ঢালী আল মামুনের জন্য প্রার্থনা
‘মামুন স্যারের সঙ্গে বিকেলে হাঁটতে বেরিয়েছি—চট্টেশ্বরী কালীমন্দির, ওয়াসার মোড়, লালখান বাজার, কাজীর দেউড়ি, জামালখান, চেরাগি পাহাড়, বাতিঘরে ঢুকে একটু পরেই উল্টেপাল্টে দেখবেন নতুন বই...।’শিল্পী ঢালী আল মামুনের আরোগ্য কামনা করে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেইসবুকে এভাবেই স্ট্যাটাস লিখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র রেজাউল করিম। চট্টগ্রামের সংস্কৃতিকর্মীদেরও এখন একটাই আশা—সুস্থ হয়ে উঠুন মামুন স্যার।নগরের তরুণ কবি, শিল্পী-সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের আড্ডাস্থল চেরাগি পাহাড় এখন শোকের কালো ব্যানারে ছেয়ে গেছে। চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সংবাদ ব্যক্তিত্ব মিশুক মুনীরের অকাল মৃত্যু মেনে নিতে পারছে না কেউ। ১৩ আগস্টের মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বেদনাদায়ক স্মৃতি এখনো তরতাজা সবার মনে। এর মধ্যে আরেকটি দুঃসংবাদ এল। শাটল ট্রেন নামের তথ্যচিত্রের নির্মাতা চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের জীবনের গাড়ি থেমে গেল মাত্র ৩৬ বছর বয়সে। গত বৃহস্পতিবার রাতে দেবপাহাড়ের বাসায় মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু হয় তাঁর। একের পর এক ঘটতে থাকা দুঃখজনক ঘটনায় বিহ্বল সংস্কৃতিকর্মীরা। ‘বুঝতে পারছি না কী হলো, তারেক মাসুদ, মিশুক মুনীর চলে গেলেন। এ অবস্থায় সাজ্জাদের মৃত্যুসংবাদ এল। এখন একটাই প্রত্যাশা—সড়ক দুর্ঘটনায় আহত ঢালী আল মামুন দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’ প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান গতকাল এই কথা বলেন।মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে ১৩ আগস্ট সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত শিল্পী ঢালী আল মামুনকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়া হয়েছে। এমন খবরে সংস্কৃতিকর্মীদের মধ্যে স্বস্তি এলেও উদ্বেগ কাটছে না। ‘মামুন স্যার এখন কেমন আছেন?’—এমন উৎকণ্ঠিত প্রশ্ন শোনা যাচ্ছে চেরাগি পাহাড়ে পা রাখলেই। আশির দশক থেকে চলচ্চিত্র আন্দোলনে শিল্পী ঢালী আল মামুনের সঙ্গে যুক্ত রয়েছেন চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের পরিচালক শৈবাল চৌধুরী। তিনি জানান, ‘মামুন চট্টগ্রামের স্থাপনাশিল্পের পথিকৃৎ। তাঁর “অপাপবিদ্ধ জল” ও “সংলাপ” নামের দুটি স্থাপনা প্রদর্শনী চট্টগ্রামের দর্শকদের নতুন করে ভাবিয়েছে। একই সঙ্গে তিনি চলচ্চিত্র আন্দোলনের সঙ্গেও জড়িত। প্রসঙ্গ, ইন্টারকাট, লুক থ্রু—শিল্প-সাহিত্য ও চলচ্চিত্রবিষয়ক এই পত্রিকাগুলোর সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। বহুমাত্রিক সৃজনশীল এই মানুষটি দ্রুত সুস্থ হয়ে আবার সৃষ্টিশীলতায় মগ্ন হবেন—এটাই আমাদের চাওয়া।’ঢালী আল মামুনের সুস্থতা কামনা করে চেরাগি পাহাড়ের প্রবেশপথে একটি ভবনের দেয়ালে টাঙানো হয়েছে ব্যানার। সেটা দেখিয়ে চট্টগ্রামের চলচ্চিত্রবিষয়ক সংগঠন অযান্ত্রিক ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ-এর প্রধান সমন্বয়কারী রফিকুল আনোয়ার বললেন, ‘কিছুদিন আগেও এই দেয়ালটা ম্যুরালে ঢেকে দিতে চেয়েছিলেন মামুন স্যার, অথচ আজ তাঁর ছবি ঝুলছে এই দেয়ালে।’ তিনি বলেন, ‘চট্টগ্রামের প্রায় সব সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত মামুন স্যার। “অযান্ত্রিক” প্রতিষ্ঠার সময়ও তিনি তাঁর আঁকা ছবি দিয়ে আমাদের সাহায্য করেছিলেন। স্যার এখানকার সব তরুণের বন্ধু। তিনি সুস্থ হয়ে চেরাগি পাহাড়ের আড্ডায় ফিরে আসবেন এটাই কামনা করি। ’চট্টগ্রাম বিশ্ববিদ্যালরেয়র চারুকলা ইনস্টিটিউটের মাস্টার্সের ছাত্র জিহান করিম নিয়মিত আসেন চেরাগি পাহাড়ে। তিনি বলেন, ‘আমরা এখন মামুন স্যারের সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় আছি। তিনি কেবলই একজন শিক্ষক নন, আমাদের কাছে এর চেয়েও বেশি কিছু। শিল্পের প্রচলিত ধ্যানধারণা থেকে শিক্ষার্থীদের বেরিয়ে আসার প্রেরণা দেন তিনি। তাঁকে আবার কবে ক্লাসরুমে দেখব, সেই প্রতীক্ষায় আছি। আসুন, আমরা সবাই মিলে তাঁর জন্য প্রার্থনা করি।’