ঢাকায় শর্মার স্বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শর্মা, পিৎজা, পাস্তা...! এগুলো আবার কোন খাবার? স্বাদ কেমন? খাওয়া যাবে তো? শুরুতে এসব হাজারো প্রশ্নের উত্তর দিতে হতো শর্মা হাউসের ওয়েটারদের। সেসব অবশ্য ৩০ বছর আগের কথা। এর মধ্যে ঢাকাবাসীর পছন্দের খাবারের তালিকায় এসেছে অনেক পরিবর্তন। বিদেশি এসব খাবার চাখতে ভোজনরসিকেরা এখন নিয়মিতই ভিড় জমান শর্মা হাউসে। দোকানে ঢুকেই অর্ডার দেন পিৎজা ফোর সিজনস, পাস্তা বাস্তা কিংবা চিকেন শর্মার।যেভাবে শুরুডেনমার্কে গিয়েছিলেন পড়াশোনা করতে। সেখানে গিয়েই রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে পরিচয় করিমউল্লাহর। ‘রেস্টুরেন্টে কাজ করার পাশাপাশি নিয়মিত নতুন নতুন খাবার চেখে দেখতাম। সেখান থেকেই খাবারের প্রতি আমার আগ্রহ বেড়ে যায়।’ বলছিলেন করিমউল্লাহ। তিনি আরও বলেন, ‘চিকেন শর্মা নামের মজাদার খাবারটি লেবানন থেকে তখন মাত্র ডেনমার্কের কোপেনহেগেনে ঢুকেছে। আমার বোন শবনম ডেনমার্কে গিয়ে শর্মার ভক্ত হয়ে যায়। ওরই প্রস্তাব ছিল, ঢাকায় শর্মার একটা দোকান দেওয়া যায় কি না। আমারও পছন্দ হলো প্রস্তাবটা।’ দেশে ফিরে হাতিরপুলে ছোট্ট একটা জায়গা নিয়ে শুরু করলেন শর্মা হাউস। এর পর থেকে ৩০ বছর ধরে শর্মা হাউসের জনপ্রিয়তা বেড়েই চলেছে। হাতিরপুল থেকে হাতিরপুলহাতিরপুলের সেই ছোট্ট দোকানটায় বিকেল থেকেই লেগে যায় ধুন্ধুমার ভিড়। অনেকেই ভেতরে বা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করেন টেবিল ফাঁকা হওয়ার। সে রকমই তিন বন্ধু—ফারিয়া, সজীব ও ফুয়াদ দাঁড়িয়েছিলেন শর্মা হাউসের ঠিক বাইরে। ফারিয়া বলেন, ‘এখানকার পরিবেশ, ওয়েটারদের ব্যবহার, খাবারের মান—সবকিছু মিলিয়ে ভালো লাগে। তাই তো বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতেও আপত্তি নেই।’শর্মা হাউস এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ঢাকার বনানীর ই ব্লকে, ধানমন্ডির আনাম র‌্যাংগস প্লাজা, বসুন্ধরা সিটি ও উত্তরার ১২ নম্বর সেক্টরে। পুরো ঢাকা ঘুরে শর্মা হাউসের ষষ্ঠ শাখা সম্প্রতি আবার হাতিরপুলেই চালু হয়েছে। হাতিরপুলের নতুন এই শর্মা হাউসের নাম ‘শর্মা কাবাশীষ হাউস’। রহস্যের খোঁজে৩০ বছর সুনামের সঙ্গে টিকে থাকা সহজ ব্যাপার নয়। কীভাবে সম্ভব হলো সেটা? করিমউল্লাহ বললেন, ‘শর্মার মসলাটা আমরা জার্মানি থেকে নিয়ে আসি। রুটি ও অন্যান্য খাবারের কাঁচামাল নিজেরাই তৈরি করি। খাবারের স্বাদ ও মান ঠিক রাখার জন্য চেষ্টা করি। আমাদের ওয়েটারদের চালচলন, পোশাক-পরিচ্ছদের দিকেও আমরা খেয়াল রাখি। আমি জানি না, এটাই সফলতার রহস্য কি না। তবে ক্রেতাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি।’কোনটা রেখে কোনটা খাবেনশর্মা হাউসে পিৎজা পাবেন ২৪ রকমের। এগুলোর মধ্যে পিৎজা মেক্সিকান হট, পিৎজা সিসিলি, পিৎজা অলিভ, পিৎজা ক্ল্যাসিক, পিৎজা বার্সেলোনা, পিৎজা ঢাকা, পিৎজা ফোর সিজনস উল্লেখযোগ্য। উপকরণ ও আকারভেদে দাম ২৪৯ থেকে ৪১৯ টাকা। পিৎজায় বাড়তি টপিং দেওয়ার সুযোগ আছে।চার পদের শর্মা পাবেন ৬৫ থেকে ৮৫ টাকার মধ্যে। পাস্তা বাস্তা, পাস্তা মেডিটেরিয়াসহ ছয় পদের পাস্তা পাবেন ১৭৯ টাকায়। এ ছাড়া বার্গার, স্যান্ডউইচ, নানা রকম পানীয় তো পাবেনই।এসব পদের বাইরে একটু ভারী খাবার পাবেন হাতিরপুলের শর্মা কাবাশীষ হাউসে। হরেক রকমের বিরিয়ানি, পোলাও, কাবাব, তন্দুরি, বিভিন্ন গ্রেভি ও প্লেটার পাওয়া যাবে এই শাখায়।