ঢিলেঢালা হরতাল
চট্টগ্রামে বিএনপি ও জামায়াতের ডাকে ঢিলেঢালাভাবে ৩৬ ঘণ্টার হরতাল কর্মসূচি পালিত হয়েছে। আগের সপ্তাহে, অর্থাৎ ৫ জুনের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালনের সময় বিএনপির শত শত নেতা-কর্মী স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমে রাজপথ চাঙা রাখতে সক্ষম হয়েছিলেন। এবারের টানা ৩৬ ঘণ্টার হরতালে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সেভাবে মাঠে নামতে দেখা যায়নি। বরং ভ্রাম্যমাণ আদালত কার্যকর থাকায় নেতা-কর্মীরা বিক্ষিপ্তভাবে মিছিল-সমাবেশের চেষ্টা করেন। তবে সব জায়গায় পুলিশের ধাওয়া খেয়ে তাঁরা পিছু হটতে বাধ্য হন। এ অবস্থায় তাঁদের তৎপরতা বিশেষ করে দলীয় কার্যালয় এলাকায় সীমাবদ্ধ ছিল। এ ছাড়া গতকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহন চলাচলও উল্লেখযোগ্য হারে বেড়ে যায়।গতকাল সকালে হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ নগরের লালখান বাজার থেকে এক পিকেটারকে গ্রেপ্তার করেছে। এর আগে রোববার দিবাগত রাতে আরও তিন পিকেটার গ্রেপ্তার করা হয়। পুলিশের এ রকম তৎপরতার কারণে বিএনপি ও জামায়াতের কর্মীরা সেভাবে মাঠে নামতে পারেনি। আগের দিন রোববারের চেয়ে গতকাল বেশিসংখ্যক হাল্কা যানবাহন চলাচল করেছে। বড় বড় বিপণিকেন্দ্র বন্ধ থাকলেও বেশির ভাগ দোকানপাট খোলা ছিল। দূরপাল্লার কোনো গাড়ি চলাচল করেনি। তবে স্বল্পসংখ্যক যাত্রী নিয়ে ট্রেনগুলো গন্তব্যে যাত্রা করেছে। দলীয় সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালতের দণ্ড এড়াতে বিএনপির নেতা-কর্মীরা এবারের হরতালে স্বতঃস্ফূর্তভাবে মাঠে নামতে পারেননি। চট্টগ্রাম জেলা প্রশাসন চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। হরতালের প্রথম দিনে ভ্রাম্যমাণ আদালতে বিএনপির ১৫ কর্মীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১৩ মহিলা কর্মীর জরিমানা হয়। এ কারণে নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল সকালের দিকে শহরতলির অক্সিজেন মোড়ে বিএনপি সমাবেশ করে। এ সময় পুলিশের সঙ্গে কর্মী-সমর্থকদের সংঘর্ষ বেধে যায়। পুলিশ লাঠিপেটা করে কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘পুলিশ আমাদের কর্মীদের রাস্তায় নামতে দিচ্ছে না। যাঁরা মিছিল-সমাবেশে অংশ নিচ্ছিলেন তাঁদের গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হচ্ছে। সরকার এভাবে দমন-পীড়ন চালিয়ে আন্দোলন থামাতে পারবে না। বরং তা নগরের সর্বত্র ছড়িয়ে পড়বে।’ প্রশাসন সূত্র জানায়, হরতালে ভাঙচুর তথা নৈরাজ্য এড়াতে ভ্রাম্যমাণ আদালত গঠন হয়েছে। এবারের হরতাল কর্মসূচিতে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ফয়েজ আহম্মদ ১১ জুন এক আদেশে ভ্রাম্যমাণ আদালতগুলো গঠন করেন।