ঢিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সময়টা ছিল গ্রীষ্মকাল। আম-কাঁঠালের মৌসুম। স্কুল থেকে বন্ধুরা দল বেঁধে ফিরতাম আর রাস্তার ধারঘেঁষা বাড়িগুলোর মধ্যে কোন গাছে কী পরিমাণ আম ধরেছে, সেগুলো নিয়ে নানা জল্পনাকল্পনা করতাম। সারাক্ষণ মাথায় ঘুরত কীভাবে আম খাওয়া যায়। কিন্তু সব কটি গাছই বাড়ির ভেতরের দিকে হওয়ায় আমাদের কোনো পরিকল্পনাই কাজে লাগছিল না।
এর মধ্যে একদিন সাহস করে দিলাম গাছে একটা ঢিল। আমগাছের পাশেই আরেকটি কাঁঠালগাছে ছিল অনেক বড় একটি মৌচাক। ঢিলটি সোজা গিয়ে লাগল মৌচাকে। সঙ্গে সঙ্গে যা হওয়ার তা-ই হলো। মুহূর্তেই আসন্ন বিপদ টের পেয়ে দিলাম দৌড়।
এদিকে দুদিন পরেই আমাদের এলাকায় একটি বড় রাজনৈতিক জনসভা হওয়ার কথা। এলাকাজুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। আমাদের বিক্ষিপ্ত দৌড়াদৌড়ি দেখে রাস্তার মোড়ে দাঁড়ানো টহল পুলিশের কয়েকজন সদস্য আমাদের গতিরোধ করলেন। আমরা পড়ে গেলাম আরেক বিপদে। ইতিমধ্যে ওই বাড়ি থেকে কয়েকজন লোকও বেরিয়ে এসেছে কে ঢিল ছুড়েছে, তার খোঁজে। কোনো উপায় না দেখে পুলিশ আঙ্কেলের কাছে আমাদের সব কথা খুলে বললাম। আঙ্কেল প্রথমে একটা ধমক দিলেন। বুঝিয়ে বললেন এমন কাজ যেন আর কখনো না করি। তারপর মিষ্টি একটি হাসি দিয়ে আমাদের ছেড়ে দিলেন।
ফজলে রাব্বি
শাহজাহানপুর, ঢাকা।