ঢাকায় হয়ে গেল লিডারশিপ সামিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় লিডারশিপ সামিটে অংশ নেন বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তারা
ঢাকায় লিডারশিপ সামিটে অংশ নেন বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তারা

দেশের করপোরেট ক্ষেত্রকে অনুপ্রাণিত করতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে শনিবার রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো তৃতীয় ‘লিডারশিপ সামিট ২০১৪’। এবারের সম্মেলনের থিম ছিল ‘রূপান্তরের বিনির্মাণ’। আয়োজকেরা জানিয়েছেন, এবারের সম্মেলনে বিশেষ লক্ষ্য ছিল বাংলাদেশে শিল্প উন্নয়নের অপার সম্ভাবনার নতুন অধ্যায়কে তুলে ধরা।
রাজধানীর হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এক দিনের এ সম্মেলনে বাংলাদেশের করপোরেট ক্ষেত্রকে অনুপ্রাণিত করতে উপস্থিত ছিলেন ফিলিপাইনভিত্তিক গ্লোবাল এক্সিকিউটিভ কোচ অ্যান্ড লার্নিং ফ্যাসিলিটেটর অব হিউম্যান ক্যাপিটালের বেথ ম্যাকডোনাল্ড, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ, গ্রামীণফোনের প্রধান নির্বাহী বিবেক সুদসহ আরও অনেকে।
উন্নয়নবিষয়ক প্যানেল আলোচনা, কৌশলগত নেতৃত্ব, বাংলাদেশ নাও (এখন বাংলাদেশ) প্ল্যাটফর্মের সূচনাসহ মোট ছয়টি সেশন ছিল এবারের আয়োজনে।
‘লিডারশিপ মাইন্ডসেট অ্যান্ড ইটস ইমপ্যাক্ট অন বিজনেস ডিসিশান্স’ শিরোনামে এই সম্মেলনের প্রথম সেশনটি পরিচালনা করেছেন বেথ ম্যাকডোনাল্ড। তিনি জাপান, চীন ও ফিলিপাইনে করপোরেট লিডারশিপ উন্নয়ন বিষয়ে দীর্ঘদিন ধরে প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। ফরচুন ৫০০ কোম্পানিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ পরিচালনা করেছেন ‘ইন কনভারসেশন উইথ স্যার আবেদ’ নামের একটি সেশন। এতে দীর্ঘ কর্মজীবনের নানা কঠিন চ্যালেঞ্জ ও ব্র্যাক গড়ে তোলার বিষয়টি আলোচনা করেন তিনি।

বিবেক সুদ গ্রামীণফোন ছাড়াও তাঁর দীর্ঘ ২২ বছরের কর্মজীবনে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। এ ছাড়া বাংলাদেশের উন্নয়ন পরিপ্রেক্ষিত নিয়ে রেকিট বেনকিজারের আতা সাফদার, ডেপুটি কমান্ডিং জেনারেল অব ইউএস আর্মি অব এশিয়া প্যাসিফিকের মেজর জেনারেল রিচার্ড এম বার আলোচনা করেছেন আর্ট অব লিডারশিপ নিয়ে। আর থ্রাইভ ল্যাবসের প্রতিষ্ঠাতা প্রিয়া পার্কার উদ্ভাবন ও ভিশন নিয়ে একটি সেশন পরিচালনা করেন।