশন ও ডিস্ট্রিক্ট ফেয়ার’। ‘এক জেলা এক পণ্য’ শিরোনামের এ মেলা উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা অধ্যাপক গওহর রিজভী ও জাপানি রাষ্ট্রদূত শিরো সাদোশিমা। প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, ‘রিকশা নিয়ে এমন অভিনব আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। রিকশা নিয়ে রেস হতে পারে, এটা আমরা হয়তো ভাবিনি, যা কিতাজিমা ভেবেছেন। তাঁকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।’

রিকশা দৌড়ে বিজয়ী দল
রিকশা দৌড়ে বিজয়ী দল

‘কোনো রিকশা আমার আগে যাইতে পারে নাই’
আলম শেখ, রিকশা-ফিয়েস্তা ২০১৪ বিজয়ী
‘গত বছরও রিকশা-দৌড়ে অংশ নিছিলাম, কিন্তু নিজের ভুলের জন্য জিততে পারি নাই। এইবার আর ভুল হয় নাই। মনে করেন ১৭ বছর ধইরা বকশীবাজার এলাকায় রিকশা চালাই। কখনো কোনো রিকশা আমার আগে যাইতে পারে নাই।’ পুরস্কার হাতে নিয়ে আলম শেখ নিজের অনুভূতি বলা শুরু করলেন এভাবেই। রিকশা-ফিয়েস্তা ২০১৪-তে রিলে রেসে চারজনের দল নিয়ে প্রথম হন আলম শেখ। তাঁর দলের অন্য সদস্যরা হলেন রহিম উদ্দিন, ইসমাইল ও নজরুল ইসলাম।