‘আমরা অসহায় হয়ে পড়েছি। আসামিদের কেউ কেউ আমাদের চারপাশে ঘোরাফেরা করছে। ভয়ে তা প্রকাশ্যে বলতে পারছি না। বললে হয়তো আবার অন্যদিকে ক্ষতি করবে। কিন্তু তাই বলে কি আমরা বিচার পাব না?’ এমন প্রশ্ন লোহাগাড়ায় গত এক মাসে দুর্বৃত্তের হাতে পর পর তিন নিহত ব্যক্তির স্বজনদের একজনের। তাঁর মতে, পুলিশ আন্তরিক হলে হত্যাকাণ্ডগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পারত।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লোহাগাড়া উপজেলায় গত এক মাসে দুর্বৃত্তের হামলায় তিন ব্যক্তি খুন হন। তিনজনই অসহায়-দরিদ্র পরিবারের সন্তান। তাঁরা হলেন লোহাগাড়া বার আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান, পদুয়া ফরিয়াদিকূল হানিফারপাড়া জামে মসজিদের ইমাম আবদুল মান্নান ও সুখছড়ি দরবার শরিফ বাজারের নৈশপ্রহরী সুদর্শন কান্তি নাথ।
বাদীপক্ষের অভিযোগ, এসব ঘটনায় দায়ী ব্যক্তিদের কেউ কেউ চিহ্নিত হলেও তারা গ্রেপ্তার হচ্ছে না এবং পুলিশের তদন্তের অগ্রগতিও সন্তোষজনক নয়।
তবে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা জানান, রাজনৈতিক কারণে সৃষ্ট অস্থিরতার দিকে মনোযোগ দিতে গিয়ে এসব হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কিছুটা দেরি হচ্ছে।
জানা যায়, গত ১১ নভেম্বর রাতে ছাত্রলীগের নেতা মাহবুবুর রহমান নিজ বাড়িতে যাওয়ার সময় সন্ত্রাসীরা তাঁকে জবাই করে হত্যা করে। এ ঘটনায় মাহবুবের মা জেসমিন আক্তার ১২ জনকে আসামি করে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন। জেসমিন আক্তার জানান, আসামিরা এলাকায় রয়েছে। কিন্তু পুলিশ আসামি আরিফুর রহমান ও সন্দেহভাজন মো. রুবেলকে গ্রেপ্তার করলেও অন্য আসামিরা এখনো ধরা পড়েনি। এ মামলার আসামিরা সবাই স্থানীয় জামায়াত-শিবিরের নেতা-কর্মী বলে জানা গেছে। ঘটনার পর থেকে ছেলের শোকে দিশেহারা জেসমিন বর্তমানে অসুস্থ হয়ে পড়েছেন।
গত ১৮ নভেম্বর ভোরে হানিফাপাড়া জামে মসজিদের ইমাম আবদুল মান্নানকে মাথায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মান্নানের স্ত্রী আয়েশা বেগম ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। আয়েশা বেগম বলেন, ‘আমার স্বামী মাত্র তিন হাজার টাকা মাসিক বেতনে মসজিদে চাকরি করত। পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধকে ঘিরে তার আত্মীয়স্বজন এ হত্যাকাণ্ড ঘটায়। আসামিরা এলাকায় থাকলেও পুলিশ তাদের ধরছে না। বর্তমানে ছেলেমেয়ে নিয়ে আমি খুব কষ্টে দিন যাপন করছি।’ জানা গেছে, এ ঘটনায় পুলিশ আসামি মো. টিপু ও সন্দেহভাজন সজল দাশ নামের দুই ব্যক্তিকে আটক করেছে।
সর্বশেষ ৩ ডিসেম্বর রাতে সুখছড়ি দরবার শরিফ বাজারের নৈশপ্রহরী সুদর্শন কান্তি নাথকে খুন করে দুর্বৃত্তরা। পরদিন ভোরে দোকানিরা দোকান খুলতে গিয়ে পার্শ্ববর্তী পরিত্যক্ত জমিতে সুদর্শনের লাশ দেখতে পান। সুদর্শনের স্ত্রী অঞ্জলী বালা দেবী বলেন, ‘আমরা খুবই গরিব। স্বামীর মৃত্যুর পর ছেলেমেয়েদের ঠিকমতো খাবারও দিতে পারছি না।’ সুদর্শন হত্যার ব্যাপারে তাঁর ভাই সুজিত মোহন নাথ বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান জানান, বর্তমানে রাজনৈতিক অস্থিরতার কারণে পুলিশ একটু ব্যস্ত রয়েছে। তাই বলে হত্যাকাণ্ড ঘটিয়ে কেউ পার পাবেন না। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।